শিরোনাম
◈ কারাগারে ঢুকছে একের পর এক ইয়াবার চালান, প্রায় অর্ধেক বন্দিই মাদক মামলার আসামি ◈ শিক্ষার্থীদের মধ্যে বাড়ছে এইচআইভি সংক্রমণ, পাঁচ বছরে হার দ্বিগুণ ◈ বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান জব্দ করল ইন্দোনেশিয়ার নৌবাহিনী ◈ ভারতের পেট্রাপোলে পলাতক আ.লীগ নেতাদের বৈঠক, বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার ◈ খুন, চাঁদাবাজি ও সশস্ত্র সন্ত্রাসে আতঙ্কিত খুলনা, সন্ধ্যার পর ক্রেতাশূন্য নিউমার্কেট ◈ ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই ◈ ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের উৎপাদন ক্ষতি, অন্য দেশে সরেছে ২৫৪ মিলিয়ন ডলারের অর্ডার ◈ জাতীয় ঐক্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী, সোমবার শুরু এনসিপিকে দিয়ে ◈ যে দেশে বাংলাদেশের চেয়ে বেশি মজুরি দেওয়া হয়, সমান সুবিধা থাকলে আমাদেরও বেশি মজুরি দিতে সমস্যা নেই: বিজিএমইএ সভাপতি ◈ সামাজিক মাধ্যমে পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন এমপি ফজলুর রহমান

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ০৭:০৪ সকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাকিস্তানে স্বর্ণের মহামূল্য খনির আবিষ্কার, যার বাজার মূল্য ৬৩৬ বিলিয়ন ডলার

পাকিস্তানে এক অভাবনীয় আবিষ্কার—দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের হরিপুর জেলার তারবেলায় মিলেছে বিশাল স্বর্ণের মজুদ। মঙ্গলবার (৪ নভেম্বর) পাকিস্তানের গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

করাচি প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এয়ার করাচির চেয়ারম্যান ও ফেডারেশন অব পাকিস্তান চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফপিসিসিআই) সাবেক সিনিয়র সহ-সভাপতি হানিফ গোহর এ আবিষ্কারের তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। তিনি জানান, তারবেলায় আবিষ্কৃত এ সোনার আনুমানিক মূল্য প্রায় ৬৩৬ বিলিয়ন মার্কিন ডলার।

হানিফ গোহর বলেন, স্বর্ণের এ মজুদ পাকিস্তানের অর্থনীতির জন্য এক গেমচেঞ্জার হতে পারে। এ সম্পদ দিয়ে দেশের বৈদেশিক ঋণ পরিশোধ করাও সম্ভব। তিনি আরও জানান, বিষয়টি ইতোমধ্যে স্পেশাল ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কাউন্সিল (এসআইএফসি) এবং স্টেট ব্যাংক অব পাকিস্তানের (এসবিপি) নজরে আনা হয়েছে।

তিনি জানান, আন্তর্জাতিক পর্যায়ের খনন কোম্পানি—অস্ট্রেলিয়া ও কানাডার কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে প্রাথমিক আলোচনা চলছে। পাকিস্তান সরকারের অনুমোদন পাওয়া মাত্রই স্বর্ণ উত্তোলনের কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন গোহর।

অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ আবিষ্কার সত্যিই কার্যকরভাবে বাস্তবায়িত হলে পাকিস্তানের অর্থনীতি নতুন করে ঘুরে দাঁড়াতে পারে। রেকর্ড পরিমাণ বৈদেশিক ঋণ, মুদ্রাস্ফীতি ও ডলারের সংকটে জর্জরিত দেশটির জন্য এটি এক ‘অপ্রত্যাশিত আশীর্বাদ’ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: ইনকিলাব 

  • সর্বশেষ