শিরোনাম
◈ হেগুনের কাম অইবো শুধু বিএনপি-জামায়াতের মেইন মেইন গোটা দশেক মারি হালাইবো: তাহেরপুত্র বিপ্লবের অডিও ফাঁস ◈ প্যারামিলিটারি বাহিনীর সদস্যসংখ্যায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, পেছনে ভারত-চীন: গ্লোবাল ফায়ারপাওয়ারের প্রতিবেদন (ভিডিও) ◈ ইউরোপে তিন বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি : চাপে সাধারণ মানুষ, ঋণ করে চলছে সংসার ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ১১ দল নিয়ে নিরপেক্ষ ভেন্যুতে সংলাপ চায় জামায়াত ◈ আগামী বছর ১ কোটি ১০ লাখ শিশু পাবে মিড ডে মিল: জুবাইদা রহমান ◈ যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনায় হামলা, সিসিটিভি ফুটেজ দেখে ৬ জন গ্রেফতার ◈ বাংলাদেশ থেকে ২৫৪ মিলিয়ন ডলারের জারা-এইচঅ্যান্ডএম পোশাকের অর্ডার যাচ্ছে ভারতে, মুখ ফিরিয়ে নিচ্ছে বৈশ্বিক ব্র্যান্ডগুলো ◈ পাকিস্তানের নারী ক্রিকেটে কেন্দ্রীয় চুক্তিতে বড় প‌রিবর্তন পি‌সি‌বির, ২০ থেকে কমে ৮ জন ◈ দুই বাংলা‌দে‌শি টেস্ট ক্রিকেটে সর্বনিম্ন ব্যাটিং গড়ের তালিকায়  ◈ দ্বিতীয় টেস্ট, প্রথম দিন শে‌ষে ভার‌তের বিরু‌দ্ধে নিউজিল্যান্ড ৫/২৪৬

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৬, ১০:১৫ রাত
আপডেট : ২৭ নভেম্বর, ২০২৬, ১০:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টিউশনির নামে প্রতারণা, বেতন না পেয়ে উল্টো ফি গুনছেন শিক্ষার্থীরা

১৫ বছর বয়সী সিয়াদের মা সায়রা আঞ্জুম বলেন, 'অন্য যেকোনো অভিভাবকের মতো আমিও আমার সন্তানের জন্য সেরাটাই চাই। ও মেধাবী, কিন্তু নিজে থেকে পড়তে চায় না। আমি এমন একজন দায়িত্বশীল শিক্ষক চাই, যিনি আমার সন্তানকে একজন ভালো মানুষ হতে শেখাবেন।'

তিনি আরও বলেন, 'টিউশন মিডিয়া আমাকে এমন মেধাবী শিক্ষার্থীদের খুঁজে পেতে সাহায্য করে, যারা ইতিমধ্যেই সেই পথ পাড়ি দিয়েছে যে পথে আমি আমার সন্তানকে দেখতে চাই। আমি চাই ও চিকিৎসক হোক; আর সে কারণেই আমি ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের শিক্ষক হিসেবে রাখি।'

আঞ্জুমের মতো অভিভাবকরা এই ব্যবস্থার একটি দিক মাত্র। অন্য দিকটিতে রয়েছেন একজন শিক্ষার্থী—যার সম্বল শুধু বাসভাড়া আর অপরিচিত কারও ঠিকানা। বাংলাদেশের কোটি কোটি শিক্ষার্থীর জন্য খণ্ডকালীন চাকরির সুযোগ খুবই সীমিত, তাই তাদের হাতে টিউশনিই একমাত্র ভরসা হিসেবে টিকে আছে। অন্যের বাড়িতে গিয়ে তাদের সন্তানকে পড়ানো। টিউশন মিডিয়াগুলো এই কাজ খুঁজে পাওয়া সহজ করে দিয়েছে। অভিভাবকরা তাদের চাহিদার কথা জানান, শিক্ষকরা আবেদন করেন এবং পেজগুলো তাদের মধ্যে সংযোগ ঘটিয়ে দেয়। কখনো কখনো সব ঠিকঠাক চলে। আবার কখনো পরিস্থিতি রাফির মতো হয়ে দাঁড়ায়।

