মশা মারা বা কামড় এড়িয়ে চলার বদলে মশার শরীরে ক্ষতিহীন ব্যাকটেরিয়া প্রবেশ করিয়ে ডেঙ্গু ঠেকানোর নতুন এক পদ্ধতিতে সফল পরীক্ষা চালিয়েছেন ব্রাজিলের বিজ্ঞানীরা।
বিশ্বের অন্যতম ডেঙ্গুপ্রবণ দেশ ব্রাজিলের কয়েক হাজার শিশুর ওপর চালানো বড় একটি গবেষণার আশাব্যঞ্জক ফল শনিবার এক আন্তর্জাতিক সম্মেলনে তুলে ধরেন গবেষকেরা। এর আগে গবেষক দলটি 'উলবাচিয়া' নামের প্রাকৃতিক একধরনের ব্যাকটেরিয়াবাহী লাখ লাখ মশা প্রকৃতিতে ছেড়েছিল। বিশেষভাবে প্রস্তুত করা এসব মশার শরীরে ডেঙ্গুর মতো ভাইরাস সহজে বাড়তে পারে না। পরীক্ষায় দেখা গেছে, এতে ডেঙ্গু সংক্রমণ ৬৮ দশমিক ৫ শতাংশ কমেছে।
মানুষের শরীরে মশাবাহিত রোগ ছড়ানো ঠেকাতে মশার বৈশিষ্ট্য বদলে দেওয়ার এটিই সর্বশেষ উদ্যোগ। এমন সময়ে এই গবেষণার ফল প্রকাশ করা হলো, যখন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য ডেঙ্গুর প্রকোপ সামাল দিতে হিমশিম খাচ্ছে—যা ১৯৪০-এর দশকের পর দেশটিতে সবচেয়ে বড় প্রাদুর্ভাবগুলোর একটি বলে ধারণা করা হচ্ছে।
একজন বিশেষজ্ঞ ও বোস্টন বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক স্বাস্থ্যবিষয়ক গবেষক ডেভিড হ্যামার বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেন, 'এটি সত্যিই দারুণ আশাব্যঞ্জক।'
হ্যামারের পূর্বাভাস, উলবাচিয়াবাহী মশা আরও বেশি ব্যবহার করা হলে অনেক এলাকাতেই ডেঙ্গুর প্রকোপ 'অনেক নিচে নামিয়ে আনা' সম্ভব হবে।
গবেষণাটিতে কী করা হয়েছে?
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়, যুক্তরাষ্ট্রের এমোরি ও ইয়েল বিশ্ববিদ্যালয় এবং ইউএস ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের গবেষকদের একটি আন্তর্জাতিক দল ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দক্ষিণ-পূর্ব ব্রাজিলের বেলো হরিজন্তে শহরে এই গবেষণা চালায়। বিজ্ঞানীরা এডিস ইজিপ্টি মশার শরীরে 'উলবাচিয়া' নামের প্রাকৃতিক একধরনের ব্যাকটেরিয়া প্রবেশ করান। এই ব্যাকটেরিয়া মানুষের কোনো ক্ষতি করে না, কিন্তু মশার ভাইরাস ছড়ানোর ক্ষমতা অনেকটাই কমিয়ে দেয়। প্রায় ৫০ শতাংশ পোকামাকড়ের শরীরে এই ব্যাকটেরিয়া থাকলেও ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা ও পীতজ্বর (ইয়েলো ফিভার) ছড়ানো এডিস ইজিপ্টি মশার দেহে এটি প্রাকৃতিকভাবে থাকে না।
