মাহবুব সৈয়দ,পলাশ (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া বাজারে অবৈধভাবে পাখি ক্রয়-বিক্রয়ের সময় দুটি দেশীয় টিয়া পাখি জব্দ করেছে বন বিভাগ। পরে উদ্ধার করা পাখি দুটি খোলা আকাশে অবমুক্ত করা হয়েছে।
আজ শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নরসিংদী বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল হাছানের নেতৃত্বে পুটিয়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, বাজারে বিক্রির উদ্দেশ্যে রাখা অবস্থায় দুটি দেশীয় টিয়া পাখি জব্দ করা হয়। পরে পাখি দুটিকে উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।
নরসিংদী বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল হাছান জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী দেশীয় ও বন্যপ্রাণী ধরা, খাঁচায় বন্দী রাখা এবং ক্রয়-বিক্রয় দণ্ডনীয় অপরাধ। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ পাখি বেচাকেনার বিরুদ্ধে বন বিভাগের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে এবং এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।