শিরোনাম
◈ এলপিজির বাড়তি দামে নাভিশ্বাস, রাজধানীর অনেক পরিবারে ফিরছেন লাকড়ির চুলায় ফিরছেন ◈ পাঁচ লাখ টাকা নিয়েও ছাড়েনি জিম্মিকে, লিবিয়ায় বাংলাদেশিকে আটকে ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২ ◈ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে কোচ লিও‌নেল স্কালোনি ◈ ‘খালি গা, হাতে সিগারেট, চিৎকার করে গান’, কিশোরদের বেপরোয়া আচরণ নিয়ে ফেসবুকে যা লিখলেন সাইফুল্লাহ ◈ কেইনের রেকর্ড, গোলের ঝলক—ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ আটে ইংল্যান্ড ◈ জলবায়ু মোকাবিলায় নারীর অংশগ্রহণ বাড়াতে নতুন উদ্যোগের কথা জানালেন শামা ওবায়েদ ◈ মাইক্রোসফটের আউটলুক-টিমসসহ একাধিক সেবা বন্ধ, সমস্যায় বাংলাদেশও ◈ চেকিয়াকে উড়িয়ে স্পেনের পঞ্চম জয় ◈ নভেম্বরেই ডিসেম্বরের তেজ, খেল‌ছে দিল্লি, ঝড় বইছে ঢাকায়! ◈ প্রধানমন্ত্রীর জাপানফেরত ফ্লাইটে এক নয়, ৫ কারিগরি ত্রুটি: তদন্তে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৬, ১২:৪৭ দুপুর
আপডেট : ১৩ নভেম্বর, ২০২৬, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংরেজি পড়েও যোগাযোগে অদক্ষ, ৯৩ শতাংশ মানুষ জানেন না বাংলা ছাড়া অন্য ভাষা: বহুভাষিক জনগোষ্ঠী গড়তে সরকারের উদ্যোগ

দীর্ঘদিন ধরে ইংরেজি পড়ছেন দেশের শিক্ষার্থীরা। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক—প্রায় প্রতিটি শিক্ষাস্তরেই বাধ্যতামূলক বিষয় হিসেবে রয়েছে ভাষাটি। তবু ইংরেজিতে যোগাযোগের দক্ষতা অর্জন করতে পারছেন না তাদের বড় একটি অংশ। অন্যদিকে এর বাইরে আরবি, জাপানি, চীনা কিংবা অন্য কোনো বিদেশী ভাষা শেখার আগ্রহও সীমিত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বলছে, দেশের ৯২ দশমিক ৯৪ শতাংশ মানুষেরই মাতৃভাষা বাংলা ছাড়া অন্য কোনো ভাষায় দক্ষতা নেই। দ্বিতীয় ভাষা জানেন কেবল ৭ শতাংশ মানুষ। সূত্র: বণিক বার্তা

দক্ষ জনশক্তি তৈরি এবং আন্তর্জাতিক শ্রমবাজারের সুযোগ কাজে লাগাতে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার। তবে দেশে দ্বিতীয় ভাষা শিক্ষার বর্তমান চিত্রই বলছে, এ উদ্যোগ বাস্তবায়নে রয়েছে বড় ধরনের চ্যালেঞ্জ। বিশেষ করে ইংরেজি শিক্ষার দীর্ঘদিনের দুর্বলতা কাটানোর পাশাপাশি নতুন ভাষা শেখানোর জন্য প্রয়োজনীয় শিক্ষক, পাঠ্যক্রম ও অবকাঠামো নিশ্চিত করা জরুরি বলে মনে করেন শিক্ষাবিদরা।

সংশ্লিষ্টদের মতে, বিশ্ব অর্থনীতির সঙ্গে তাল মেলানো, কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য মাতৃভাষার বাইরে একাধিক ভাষায় দক্ষতা অর্জন এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের তরুণদের জন্য এটি আরো বেশি প্রয়োজন। বিশেষ করে মধ্যপ্রাচ্য, জাপান, মালয়েশিয়াসহ বিভিন্ন শ্রমবাজারে প্রবেশ এবং সেখানে ভালো কর্মসংস্থানের সুযোগ পেতে সংশ্লিষ্ট দেশের ভাষা জানা থাকাটা খুবই জরুরি।