গবেষকেরা এরপর ব্যাকটেরিয়াবাহী মশাগুলো পরিবেশে ছেড়ে দেন এবং পরে দৈবচয়নের ভিত্তিতে ৫ হাজার ৭০০ শিশুর শরীরে ডেঙ্গুর উপসর্গ পরীক্ষা করেন। এসব শিশুর মধ্যে যেমন বিশেষ মশা ছাড়া এলাকার বাসিন্দা ছিল, তেমনি কীটনাশকের মতো সাধারণ ব্যবস্থা নেওয়া এলাকার শিশুরাও ছিল। উপসর্গহীন রোগী খুঁজে বের করতে গবেষকেরা মশা, এঁটেল পোকা (টিক) ও বেলেমাছি (স্যান্ডফ্লাই) বাহিত আরও কিছু রোগের পরীক্ষাও চালান। ফলাফলে দেখা যায়, যেসব এলাকায় উলবাচিয়াবাহী মশা ছাড়া হয়েছিল, সেখানে নিয়মিত রক্ত পরীক্ষার মাত্র ৪ শতাংশ পজিটিভ এসেছে; অথচ অন্য এলাকায় এই হার ছিল ১৪ শতাংশ। গবেষণায় দেখা গেছে, এই পদ্ধতিতে ডেঙ্গু সংক্রমণ ৬৮ দশমিক ৫ শতাংশ এবং চিকুনগুনিয়া সংক্রমণ ৭৩ দশমিক ৩ শতাংশ কমেছে।
বিশ্বজুড়ে মোট ডেঙ্গু রোগীর প্রায় এক-দশমাংশই ব্রাজিলে শনাক্ত হয়, যা বিশ্বে সর্বোচ্চ হারের অন্যতম। গবেষণার সময় ঘনবসতিপূর্ণ বেলো হরিজন্তে শহরটি ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ডেঙ্গু প্রাদুর্ভাবের মধ্য দিয়ে যাচ্ছিল—যা উলবাচিয়া পদ্ধতির কার্যকারিতাকে আরও স্পষ্টভাবে প্রমাণ করে।
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে আমেরিকান সোসাইটি অব ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড হাইজিনের এক সভায় এই গবেষণার ফল তুলে ধরা হয়।
এটিই কি উলবাচিয়ার প্রথম ব্যবহার?
না। ওয়ার্ল্ড মসকিটো প্রোগ্রাম (ডব্লিউএমপি) তাদের চলমান 'উলবাচিয়া মসকিটো রিলিজ প্রজেক্ট'-এর মাধ্যমে প্রথম এই পদ্ধতি চালু করেছিল।
২০০০-এর দশকের মাঝামাঝি সময় থেকে চলা এই প্রকল্পটি মূলত কলম্বিয়ার আবুরা ভ্যালি ও ব্রাজিলের নিটেরোই শহরের মতো এলাকাগুলোতে কাজ করেছে, যেখানকার মোট জনসংখ্যা প্রায় ৪৫ লাখ। সংস্থাটি জানিয়েছে, সেখানকার প্রায় ১০ লাখ মানুষের ওপর চালানো পর্যবেক্ষণে ডেঙ্গু সংক্রমণ ৯২ শতাংশ কমে এসেছে। গবেষকেরা বলেছেন, এই পদ্ধতিটি নিজে থেকেই টিকে থাকতে পারে এবং ধোঁয়া বা স্প্রে ছিটানোর চেয়ে অনেক বেশি পরিবেশবান্ধব।কারণ স্প্রে ছিটানো যেমন ব্যয়বহুল, তেমনি পরিবেশের জন্য ক্ষতিকরও।
সিঙ্গাপুরে কর্তৃপক্ষ ২০১৬ সাল থেকে উলবাচিয়া-নির্ভর মশার বংশবিস্তার নিয়ন্ত্রণ পদ্ধতি কাজে লাগাচ্ছে। এর আওতায় ব্যাকটেরিয়াবাহী পুরুষ মশা প্রকৃতিতে ছাড়া হয়, যাতে তারা শহরের সাধারণ স্ত্রী মশার সঙ্গে মিলিত হতে পারে। এর ফলে স্ত্রী মশা যে ডিম পাড়ে, তা থেকে আর বাচ্চা ফোটে না।
বিজ্ঞানীদের মূল লক্ষ্য হলো গবেষণার এলাকাগুলোতে উলবাচিয়াবাহী মশার স্থানীয় একটি দল গড়ে তোলা। ডব্লিউএমপির প্রকল্পে বিজ্ঞানীরা স্থানীয় সমাজনেতাদের সঙ্গে কাজ করে পূর্ণবয়স্ক মশা ছেড়েছেন অথবা খাবার নেওয়ার বাক্সে (টেকঅ্যাওয়ে বক্স) মশার ডিম রেখেছেন—এই আশায় যে সেগুলো বড় হয়ে স্থানীয় মশার সঙ্গে মিশে যাবে। গবেষকদের বিশ্বাস, সময়ের সঙ্গে সঙ্গে উলবাচিয়াবাহী মশা বংশবিস্তার করবে এবং পরিবেশে স্থায়ী হয়ে যাবে।
রোগ দমনে আর কোথায় মশা ব্যবহার করা হয়েছে?
মশা,বিশেষ করে স্ত্রী অ্যানোফিলিস মশা—ম্যালেরিয়াও ছড়ায়। আফ্রিকার দেশগুলোতে এই রোগ বেশ প্রকট এবং প্রাণঘাতী ম্যালেরিয়ায় শিশু ও অন্তঃসত্ত্বা নারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। ২০২৪ সালে নেদারল্যান্ডসের লিডেন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টার ও র্যাডবাউড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এমনভাবে মশার বৈশিষ্ট্য বদলে দেন, যাতে মশাই ম্যালেরিয়ার বিরুদ্ধে রোগ প্রতিরোধক্ষমতা তৈরির টিকা পৌঁছে দিতে পারে।
এ জন্য তাঁরা মশার শরীরে ম্যালেরিয়ার পরজীবী 'প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম'-এর একটি পরিবর্তিত ধরন প্রবেশ করান। মানুষের শরীরে সবচেয়ে মারাত্মক ম্যালেরিয়ার জন্য এই পরজীবীই দায়ী।
মশার কামড়ের মাধ্যমে এই পরজীবী মানুষের শরীরে ঢোকে। রক্ত শুষে নেওয়ার আগে মশা তার সুচের মতো লম্বা মুখ দিয়ে ত্বক ফুটো করে রক্তে লালা মিশিয়ে দেয়। এই লালা রক্ত জমাট বাঁধতে দেয় না এবং কামড়ের ব্যথাও কমিয়ে রাখে। লালায় থাকা পরজীবীগুলো সরাসরি যকৃতে (লিভার) গিয়ে দ্রুত বংশবিস্তার করে এবং লোহিত রক্তকণিকাকে ম্যালেরিয়ায় আক্রান্ত করে।
পরীক্ষায় গবেষকেরা যকৃতের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে ম্যালেরিয়া ছড়ানোর এই স্বাভাবিক প্রক্রিয়াটিই কাজে লাগান। একটি দলের ৮০ শতাংশ অংশগ্রহণকারীর শরীরে রোগ প্রতিরোধক্ষমতা তৈরি হলেও মাত্র ২০ জনের ওপর চালানো এই পরীক্ষাটিকে সার্বিক সিদ্ধান্তের জন্য খুবই ছোট বলে মনে করা হয়। সংশ্লিষ্ট বিজ্ঞানীরা জানান, দীর্ঘ মেয়াদে প্রচলিত টিকার চেয়ে এই পদ্ধতি বেশি টেকসই হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
একইভাবে ২০২২ সালে যুক্তরাষ্ট্রের গবেষকেরা ২৬ জন অংশগ্রহণকারীর ওপর চালানো একটি ছোট পরীক্ষায় এই পদ্ধতি ব্যবহার করেন এবং এটি ৫০ শতাংশ কার্যকর বলে দেখতে পান।
অন্যদিকে ২০১০ সালে জাপানের বিজ্ঞানীরা বেলেমাছির (স্যান্ডফ্লাই) মাধ্যমে ছড়ানো পরজীবীজনিত রোগ 'লেইশম্যানিয়াসিস'-এর টিকা বহনের জন্য মশার বৈশিষ্ট্য বদলে দিয়েছিলেন। এই 'উড়ন্ত টিকাদাতা' মশার কামড়ে ইঁদুরজাতীয় প্রাণীর শরীরে ওই পরজীবীর বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হয়েছিল।
সূত্র : দ্য বিজনেস স্ট্যান্ডার্ড