ছয় মাসে বিএনপি সরকার আটটি খাতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ছয় মাস পূর্তিতে এই মূল্যায়ন তুলে ধরেছে বিরোধী দল। রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে মঙ্গলবার সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়া বলেছেন, মৌলিক ও জনগুরুত্বপূর্ণ ক্ষেত্রে সরকারের ব্যর্থতা ছয় মাসে স্পষ্ট হয়ে উঠেছে।
সরকার কোন কোন খাতে ব্যর্থ তা লিখিত বক্তব্যে তুলে ধরেন জামায়াত সেক্রেটারি জেনারেল। বিরোধী দলের মতে ব্যর্থতাগুলো হল; গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে দৃশ্যমান অনীহা, ভয়াবহ গ্যাস-জ্বালানি সংকট মোকাবিলায় কার্যকর পরিকল্পনার অভাব, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের চাপ, ব্যাংকিং খাতে আস্থার সংকট, প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণ, গুম প্রতিরোধ আইনে উদ্বেগজনক ফাঁক এবং পররাষ্ট্রনীতিতে কৌশলগত দুর্বলতা।
গোলাম পরওয়ার বলেছেন, এই বিষয়গুলোকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। এগুলো সরকারের প্রথম ছয় মাসের রাষ্ট্র পরিচালনার সক্ষমতা, অগ্রাধিকার ও রাজনৈতিক সদিচ্ছা সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছে।
আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে অভিযোগ করে গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের বড় বড় আমলা, সচিবরা এখন প্রমোশন পাচ্ছেন। বিভিন্ন জায়গায় নিয়োগ পাচ্ছেন। বর্তমান সরকারের প্রশ্রয়ে সব জায়গায় আবার মাথা উঁচু করে দাঁড়াচ্ছেন তারা। তাতে বোঝা যাচ্ছে একদলীয় শাসন এবং আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের ষড়যন্ত্র শুরু হয়েছে।
সরকারের ব্যর্থতার খতিয়ান তুলে ধরতে গিয়ে জামায়াত সেক্রেটারি জেনারেল গণভোটের রায় বাস্তবায়ন না করাকে প্রতিশ্রুতি ভঙ্গ বলে আখ্যা দেন। তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি জুলাই সনদের ভিত্তিতে গণভোটের রায় বাস্তবায়নের কথা বললেও ক্ষমতায় এসে এ বিষয়ে নেতিবাচক অবস্থান নিয়েছে। নির্বাচিত সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালনের কথা থাকলেও সেই কাঠামো কার্যকর হয়নি। জুলাই সনদের প্রধানমন্ত্রী পদের মেয়াদ সীমিতকরণ, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার ও শক্তিশালী স্থানীয় সরকারসহ গুরুত্বপূর্ণ সংস্কারও বাস্তবায়ন হয়নি।
গ্যাস ও জ্বালানি সংকট নিয়েও সরকারের কঠোর সমালোচনা করেন জামায়াত সেক্রেটারি। তিনি বলেন, প্রতিদিন গ্যাসের চাহিদার তুলনায় প্রায় ১০০ কোটি ঘনফুট গ্যাসের ঘাটতি রয়েছে। এতে শিল্পকারখানায় উৎপাদন ৪০ শতাংশ পর্যন্ত কমেছে। প্রায় ২০টি কারখানা বন্ধ হয়েছে। ২০ হাজার শ্রমিক ছাঁটাই হয়েছে।
মধ্যপ্রাচ্যের সংঘাত দুর্বলতা আরও স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেন গোলাম পরওয়ার। তিনি বলেছেন, কাতার থেকে সরবরাহ ব্যাহত হওয়া, আমদানির্ভরতার পরও বিকল্প উৎস থেকে গ্যাস আনা, দেশীয় গ্যাস অনুসন্ধান, কৌশলগত ফুয়েল রিজার্ভ, নবায়নযোগ্য জ্বালানি এবং জরুরি পরিস্থিতিতে শিল্প ও বিদ্যুৎ সরবরাহের অগ্রাধিকার পূর্ণাঙ্গ পরিকল্পনা নেই সরকারের।
দলীয়করণকে সরকারের তৃতীয় ব্যর্থতা বলে আখ্যা দিয়েছে বিরোধী দল। গোলাম পরওয়ার বলেছেন, মেধা, দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসে ছয় মাসে প্রশাসন, বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয় বিবেচনায় নিয়োগ চলছে। একসঙ্গে ১১টি সরকারি প্রতিষ্ঠান ও সংস্থার শীর্ষ পদে বিএনপি নেতাদের নিয়োগ দিয়েছে। নির্বাচন কমিশনে দলীয় নিয়োগ দেওয়া হয়েছে।