দ্বিতীয় ভাষা বলতে মাতৃভাষার পর শেখা অন্য একটি ভাষাকে বোঝানো হয়। বিবিএসের আর্থসামাজিক ও জনমিতিক জরিপ ২০২৩-এর তথ্য অনুযায়ী, দেশের ৭ দশমিক শূন্য ৬ শতাংশ মানুষ দ্বিতীয় ভাষা জানেন। এর মধ্যে ৬ দশমিক ১০ শতাংশের দ্বিতীয় ভাষা ইংরেজি। অন্যান্য ভাষা জানেন মাত্র দশমিক ১৭ শতাংশ মানুষ। আর দশমিক ৮০ শতাংশের দ্বিতীয় ভাষা বাংলা; তারা মূলত ক্ষুদ্র নৃগোষ্ঠীর, যাদের রয়েছে নিজস্ব মাতৃভাষা।

Advertisement

জরিপের বিভাগভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, দ্বিতীয় ভাষা জানার ক্ষেত্রে এগিয়ে রয়েছে ঢাকা। এ বিভাগের ১১ দশমিক ২০ শতাংশ মানুষ ইংরেজি জানেন। অর্থাৎ তারা ওই ভাষায় যোগাযোগ করতে পারেন। এরপর রয়েছে ময়মনসিংহ বিভাগ, যেখানে এ হার ৭ দশমিক ৪১ শতাংশ। রংপুর বিভাগ ছাড়া অন্য বিভাগগুলোয় দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি জানেন এমন মানুষের হার ৫ শতাংশের নিচে।

অন্যদিকে জরিপের তথ্য অনুযায়ী, দেশের ২৪ দশমিক শূন্য ৬ শতাংশ মানুষের মাধ্যমিক বা তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষাগত যোগ্যতা রয়েছে। সে হিসাবে জনসংখ্যার উল্লেখযোগ্য একটি অংশ শিক্ষাজীবনে অন্তত ১০ বছর বাধ্যতামূলক বিষয় হিসেবে ইংরেজি পড়েছেন। এরপরও এ ভাষাটিতে যোগাযোগের দক্ষতা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি।

শিক্ষাসংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ইংরেজি পড়েও শিক্ষার্থীদের বড় অংশের ভাষাটিতে দক্ষ হয়ে উঠতে না পারার অন্যতম কারণ প্রচলিত পাঠপদ্ধতির দুর্বলতা। বর্তমান ব্যবস্থায় শ্রেণীকক্ষে ব্যাকরণ, শব্দার্থ ও পরীক্ষায় ভালো ফলাফলের ওপর বেশি গুরুত্ব দেয়া হলেও শোনা, বলা, পড়া ও লেখার সমন্বিত দক্ষতা তৈরির সুযোগ কম। ফলে শিক্ষার্থীরা ইংরেজি পড়তে ও লিখতে পারলেও বাস্তব পরিস্থিতিতে ভাষাটি ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন।

এর প্রতিফলন দেখা যাচ্ছে মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফলেও। ইংরেজিতে প্রয়োজনীয় দক্ষতার ঘাটতির কারণে প্রায় প্রতি বছরই অন্যান্য বিষয়ের তুলনায় এ বিষয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হন। এর একটি কারণ, বোর্ড পরীক্ষায় প্রশ্নের ধরন কিছুটা পরিবর্তিত বা ঘুরিয়ে দেয়া হলে অনেক শিক্ষার্থী তা বুঝতে ও উত্তর দিতে হিমশিম খান। পাঠ্যবইয়ের অনুশীলননির্ভর প্রস্তুতি থাকলেও ভাষাটি বুঝে বাস্তব পরিস্থিতিতে প্রয়োগের সক্ষমতা তাদের মধ্যে গড়ে ওঠে না। ফলে প্রশ্নের উপস্থাপনায় সামান্য পরিবর্তন এলেই পরীক্ষায় তার প্রভাব পড়ে।