রংপুর থেকে ঢাকায় আসা ২১ বছর বয়সী রাফি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী। স্নাতক দ্বিতীয় বর্ষে ওঠার পর নিজের বাড়তি খরচ মেটাতে তার একটি কাজের খুব প্রয়োজন হয়ে পড়ে। কয়েক সপ্তাহ খোঁজাখুঁজির পর তিনি একটি ফেসবুক পেজে টিউশনির বিজ্ঞাপন পান। অষ্টম শ্রেণি, সব বিষয়, সপ্তাহে তিন দিন, মিরপুর, মাসিক বেতন ৮ হাজার টাকা। তিনি বিজ্ঞাপনটির স্ক্রিনশট রেখে দেন।

Advertisement

এরপর টিউশন মিডিয়া থেকে তাকে বার্তা পাঠানো হয়- সাত দিনের মধ্যে প্রথম মাসের বেতনের ৫০ শতাংশ অর্থাৎ ৪ হাজার টাকা পরিশোধ করতে হবে, নাহলে টিউশনিটি হাতছাড়া হয়ে যাবে। রাফি তার রুমমেটের কাছ থেকে টাকা ধার করে তা পরিশোধ করেন।

প্রথম মাস শেষে অভিভাবক জানান, পরের সপ্তাহে বেতন দেবেন। পরের সপ্তাহ গড়িয়ে তা অফিসের বোনাস পাওয়ার পর দেওয়ার কথায় গিয়ে ঠেকে। দ্বিতীয় মাস শেষেও দেখানো হয় আরেক অজুহাত। তবুও রাফি সপ্তাহে তিন সন্ধ্যা যাওয়া-আসায় দুটি করে বাস বদলে পড়াতে যেতে থাকেন। কারণ কাজটি ছেড়ে দিলে ইতিমধ্যে যা শ্রম ও টাকা খরচ করেছেন, তার সবই হারাতে হবে।

তৃতীয় মাসের শেষের দিকে অভিভাবক তাকে খুদে বার্তায় জানান, ছেলেকে কোচিং সেন্টারে ভর্তি করানো হচ্ছে, তাই তার আর আসার প্রয়োজন নেই। রাফি তার পাওনা টাকা চাইলে সব জায়গা থেকে তাকে ব্লক করে দেওয়া হয়, এমনকি ভবনের নিরাপত্তারক্ষীকেও বলে দেওয়া হয় যেন তাকে ভেতরে ঢুকতে না দেওয়া হয়।

রাফি টিউশন মিডিয়ায় ফোন করেন। তারা সাফ জানিয়ে দেয়, এই ফি অফেরতযোগ্য। তাদের কাজ ছিল টিউশনি খুঁজে দেওয়া এবং তারা তা দিয়েছে। বাসার ভেতরে কী ঘটেছে, তা তার এবং ওই পরিবারের ব্যক্তিগত বিষয়। রাফি বারবার ফোন করতে থাকলে একসময় তারা ফোন ধরাও বন্ধ করে দেয়।

টানা তিন মাস পড়ানোর পর রাফিকে শূন্য হাতে ফিরতে হয়: বকেয়া বেতন ২৪ হাজার টাকা, আর নিজের পকেট থেকে দেওয়া মিডিয়া ফি ৪ হাজার টাকা—সবই খোয়া যায় তার।

মধ্যস্বত্বভোগীদের ভূমিকা

রাফির এই ঘটনাটিই পুরো খাতের চিত্র নয়, আর বারবার এই মাধ্যমগুলোতে ফিরে আসা শিক্ষার্থীরাও নির্বোধ নন। একজন শিক্ষার্থীর পক্ষে পাওয়া সম্ভব এমন যেকোনো কাজের চেয়ে টিউশনিতে আয় বেশি। হাতেগোনা কয়েকটি টিউশনি করেই একজন শিক্ষক অনেক সদ্য স্নাতক পাস করা চাকরিজীবীর প্রথম বেতনের চেয়েও বেশি উপার্জন করতে পারেন। তাছাড়া ক্লাসের সময়ের সঙ্গে মিলিয়ে পড়ানোর সময় ঠিক করে নেওয়া যায়, যা কোনো দোকান বা অফিসের চাকরিতে সম্ভব নয়।

সপ্তাহে তিন সন্ধ্যা পড়িয়ে ৮ হাজার টাকা বেতন কাগজ-কলমে খুব সামান্য মনে হতে পারে। কিন্তু পরিবার ছেড়ে দূরে থাকা একজন শিক্ষার্থীর কাছে এই টাকাই তার বাসাভাড়ার সম্বল।

