সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে আবারও ইরান থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স' (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় এ তথ্য জানিয়েছে তারা।
মন্ত্রণালয় জানায়, ইরান থেকে আমিরাতের দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর মধ্যে একটি আমিরাতের আঞ্চলিক জলসীমার বাইরে এবং অন্যটি আঞ্চলিক জলসীমার ভেতরে গিয়ে পড়ে।
এর আগে, সন্ধ্যায় আমিরাতের বাসিন্দাদের মোবাইলে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তা পাঠানো হয়। এতে নিকটস্থ নিরাপদ ভবনে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিছুক্ষণ পরই সতর্কতা প্রত্যাহার করা হয়।
উল্লেখ্য, কয়েক মাসের মধ্যে আমিরাতে এ ধরনের প্রথম সতর্কতা এটি। এর আগে জুনে একটি ভুয়া সতর্কতা জারি হয়েছিল। জুলাইয়েও ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা দেওয়া হলেও পরে জানা যায়, ওই হামলা আমিরাতের ভূখণ্ডে প্রবেশ করেনি। এর আগে সর্বশেষ ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি হয়েছিল মে মাসের শুরুতে।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের দিকে আসা ক্ষেপণাস্ত্রের হুমকি শনাক্ত করা হয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে তারা।
ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর পর আমিরাতও ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। তবে জুনের মাঝামাঝি যুদ্ধবিরতি ও যুদ্ধ বন্ধে একটি কাঠামোগত চুক্তি হওয়ার পর তেহরান হামলা বন্ধ করে। পরে ওই চুক্তি ভেঙে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবার সংঘাত শুরু হলে কুয়েত, বাহরাইন ও জর্ডানসহ কয়েকটি প্রতিবেশী দেশেও ইরান হামলা চালিয়েছে।