সরকারের ছয় মাসে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে বলে দাবি করেছে জামায়াত। দলটির সেক্রেটারি বলেছেন, সরকারের প্রথম ১১০ দিনে ৬০৫ খুন হয়েছে। ডাকাতি, অপহরণ, চুরি, নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণ বেড়েছে। একই সময়ে দেশজুড়ে ৬৯ থেকে ৮০টি মব সহিংসতায় ৩১ থেকে ৪২ জন নিহত হয়েছেন। রাজনৈতিক সংঘর্ষ, দখল, চাঁদাবাজি ও সহিংসতায় ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও অঙ্গসংগঠনের নাম আসছে।
পররাষ্ট্রনীতিতে সরকারের কৌশলগত ব্যর্থতা রয়েছে বলে দাবি করেছে জামায়াত। ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি ঘোষণা করে ক্ষমতায় আসা বিএনপির দুর্বলতা স্পষ্ট বলে মন্তব্য করে গোলাম পরওয়ার বলেছেন, শেখ হাসিনার প্রত্যর্পণসহ অমীমাংসিত বিষয়গুলোতে দৃশ্যমান অগ্রগতি হয়নি। ১৬ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়কেই বলতে হয়েছে প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য সহায়ক পরিবেশ প্রয়োজন। রোহিঙ্গা সংকটেও প্রত্যাবাসনের বাস্তব অগ্রগতি নেই। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে পররাষ্ট্রনীতির দুর্বলতা স্পষ্ট বোঝা গেছে।
সরকারের ছয় মাসে দ্রব্যমূল্যের চাপে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা সংকুচিত হয়েছে বলে দাবি করেন গোলাম পরওয়ার। তিনি বলেছেন, গত জুনে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১৬ শতাংশ। যা আগের বছরের একই মাসে ছিল ৮ দশমিক ৪৮ শতাংশ। ফলে মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা কমছে, কিন্তু বাজারে সেই অনুপাতে স্বস্তি ফিরছে না।
ব্যাংক আস্থা নেই বলে অভিযোগ করেছে জামায়াত। গোলাম পরওয়ার বলেছেন, ব্যাংকিং খাতের বর্তমান সংকট দীর্ঘদিনের, তা স্বীকার করি। কিন্তু সরকারের প্রথম ছয় মাসেও খেলাপি ঋণ, দুর্বল ব্যাংকের তারল্য সংকট, আস্থাহীনতা এবং উচ্চ সুদের চাপ থেকে বের হওয়ার দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। বেসরকারি খাতে ঋণপ্রবাহ দুর্বলতা এবং মূলধনী যন্ত্রপাতি ও এলসি খোলা আগের বছরের তুলনায় ২০-৩০ শতাংশ কমে যাওয়া বিনিয়োগ ও কর্মসংস্থানের জন্য উদ্বেগজনক। ইসলামী ব্যাংকে সরকারদলীয় হস্তক্ষেপ ব্যাংকিং খাতকে আরও অস্থিতিশীল করে তুলেছে। সবচেয়ে বড় ব্যাংক ডাকাতকে বাঁচাতে গভর্নরের নির্দেশে আইনজীবী পরিবর্তনে বাধ্য করা হয়েছে।
গুম প্রতিরোধ আইন নমনীয় করাকে সরকারের ব্যর্থতা বলে আখ্যা দিয়েছে জামায়াত। গোলাম পরওয়ার বলেছেন, জাতিসংঘের বিশেষজ্ঞরা আইনের খসড়াটির কয়েকটি বিধান নিয়ে আনুষ্ঠানিক উদ্বেগ জানিয়েছে। গুম প্রতিরোধের নামে এমন কোনো আইন হতে পারে না, যেখানে গোপন আটক বা অস্বীকৃত হেফাজতে সামান্য সুযোগও থেকে যায়।
গণভোটের রায় বাস্তবায়নে রোডম্যাপ, জ্বালানি নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা, প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় প্রভাবমুক্ত করা, আইনশৃঙ্খলার উন্নতিতে ক্ষমতাসীন দলের পরিচয়ে কাউকে সুবিধা না দেওয়া, পূর্ণাঙ্গ কূটনৈতিক নীতি প্রণয়ন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা রক্ষায় জরুরি পদক্ষেপ, ব্যাংকিং খাতে শৃঙ্খলা, গুম প্রতিরোধ আইন করাসহ আট দফা দাবি জানিয়েছে জামায়াত। শিক্ষকদের রাজনীতি থেকে বিরত রাখা এবং এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকদের নির্বাচনে অযোগ্য করার সিদ্ধান্তেরও সমালোচনা করেছে।
সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, হামিদুর রহমান আযাদ, আব্দুল হালিম, নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।