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ২২ বছর বয়সী শিক্ষার্থী শরিফ বলেন, 'আমি চারটি টিউশনি করে মাসে প্রায় ২৭ হাজার টাকা আয় করি। এর মধ্যে দুটি পেয়েছি টিউটোরিয়া থেকে আর দুটি টিউশন টার্মিনাল থেকে। এটি আমার জন্য দারুণ এক সহায়তা। আমি এখন নিজের বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি নিজেই দিতে পারি, যা একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে আমার মনের ভেতরের অপরাধবোধ কিছুটা হলেও কমিয়ে দেয়।'

টিউশন মিডিয়াগুলোরও কিছুটা কৃতিত্ব প্রাপ্য। এসব পেজ আসার আগে আগে থেকে টিউশনি করা বন্ধুদের মাধ্যমে কাজ খুঁজতে হতো। যার অর্থ ছিল ঢাকায় পরিচিত কেউ না থাকলে নতুন আসা একজন শিক্ষার্থীর টিউশনি পাওয়ার কোনো উপায় থাকত না। একটি ফেসবুক পেজ রংপুর থেকে আসা একজন শিক্ষার্থীকে মিরপুরের এমন এক পরিবারের কাছে পৌঁছে দেয়, যাদের সঙ্গে হয়তো তার কখনোই দেখা হতো না। আবার আঞ্জুমের মতো একজন মাকেও কাউকে ব্যক্তিগতভাবে না চেনা সত্ত্বেও ঢাকা মেডিকেল কলেজের একজন শিক্ষার্থীকে খুঁজে পেতে সাহায্য করে। তাদের এই সেবাটি বাস্তব। তবে সমস্যা হলো, অধিকাংশ পেজই এই সেবার পরের দায়িত্বটুকু নিতে চায় না।

দেশের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম কেয়ারটিউটরস জানিয়েছে, তাদের ৫ লাখ নিবন্ধিত শিক্ষক এবং ১ লাখ ২৫ হাজার অভিভাবক রয়েছে; যা দেশের ৩ কোটি ৮০ লাখ থেকে ৪ কোটি শিক্ষার্থীর ১ শতাংশেরও কম অংশের কাছে পৌঁছাতে পেরেছে। টিউটোরিয়া, টিউশন টার্মিনাল এবং টিউশন মিডিয়া বিডি-ও অন্যতম শীর্ষস্থানীয় পেজগুলোর মধ্যে রয়েছে।

দশকের পর দশক ধরে এই প্রক্রিয়াটি একইভাবে চলে আসছে। একজন শিক্ষক নিবন্ধনের সময় তার প্রচুর ব্যক্তিগত তথ্য জমা দেন- জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট, স্থায়ী ঠিকানা, রক্তের গ্রুপ, পরিবারের নিকটাত্মীয়ের যোগাযোগের নম্বর, এমনকি বৈবাহিক অবস্থাও।

এরপর আসে টিউশনির পালা। বিনা পারিশ্রমিকে একটি ডেমো বা পরীক্ষামূলক ক্লাস নেওয়ার পর অভিভাবক রাজি হলে, মিডিয়াগুলো প্রথম মাসের বেতনের ৫০ থেকে ৬০ শতাংশ চার্জ হিসেবে কেটে নেয়। অধিকাংশ ক্ষেত্রেই এই ফি অফেরতযোগ্য। অথচ অভিভাবকদের এসব মিডিয়াকে প্রায় কোনো অর্থই দিতে হয় না, দিলেও তা নামমাত্র।

সংযোগের বিনিময়ে ফি

কোনো পরিবার রাজি হওয়ার মুহূর্তেই টিউশন মিডিয়ার দায়িত্ব শেষ হয়ে যায়, আর মূল সমস্যার শুরু এখান থেকেই। শিক্ষক বেতন পাওয়ার পর নয়, বরং টিউশনি চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই মিডিয়া তাদের ফি বুঝে নেয়। ফলে শিক্ষক বেতন না পেলেও মিডিয়ার কোনো ক্ষতি হয় না।

