শিরোনাম
◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

প্রকাশিত : ১৩ মে, ২০২৬, ০৭:৫৯ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারাগারে নির্যাতনে এক চোখের দৃষ্টি হারিয়েছেন ইমরান: পিটিআই

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরান-ই-ইনসাফ (পিটিআই) এর প্রতিষ্ঠাতা ইমরান খান কারাগারে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন। এর ফলে তিনি এক চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক সালমান আকরাম রাজা। 

বুধবার (১৩ মে) ইসলামাবাদের সুপ্রিম কোর্টের বাইরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই বিস্ফোরক তথ্য প্রকাশ করেন। রাজা অভিযোগ করেন, ইমরান খান বর্তমানে কারাগারে গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন এবং গত এক হাজার দিন ধরে তাকে মৌলিক সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করে বন্দি করে রাখা হয়েছে।

পিটিআই নেতার এই দাবি এমন এক সময়ে এলো যার মাত্র কয়েকদিন আগে গত ২৮ এপ্রিল পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে (পিমস) ইমরান খানের চোখে চতুর্থবারের মতো ‘ইন্ট্রাভিট্রিয়াল ইনজেকশন’ দেওয়া হয়েছিল। 

এর আগে সুপ্রিম কোর্টে জমা দেওয়া একটি প্রতিবেদনে জানানো হয়েছিল যে ইমরান খান ‘সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন’ নামক চোখের একটি জটিল সমস্যায় ভুগছেন। এই রোগে চোখের রেটিনা থেকে রক্ত সঞ্চালনকারী প্রধান শিরাটি অবরুদ্ধ হয়ে পড়ে, যা সাধারণত উচ্চ রক্তচাপ বা হৃদরোগের মতো সমস্যার সাথে সম্পৃক্ত।

Advertisement

সংবাদ সম্মেলনে সালমান আকরাম রাজা আরও অভিযোগ করেন, কারাগারের ভেতরে ন্যায়বিচারের সমস্ত পথ রুদ্ধ করে দেওয়া হয়েছে। আদালতের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির সাথে দেখা করার সুযোগ অত্যন্ত সীমিত করে দেওয়া হয়েছে। এমনকি প্রয়োজনীয় আইনি নথিপত্রে স্বাক্ষর করার ক্ষেত্রেও বাধা সৃষ্টি করা হচ্ছে। 

রাজা দাবি করেন, ইমরান খানের বোনদেরও তার সাথে দেখা করতে দেওয়া হচ্ছে না এবং শুধুমাত্র সরকারের পছন্দমতো কিছু নির্দিষ্ট ব্যক্তিকেই তার সাথে সাক্ষাতের অনুমতি দেওয়া হচ্ছে।

দেশের বর্তমান রাজনৈতিক ও বিচার বিভাগীয় পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে পিটিআই নেতা বলেন, বর্তমানে পাকিস্তানে ব্রিটিশ আমলের চেয়েও বেশি কড়াকড়ি আরোপ করা হয়েছে। বুশরা বিবির বিরুদ্ধে তোশাখানা মামলাসহ বিভিন্ন মিথ্যা মামলা সাজানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন। 

রাজা অভিযোগ করেন, দেশটির বিচার বিভাগকে দুর্বল করে ফেলা হয়েছে এবং স্বাধীনচেতা বিচারকদের শাস্তিস্বরূপ অন্য প্রদেশে বদলি করা হচ্ছে। সবশেষে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আইনি লড়াইয়ের সব পথ সংকুচিত হয়ে আসায় পিটিআই এখন জনগণের কাছে এই পরিস্থিতির বিচার নিয়ে যাবে। সূত্র: জিও নিউজ।

 

  • সর্বশেষ