মনিরুল ইসলাম: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে আর কোনো পরিবর্তন আসছে না। নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় তফসিল অনুযায়ী আগামী বৃহস্পতিবার ২০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ফলে এবার রাষ্ট্রপতি পদে মুখোমুখি লড়াই হবে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী অলি আহমদের মধ্যে।
আজ মঙ্গলবার ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল। সময়সীমা শেষে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, দুই প্রার্থীর কেউই তাদের প্রার্থিতা প্রত্যাহার করেননি। এতে করে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।
ইসি সচিব জানান, আগামী বৃহস্পতিবার বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন ব্যালট পেপার প্রস্তুত করা হবে এবং ভোটগ্রহণ শুরুর আগে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সংসদ সদস্যদের ভোটদানের পদ্ধতি সম্পর্কে ব্রিফ করবেন।
ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, ব্যালট পেপার দুই অংশে বিভক্ত থাকবে—একটি ‘মুড়ি’ অংশ এবং অপরটি মূল ব্যালট অংশ। মুড়ি অংশে থাকবে ক্রমিক নম্বর, সংসদ সদস্যের নাম ও বিভক্তি নম্বর। ভোটার সংসদ সদস্যরা স্বাক্ষর করে ব্যালট গ্রহণ করবেন। ব্যালটের ডান পাশে প্রার্থীদের নাম বাংলা বর্ণানুক্রম অনুযায়ী সাজানো থাকবে এবং নির্ধারিত স্থানে স্বাক্ষরের মাধ্যমে ভোট প্রদান করতে হবে। ভোট শেষে ব্যালট পেপার নির্দিষ্ট ব্যালট বাক্সে জমা দেওয়া হবে।
তিনি আরও জানান, বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই সংসদ কক্ষেই ব্যালট গণনা শুরু হবে এবং সেখানেই ফলাফল ঘোষণা করা হবে। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করা হবে।
বর্তমানে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনসহ মোট সদস্য সংখ্যা ৩৫০। তবে আদালতের রায়ে বিএনপির সংসদ সদস্য আসলাম চৌধুরীর সদস্যপদ বাতিল হওয়ায় এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৯ জন।
রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর মধ্যে এই লড়াই দেশের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।