চলতি বছরের মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফল বিশ্লেষণেও দেখা গেছে, বাধ্যতামূলক চার বিষয়—বাংলা, ইংরেজি, গণিত এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) মধ্যে ইংরেজিতে পাসের হার সবচেয়ে কম। আবার উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায়ও এ বিষয়ে উত্তীর্ণ হয়েছেন কেবল ৬১ দশমিক ১৪ শতাংশ পরীক্ষার্থী। অর্থাৎ এক-তৃতীয়াংশের বেশি শিক্ষার্থীই ইংরেজিতে ন্যূনতম ৩৩ নম্বর পাননি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ বশির বণিক বার্তাকে বলেন, ‘ইংরেজি জানায় ঘাটতির মূল কারণ দক্ষ শিক্ষকের সংকট এবং শিক্ষাদান ও মূল্যায়ন পদ্ধতি। আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় বিষয়ভিত্তিক শিক্ষকের বড় ধরনের সংকট রয়েছে। আবার যারা আছেন তাদের অনেকের প্রয়োজনীয় প্রশিক্ষণ নেই, পাঠ্যক্রমেও লিসেনিং এবং স্পিকিংয়ে যথেষ্ট গুরুত্ব দেয়া হয় না। মূল্যায়ন পদ্ধতিতেও এ দুটো বিষয়ে গুরুত্ব দেয়া হয় না। এসব কারণে প্রাথমিক স্তর থেকে ইংরেজি পড়ানো হলেও সেটি কার্যকর ভাষা শিক্ষার পরিবর্তে শুধু পরীক্ষায় পাস করার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে।’

প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যায়ে ইংরেজি পড়ানো হলেও ভাষাটির মৌলিক চারটি দক্ষতা (শোনা, বলা, পড়া ও লেখা) অর্জনের ওপর যথেষ্ট গুরুত্ব দেয়া হচ্ছে না বলে মনে করেন শিক্ষাবিদরা। তাদের মতে, দক্ষতাভিত্তিক মূল্যায়ন ও ল্যাঙ্গুয়েজ ল্যাবের অভাবে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত যোগাযোগ দক্ষতা অর্জন করতে পারছে না। ফলে অনেকে ইংরেজি শব্দ জানে, বোঝে, লিখতেও পারে; কিন্তু কথোপকথন কিংবা বাস্তব পরিস্থিতিতে ভাষাটি ব্যবহারের ক্ষেত্রে পিছিয়ে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এসএম হাফিজুর রহমান বণিক বার্তাকে বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় মানসম্মত ইংরেজি শিক্ষকের তীব্র ঘাটতি রয়েছে। পাশাপাশি শ্রেণীকক্ষের অবকাঠামোগত সীমাবদ্ধতাও এ সংকটকে বাড়িয়ে তুলছে। এসব সমস্যা নিরসনে রয়েছে কার্যকর উদ্যোগের ঘাটতি। তবে বর্তমানে সরকার দ্বিতীয় ও তৃতীয় ভাষা শিক্ষায় গুরুত্ব দিচ্ছে। সাধারণ মানুষের মধ্যেও নতুন ভাষা শেখার আগ্রহ তৈরি হচ্ছে। সঠিক পরিকল্পনা ও পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করা গেলে দেশে দ্বিতীয় ও তৃতীয় ভাষায় দক্ষ জনগোষ্ঠীর সংখ্যা বাড়ানো সম্ভব।’

বাংলাদেশের শ্রমবাজারের বাস্তবতাও বহুভাষিক দক্ষতার প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে আসছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের হিসাবে, বিশ্বের ১৭৬টি দেশে বর্তমানে কর্মরত রয়েছেন এক কোটির বেশি বাংলাদেশী। তাদের বড় একটি অংশ কাজ করছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোয়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও ওমান বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজার। এসব দেশের কর্মক্ষেত্র ও দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহার হয় আরবি। কিন্তু সেখানে কর্মরত বাংলাদেশী শ্রমিকদের বড় অংশেরই এ ভাষায় পর্যাপ্ত দক্ষতা নেই।

