শিরোনাম
◈ স্যান্ডপেপার কে‌লেঙ্কা‌রি : প্যাট কামিন্সকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কঠিন সিদ্ধান্ত ◈ উত্তপ্ত গোপালগঞ্জে সমাবেশ করতে চায় এনসিপি ◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৬, ০৯:২৭ সকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২৬, ০৯:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুন্সীগঞ্জে মোগল আমলের রহস্যময় ‘গায়েবি পুল’, সত্যিই কি অলৌকিকভাবে তৈরি হয়েছিল সেতু?

মুন্সীগঞ্জের বুকে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মোগল আমলের এক ইটের সেতু। স্থানীয়দের কাছে এটি পরিচিত ‘গায়েবি পুল’ নামে। কথিত আছে, সেতুটি নাকি অলৌকিকভাবে এখানে এসে বসেছে! তবে ইতিহাস বলছে, এটি মোগল আমলে নির্মিত একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। নাম পোলঘাটার ইটের পুল।

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের পোলঘাটা গ্রামে অবস্থিত এই সেতু জেলা শহর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে। ইট ও সুরকি দিয়ে তৈরি সেতুটি সদর ও টঙ্গিবাড়ী উপজেলার মধ্যে সংযোগ তৈরি করেছে। এর পশ্চিম প্রান্ত টঙ্গিবাড়ী উপজেলায়, আর পূর্ব প্রান্ত মুন্সীগঞ্জ সদরে।

অর্ধবৃত্তাকার এই সেতুর মাঝখানে নৌযান চলাচলের জন্য রয়েছে তিনটি খিলান বা পথ। দু’পাশের দুটি তুলনামূলক ছোট, মাঝেরটি বেশ বড়। কমলাঘাট-দীঘিরপাড় খালের ওপর নির্মিত সেতুটির নিচ দিয়ে একসময় লঞ্চসহ নানা ধরনের নৌযান চলাচল করত। খালটি পদ্মা থেকে ধলেশ্বরী নদীর সঙ্গে যুক্ত। দীর্ঘদিন নৌযান চলাচল করলেও সেতুর কাঠামোর তেমন ক্ষতি হয়নি।

তবে সময়ের সঙ্গে বদলেছে সেতু ও খালের চেহারা। একসময়ের ব্যস্ত খালটি এখন প্রায় মৃতপ্রায়। শুষ্ক মৌসুমে পানি শুকিয়ে যায়, নৌকা চলাচলও কঠিন হয়ে পড়ে। অন্যদিকে অযত্ন ও অবহেলায় জৌলুস হারাচ্ছে সেতুটি। মাঝখানে দেখা দিয়েছে ফাটল। বড় যানবাহন চলাচল বন্ধ থাকলেও রিকশা, সাইকেল ও মোটরবাইকের মতো ছোট যানবাহন এখনও চলাচল করে।

Advertisement

সেতুটির সঙ্গে জড়িয়ে রয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতিও। স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেনের ভাষ্য, মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা এই সেতুকে কেন্দ্র করে ক্যাম্প তৈরি করেছিলেন। পাকিস্তানি বাহিনীকে প্রতিরোধের পরিকল্পনা ও সম্মুখযুদ্ধও হয়েছিল সেতুর দুই পাশে। কাছের টোকানী পালের বাড়িতে পাকিস্তানি বাহিনী গণহত্যা চালিয়েছিল বলেও জানান তিনি।

প্রত্নতত্ত্ববিদদের মতে, পোলঘাটার ইটের পুল মোগল আমলের গুরুত্বপূর্ণ স্থাপত্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফী মুস্তাফিজুর রহমানের মতে, সেতুটি সংরক্ষণ করা জরুরি। তাঁর পরামর্শ, মুন্সীগঞ্জের বিভিন্ন সময়ের প্রত্নতাত্ত্বিক নিদর্শনকে একসঙ্গে যুক্ত করে একটি পর্যটন অঞ্চল গড়ে তোলা যেতে পারে। এর মধ্যে রয়েছে রঘুরামপুরের পাল আমলের বৌদ্ধবিহার, নাটেশ্বরের বৌদ্ধমন্দিরের স্তূপ, কাজী কসবায় সুলতানি আমলের বাবা আদমের মসজিদ, মুন্সীগঞ্জ শহরের ইদ্রাকপুর কেল্লা এবং সোনারংয়ের ব্রিটিশ আমলের জোড় মঠ।

সেতুটি ঘিরে স্থানীয়দের মধ্যে নানা লোককথা প্রচলিত থাকলেও ইতিহাসের সাক্ষ্য বলছে, এটি মোগল আমলেই নির্মিত হয়েছিল। সে সময় রাজাদের সড়কপথে যাতায়াতের সুবিধার জন্য সেতুটি তৈরি করা হয় বলে মনে করেন অধ্যাপক সুফী মুস্তাফিজুর রহমান। যথাযথ সংরক্ষণ, তথ্যসমৃদ্ধ নির্দেশিকা এবং উন্নত যোগাযোগব্যবস্থা গড়ে তোলা গেলে পোলঘাটার এই প্রাচীন সেতু মুন্সীগঞ্জের পর্যটনে নতুন আকর্ষণ হয়ে উঠতে পারে।

  • সর্বশেষ