রাফিই একমাত্র ভুক্তভোগী নন। আরেকজন শিক্ষার্থী জানান, চার মাস পড়ানোর পর তার প্রায় ১৬ হাজার টাকা বকেয়া জমেছিল। নিজের মা-বাবা ওই পরিবারে ফোন করে আইনি ব্যবস্থার হুমকি দেওয়ার পরই তিনি পাওনা টাকা ফেরত পান। আরেকজনকে মাস শেষে ঠিক করা বেতনের চেয়ে অনেক কম টাকা দেওয়া হয়। ক্লাস বাদ দেওয়ার অভিযোগ তুলে তাকে চলে যেতে বলা হয়। এছাড়া অসুস্থতার কারণে বেতন কাটা, বিনা পারিশ্রমিকে বাড়তি ক্লাস নেওয়ার চাপ দেওয়া এবং ছুটি কাটাতে পরিবার বাইরে চলে গেলেও শিক্ষককে অপেক্ষা করতে বলার মতো ঘটনার কথাও জানান অনেক শিক্ষক।

এসব সমঝোতার কোনোটিই লিখিত থাকে না। ফলে পরিবার কথা না রাখলে শিক্ষকের হাতে কোনো প্রমাণ থাকে না এবং অভিযোগ করার মতোও কেউ থাকেন না।

এ বিষয়ে প্রশ্ন করা হলে একটি এজেন্সির এক কর্মী বলেন, 'শিক্ষককে বলা হয় যে কাজ শুরুর প্রথম ১০ দিনের মধ্যে চাইলে তিনি টিউশনিটি ছেড়ে দিতে পারেন। তবে টিউশনি চূড়ান্ত হয়ে যাওয়ার পর আমরা আর কোনো দায়িত্ব নিই না। আমাদের চুক্তিপত্রে বিষয়টি স্পষ্টভাবেই লেখা থাকে।'

তবে পুরো ব্যবস্থাটি এমনই হতে হবে, এমন কোনো কথা নেই। কেয়ারটিউটরস শিক্ষকদের কাছ থেকে তখনই চার্জ নেয়, যখন তারা বেতন পান। পাশাপাশি তারা স্বাক্ষরিত একটি নিশ্চিতকরণ পত্র দেয় এবং টিউশনি দ্রুত শেষ হয়ে গেলে চার্জের একটি অংশ ফেরত দেয়। আবার অনলাইন টিউশনির ক্ষেত্রে অভিভাবকের কাছ থেকে প্রথম মাসের বেতন আগেই নেওয়া হয়। এতে বোঝা যায়, চাইলে একটি টিউশন মিডিয়া শিক্ষকের পারিশ্রমিক সুরক্ষিত রাখতে পারে। কিন্তু বেশিরভাগ মিডিয়াই তা করে না। যদিও প্ল্যাটফর্মটি স্বীকার করেছে যে স্বাক্ষরিত চিঠি থাকলেও তা শিক্ষককে কেবল একটি নথি দেয়, কোনো প্রতিকার নয়।

একতরফা নিরাপত্তা ব্যবস্থা

সাধারণত আর্থিক ঝুঁকির বিষয়টিই বেশি সামনে আসে। কিন্তু কখনো কখনো বিপদ এর চেয়েও অনেক বড় হয়ে ওঠে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ২৩ বছর বয়সী শিক্ষার্থী আদিবা তাবাসসুম সম্প্রতি এমন এক পরিস্থিতির মুখোমুখি হন, যেখানে ছাত্রকে পড়ানোর সময় বঁটি হাতে এক বয়স্ক ব্যক্তির সামনে তালা ঠিকমতো না লাগা একটি দরজা ঠেলে ধরে রাখতে হয়েছিল তাকে। তিনি ৯৯৯-এ ফোন করলে তার ভাষ্য অনুযায়ী, শুধু একটি স্বয়ংক্রিয় বার্তা শোনা যায়, যা কোনো কাজে আসেনি। কয়েক মিনিটের মধ্যেই তার পরিবার সেখানে পৌঁছে তাকে ও তার ছাত্রকে নিরাপদে উদ্ধার করে। পরে তিনি লেখেন, 'দিনশেষে নিজের মানুষ আর পরিবারই আসল ভরসা।'

তার এই ভয়াবহ অভিজ্ঞতায় স্পষ্ট হয়, এই খাতে নিরাপত্তার ধারণা কতটা একতরফা। তুলনামূলক ভালো প্ল্যাটফর্মগুলোতে কোনো পরিবারের বাড়িতে যাওয়ার আগেই শিক্ষকের ঠিকানা, শিক্ষাগত কাগজপত্র ও পরিচয় যাচাই করে নেয় একটি দল। অভিভাবকরা ডেমো ক্লাস দেখে চাইলে না করে দিতে পারেন। শিক্ষক পৌঁছানোর পর অ্যাপের মাধ্যমে তার অবস্থান রেকর্ড হয় এবং অভিভাবককে জানানো হয়।

