শিরোনাম

প্রকাশিত : ১৩ মে, ২০২৬, ০৭:৪৯ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৬, ১১:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের সবচেয়ে বড় গাড়ি পরিবহন জাহাজ বানালো চীন

গাড়ি পরিবহনের জন্য বিশ্বের সবচেয়ে বড় সামুদ্রিক জাহাজ তৈরির কাজ শেষ করেছে চীনের গুয়াংজু শিপইয়ার্ড ইন্টারন্যাশনাল। ২৩০ মিটার দীর্ঘ এবং ৪০ মিটার প্রস্থের এই বিশাল ধাতব দানবটি একসঙ্গে ১০ হাজার ৮০০টি যানবাহন পরিবহন করতে সক্ষম। এই জাহাজে সাধারণ গাড়ির পাশাপাশি ইলেকট্রিক ভেহিক্যাল (ইভি), হাইড্রোজেনচালিত যান এবং ভারী ট্রাকও পরিবহন করা যাবে।

দক্ষিণ কোরীয় গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান হুন্দাইয়ের জন্য নির্মিত এই জাহাজটির নাম রাখা হয়েছে ‘গ্লোভিস লিডার’। এটি একটি পিওর কার অ্যান্ড ট্রাক ক্যারিয়ার (পিসিটিসি)। চায়না স্টেট শিপবিল্ডিং কর্পোরেশনের (সিএসএসসি) অধীনে থাকা গুয়াংজু শিপইয়ার্ড ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড এবং চায়না শিপবিল্ডিং ট্রেডিং কোম্পানি লিমিটেড নির্ধারিত সময়ের আগেই জাহাজটির নির্মাণকাজ শেষ করেছে।

‘গ্লোভিস লিডার’ জাহাজটির নকশা এমনভাবে করা হয়েছে যে এর ১৪টি ডেকের মাধ্যমে বিপুল পরিমাণ গাড়ি বহন করা সম্ভব। এর আগে গাড়ি পরিবহনের সবচেয়ে বড় জাহাজের রেকর্ডটি ছিল ‘হেগ অরোরা’র দখলে, যার ধারণক্ষমতা ছিল ৯ হাজার ১০০টি যানবাহন। নতুন এই জাহাজটি আগেরটির চেয়ে ১ হাজার ৭০০টি বেশি গাড়ি বহন করতে পারবে। জাহাজটির গতিবেগ ঘণ্টায় ১৯ নট এবং এটি ১০.৫ মিটার গভীরতায় চলতে সক্ষম।

বিশাল এই জাহাজটিতে অত্যাধুনিক এবং জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর বডির নকশা এমনভাবে করা হয়েছে যাতে ঘর্ষণ কম হয় এবং এটি বর্জ্য তাপ পুনরুদ্ধার সিস্টেমের মাধ্যমে শক্তি সাশ্রয় করতে পারে। সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং সাধারণ জ্বালানি উভয় মাধ্যমেই চলতে সক্ষম। আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) টায়ার থ্রি নির্গমন মানদণ্ড অনুযায়ী এটি নাইট্রোজেন অক্সাইড নির্গমন উল্লেখযোগ্য হারে কমিয়ে আনবে।

সূত্র: ওডিটি সেন্ট্রাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়