মনিরুল ইসলাম : বিশ্বসংগীতের মঞ্চে বাংলাদেশের গান ও সংস্কৃতিকে নতুনভাবে তুলে ধরার লক্ষ্য নিয়ে আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে দেশীয় অ্যাকাপেলা বিটবক্সিং ব্যান্ড বিটমোস্ফিয়ার (Beatmosphere)। নিজেদের মৌলিক গান ‘তুমি এলে’ নিয়ে এশিয়ার আরও ১০টি দেশের প্রতিনিধির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে দলটি।
আগামী ১৪ নভেম্বর, শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় (থাইল্যান্ড সময় রাত ৮টা) ব্যাংককে শুরু হবে ইউরোভিশন সং কনটেস্ট এশিয়ার প্রথম গ্র্যান্ড ফাইনাল। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বঙ্গ (Bongo) ও এনটিভি (NTV)।
বিশ্বের বিভিন্ন দেশের গান, ভাষা ও সংস্কৃতির মিলনমেলায় বিটমোস্ফিয়ার তাদের মৌলিক গান ‘তুমি এলে’ পরিবেশন করবে। গানটির কথা ও সুর করেছেন সাইকোতর্সি, বিটব্রাভো, তাবা, জার্ডে এবং শুভ্র রাহা।
যেভাবে আন্তর্জাতিক মঞ্চে বিটমোস্ফিয়ার
আন্তর্জাতিক এই সংগীত প্রতিযোগিতায় বিটমোস্ফিয়ারের যাত্রার সূচনা হয়েছিল বঙ্গ (Bongo) প্রেজেন্টস এবং এনটিভির সহযোগিতায় আয়োজিত জাতীয় বাছাইপর্ব ‘ভয়েস অব বাংলাদেশ : সং ফর ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া’র মাধ্যমে।
দেশজুড়ে প্রতিভাবান শিল্পীদের মধ্য থেকে নিজেদের মৌলিক পরিবেশনা দিয়ে সেরা হওয়ার লড়াইয়ে অংশ নেয় প্রতিযোগীরা। সেই প্রতিযোগিতায় বিজয়ী হয়ে ব্যাংককে অনুষ্ঠিতব্য মূল পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ অর্জন করে বিটমোস্ফিয়ার।
১০ দেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা
ব্যাংককের ‘ওয়ান ব্যাংকক ফোরাম’-এ অনুষ্ঠিতব্য গ্র্যান্ড ফাইনালে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, মঙ্গোলিয়া, ভুটান, ফিলিপাইন, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, নেপাল ও মালয়েশিয়া।
আন্তর্জাতিকভাবে বহুল পরিচিত ইউরোভিশন ফ্র্যাঞ্চাইজির ৭০তম বর্ষপূর্তিতে এবারই প্রথম এশিয়ান সংস্করণ আয়োজন করা হচ্ছে। আয়োজকদের প্রত্যাশা, এই উদ্যোগ এশিয়ার সংগীতশিল্পীদের জন্য আন্তর্জাতিক পরিসরে নিজেদের প্রতিভা তুলে ধরার নতুন সুযোগ তৈরি করবে।
বিজয়ী নির্ধারণ হবে যেভাবে
প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, গ্র্যান্ড ফাইনালের চূড়ান্ত ফলাফলের ৫০ শতাংশ নির্ধারিত হবে অংশগ্রহণকারী ১১টি দেশের বিচারকদের মূল্যায়নে। বাকি ৫০ শতাংশ নির্ধারিত হবে দর্শকদের সরাসরি ভোটে।
এ ছাড়া ‘রেস্ট অব দ্য ওয়ার্ল্ড’ ক্যাটাগরিতে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত দর্শকদেরও ভোট দেওয়ার সুযোগ থাকবে। তবে নিয়ম অনুযায়ী, কোনো দেশের দর্শক নিজেদের দেশের প্রতিনিধিকে ভোট দিতে পারবেন না।
বাংলাদেশের সংগীতের জন্য নতুন সম্ভাবনা
এশিয়ার সেরা সংগীত প্রতিভাদের সঙ্গে একই মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ বিটমোস্ফিয়ারের জন্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ অর্জন। একই সঙ্গে এটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সমকালীন সংগীত, সৃজনশীলতা ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরার একটি বড় সুযোগ।
এখন দেখার বিষয়, ‘তুমি এলে’ গান নিয়ে আন্তর্জাতিক এই মঞ্চে কতটা সাফল্য অর্জন করতে পারে বাংলাদেশের বিটমোস্ফিয়ার। তাদের পরিবেশনার মধ্য দিয়ে এশিয়ার সংগীতাঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে—এমন প্রত্যাশা সংগীতপ্রেমীদের।