ভাষা শিক্ষার প্রচলিত পদ্ধতিতে ব্যবহারিক দক্ষতার ঘাটতির বিষয়টি তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আনসারুল আলম। বণিক বার্তাকে তিনি বলেন, ‘আমাদের দেশে বর্তমানে যেভাবে ভাষা শেখানো হয়, সেখানে মূলত ব্যাকরণ, বিভিন্ন নিয়মকানুন ও শব্দার্থের ওপর গুরুত্ব দেয়া হয়। এর মাধ্যমে লেখার দক্ষতা তৈরি হলেও যেকোনো ভাষা শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ দুটি দিক—শোনা ও বলার দক্ষতা অবহেলিত থেকে যায়। এ জায়গায় আমাদের বড় ঘাটতি রয়েছে।’

তৃতীয় ভাষা শিক্ষার উদ্যোগ কার্যকর করতে হলে শুরুতেই এর লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করা জরুরি বলে মনে করেন এ অধ্যাপক। তিনি বলেন, ‘সরকার তৃতীয় ভাষা শিক্ষায় গুরুত্ব দিচ্ছে। বিদেশের শ্রমবাজারের সুযোগ কাজে লাগাতে এটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তবে প্রথমেই নির্ধারণ করতে হবে কোন উদ্দেশ্যে, কাদের কোন ভাষা শেখানো হবে। এরপর প্রকৃত দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে পরিকল্পনা, পাঠ্যক্রম ও পাঠপদ্ধতি তৈরি করতে হবে। একই সঙ্গে দক্ষ প্রশিক্ষক নিশ্চিত করাও জরুরি। এসব বিষয় যথাযথভাবে সমন্বয় করা না গেলে কোনো উদ্যোগই প্রত্যাশিত ফল দেবে না।’

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশে রেকর্ড ৩৫ দশমিক ৫৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। এর প্রায় ৬০ শতাংশই এসেছে মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশগুলো থেকে। তবে এসব দেশে কর্মরত বাংলাদেশীদের ভাষাগত দক্ষতা থাকলে কর্মক্ষেত্রে যোগাযোগের জটিলতা কমার পাশাপাশি দক্ষতাভিত্তিক ও তুলনামূলক বেশি বেতনের কাজ পাওয়ার সুযোগ বাড়ত বলে মনে করেন সংশ্লিষ্টরা।

মধ্যপ্রাচ্যের বাইরেও মালয়েশিয়া ও জাপানের শ্রমবাজার বাংলাদেশী কর্মীদের জন্য সম্ভাবনাময়। তবে এসব দেশে কর্মসংস্থানের ক্ষেত্রে স্থানীয় ভাষা জানা অনেক সময় বাড়তি যোগ্যতা, কোনো কোনো ক্ষেত্রে অপরিহার্য শর্ত। তাই বিদেশে কর্মী পাঠানোর আগে গন্তব্য দেশের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করার ওপর বিশেষজ্ঞরা জোর দিচ্ছেন।

দ্বিতীয় ভাষায় কার্যকর দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের পিছিয়ে থাকার পেছনে দক্ষ শিক্ষকের সংকট ও ব্যবহারিক শিক্ষার ঘাটতিকে দায়ী করছেন সরকারসংশ্লিষ্টরাও। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বণিক বার্তাকে বলেন, ‘দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি দীর্ঘদিন ধরে বাধ্যতামূলক। কিন্তু এ ভাষায় কার্যকর দক্ষতা অর্জন করতে না পারার পেছনে বড় কারণ দক্ষ শিক্ষকের সংকট এবং ব্যবহারিক দক্ষতা অর্জনে গুরুত্ব না দেয়া। এ দুটি ক্ষেত্রেই আমরা এখন কাজ করছি। বিষয়ভিত্তিক শিক্ষক সংকট দূর করা এবং শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে।’

বর্তমান সরকার দ্বিতীয় ও তৃতীয় ভাষা শিক্ষায় বিশেষ গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘বিদ্যালয়গুলোয় ভাষা শিক্ষা ল্যাব স্থাপন করা হচ্ছে। এসব ল্যাবে ইংরেজিসহ অন্যান্য ভাষায় শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ থাকবে। পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় ভাষা শিক্ষায় আগ্রহ বাড়াতে জনসচেতনতা তৈরির বিষয়েও গুরুত্ব দেয়া হচ্ছে।’

  • সর্বশেষ