শিরোনাম
◈ ডোনাল্ড ও সল্টের দুর্দান্ত ব্যাটিংয়ে অ‌স্ট্রেলিয়ার বিরু‌দ্ধে ইংল্যান্ডের ৮ উইকে‌টে জয় ◈ ভারতের প্রতিরক্ষা বাহিনীতে পাকিস্তানি গুপ্তচর, সামনে এল নতুন তথ্য ◈ পোশাক শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা আসতে পারে আজ ◈ বদলির পর সরকারি বাসা দখলে রাখা নিয়ে সরকারের সতর্কবার্তা! ◈ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পুলিশ বক্সে ভাঙচুর, আসবাবপত্র বের করে আগুন দিলেন শ্রমিকরা ◈ মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া জেলার বাইরে নেওয়া যাবে না বিচারকদের সরকারি গাড়ি ◈ জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে বিতর্ক, ক্ষোভ জানাল ইহুদি ও হিন্দু সংগঠন ◈ বাড়ছে নিবন্ধন অধিদপ্তরের কর্মচারীদের বেতন: ঢাকা-চট্টগ্রামে দৈনিক মজুরি ৮০০, অন্য এলাকায় ৭০০-৭৫০ টাকা করার প্রস্তাব ◈ স্বর্ণদ্বীপে নিজেই সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পাশে সেনাপ্রধানও ছিলেন ◈ দেশে ফেরার ঘোষণা দিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিপদে ফেলছেন হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (ভিডিও)

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬, ০৮:৩৫ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৬, ০৮:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা, পানির কারখানা সিলগালা

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে অনুমোদনহীন একটি ড্রিংকিং ওয়াটার কারখানা সিলগালা করে দিয়েছে প্রশাসন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিনব্যাপী জেলা প্রশাসন, বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত একটি টাস্কফোর্স সদর উপজেলার বিভিন্ন এলাকায় এই তদারকি অভিযান পরিচালনা করে।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শহরের উত্তর আলীপুর এলাকায় অবস্থিত 'হায়াত ড্রিংকিং ওয়াটার' নামক প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় বিএসটিআইয়ের সিএম (সার্টিফিকেশন মার্কস) লাইসেন্স গ্রহণের কোনো আবেদন না করা এবং ভ্রাম্যমাণ আদালত চলাকালে কর্মকর্তাদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় কারখানাটি তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেওয়া হয়।

একই এলাকার 'জমজম ড্রিংকিং ওয়াটার' প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দেখা যায়, তারা বিএসটিআইয়ের প্রয়োজনীয় মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়াই অবৈধভাবে প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাত করছে। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Advertisement

এছাড়া শহরের গুড়বাজার এলাকায় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে কলা সংরক্ষণ এবং কৃত্রিম উপায়ে পাকানোর দায়ে রামচন্দ্র সাহা নামের এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাহবুব বিন বাছেদ। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই ফরিদপুর কার্যালয়ের পরিদর্শক (মেট) খালিদ হাসান এবং ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী মো. সাব্বির হোসেন পুলক। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

অভিযান শেষে বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, নকল ও মানহীন পণ্য উৎপাদন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য সংরক্ষণ রোধে প্রশাসনের এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান জনস্বার্থে নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

  • সর্বশেষ