শিক্ষক শুধু এইটুকুই নিশ্চিত হতে পারেন যে বিজ্ঞাপনটি ভুয়া নয়। কিন্তু বাসার ভেতরে কারা থাকেন, সে সম্পর্কে এই ব্যবস্থায় কিছুই জানানো হয় না। ভেতরে কোনো বিপদ ঘটলে সাহায্যের জন্য চাপার মতো কোনো বাটনও থাকে না। এমনকি 'উভয় পক্ষের' সুরক্ষা নিয়ে লেখা খাতসংশ্লিষ্ট নিবন্ধেও অভিভাবকের দুশ্চিন্তা হিসেবে শিক্ষকের পরিচয় ও চরিত্রকে দেখানো হয়, আর শিক্ষকের দুশ্চিন্তা হিসেবে শুধু বেতন পাওয়ার বিষয়টি থাকে। শিক্ষকের শারীরিক নিরাপত্তার কথা সেখানে একেবারেই থাকে না।

ফেসবুক পেজগুলোর ক্ষেত্রে এই দূরত্ব আরও বেশি। শিক্ষকদের দাবি, অভিভাবকদের তথ্য আদৌ যাচাই করা হয় কি না, সে বিষয়ে তাদের কোনো ধারণাই থাকে না। অনেক পেজ কেবল তরুণীদের নতুন বাড়িতে যাওয়ার সময় সঙ্গে কাউকে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে দায়িত্ব শেষ করে। নিজেদের নিরাপত্তার কথা ভেবে সন্ধ্যার টিউশনি ফিরিয়ে দেওয়ার কথা জানান নারী শিক্ষকরা। এছাড়া যাদের কাছে তাদের বাড়ির ঠিকানা রয়েছে, সেই পেজ পরিচালকদের কাছ থেকেই অনাকাঙ্ক্ষিত বার্তা পাওয়ার অভিযোগও করেন তারা।

আর কোনো শিক্ষক বিপদে পড়ে সাহায্যের জন্য ফোন করলেও ৯৯৯-এ রয়েছে প্রায় ৮০টি ইনকামিং লাইন। এর প্রায় অর্ধেকই ফাঁকা বা ভুয়া কল আসে, আর গড় সাড়া দেওয়ার সময় প্রায় ২০ মিনিট বলে জানা গেছে।

টিউশনির মাশুল

টিউশনি না থাকলে শরিফের অবস্থা অনেকটাই নাজুক হয়ে পড়ত। এই কাজই তাকে স্বাবলম্বী হতে সাহায্য করেছে। আঞ্জুমও একইভাবে ঢাকা মেডিকেল কলেজের এক শিক্ষার্থীকে শিক্ষক হিসেবে পেয়েছেন। বাংলাদেশের পরবর্তী প্রজন্ম যে পথ ধরে গড়ে উঠছে, টিউশন মিডিয়াগুলো দ্রুত সেই মাধ্যম হয়ে উঠছে। তবে মূল সমস্যা হলো, এই ব্যবস্থার ঝুঁকি কে বহন করছে।

আদিবা এমন এক মানসিক আঘাত নিয়ে পড়ে আছেন, যা তার বাকি জীবনকেও প্রভাবিত করবে। কোনো শিশুকে পড়াতে গিয়ে কেউ এমন চড়া মূল্য দিতে চাইবে না। রাফিও হয়তো শিগগিরই আরেকটি টিউশনি পেয়ে যাবেন, সম্ভবত অন্য কোনো পেজের মাধ্যমেই—যেখানে আবারও নতুন করে ফি চাওয়া হবে।

পেজগুলো তাদের শিক্ষার্থীদের ধরে রাখবে, আর শিক্ষার্থীরাও পেজগুলোর ওপরই নির্ভর করবে। কারণ এর চেয়ে ভালো কোনো বিকল্প তাদের সামনে নেই। রাফি এরপর যে বিজ্ঞাপনে সাড়া দেবেন, সেখানে শ্রেণি, এলাকা আর বেতনের কথা লেখা থাকবে। কিন্তু বাসার ভেতরে কারা থাকেন, সে কথা তখনও লেখা থাকবে না।

সূত্র : দ্য বিজনেস স্ট্যান্ডার্ড 

  • সর্বশেষ