ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময়ে তিন সিটি কর্পোরেশন ও এক পৌরসভার প্রশাসক, কর্মকর্তা এবং কমিউনিটি প্রতিনিধিদের অংশগ্রহণে তিন দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নগর ভবনের সিটি হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্টের (ইউডিসিজিপি) আওতায় আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম। এতে কুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, জাইকা বাংলাদেশ অফিসের প্রতিনিধি এবং ইউডিসিজিপির কর্মকর্তারা বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহীকে পরিচ্ছন্ন, সবুজ, আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। নগরীর পরিচ্ছন্নতা বজায় রাখতে নিয়মিত বর্জ্য সংগ্রহ, সড়ক ও ড্রেন পরিষ্কার এবং নাগরিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে নগরবাসী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও জানান, নগরীতে আড়াই লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে। পাশাপাশি নগরীর উন্নয়নে মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং নগর ভবনসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।
কর্মশালায় অংশ নেওয়া কুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকরা রাজশাহীর পরিচ্ছন্নতা ও সবুজায়ন কার্যক্রমের প্রশংসা করেন। তাঁরা এ অভিজ্ঞতা নিজ নিজ নগরীতে কাজে লাগানোর আশাবাদ ব্যক্ত করেন।
কর্মশালায় রাজশাহী, গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কক্সবাজার পৌরসভার কর্মকর্তা, কমিউনিটি প্রতিনিধি, এলজিইডি, জাইকা ও ইউডিসিজিপির প্রতিনিধিরা অংশ নেন।
আগামী ২৬ নভেম্বর কর্মশালাটি শেষ হবে। এ সময় অংশগ্রহণকারীরা রাজশাহীর বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ, সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন, চিকিৎসাবর্জ্য ব্যবস্থাপনা এবং রাতের সড়ক পরিষ্কার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন।