শিরোনাম
◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৬, ০৭:৩৯ বিকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২৬, ০৭:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঘারপাড়ায় ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে আমন ধান ও সরিষার ব্যাপক ক্ষতি

আজিজুল ইসলামঃ যশোরের বাঘারপাড়ায় ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে  ধান ও সরিষার ব্যাপক ক্ষতি হয়েছে। দুই দিনের টানা বৃষ্টিতে মাঠের অধিকাংশ পাকা ধানগাছ হেলে পড়েছে। জমিতে পানি জমে থাকায় কেটে রাখা ধান ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে সদ্য বপন করা সরিষার জমিতেও পানি জমে ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। এতে আমন ধানের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১১ নভেম্বর বুধবার রাতে হঠাৎ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হয়। এরপর বৃহস্পতিবার ও শুক্রবার টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকার ফসলি জমিতে পানি জমে যায়। এতে মাঠের অধিকাংশ পাকা ধানগাছ মাটির সঙ্গে হেলে পড়েছে। বিশেষ করে যেসব জমিতে ধান এখনো পুরোপুরি পাকার অপেক্ষায় ছিল, সেসব জমির ক্ষতির আশঙ্কা বেশি। পাশাপাশি আগে কেটে মাঠে বিছিয়ে রাখা ধানও বৃষ্টির পানিতে ভিজে গেছে।

উপজেলার বিভিন্ন বিল ও নিচু এলাকার জমিতে পানি জমে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। আজমপুর মাঠ, ধলগ্রামের দশপাখিয়া মাঠ, নারিকেলবাড়িয়ার সাদিপুর মাঠ, করিমপুর মাঠ, ইন্দ্রার কয়ারবটতলা , বিল জালেশ্বর, ভগেরবিল, হাবুল্যাহ ও মহিরন মাঠে তুলনামূলক বেশি পানি জমেছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকেরা।

শালবরাট গ্রামের কৃষক লিটন হোসেন বলেন, “কাটা ধানের বেশি ক্ষতি হয়েছে। অনেক ধান মাটির সঙ্গে মিশে গেছে। অনেকের ধান মাঠে কেটে ফেলে রাখা হয়েছে। জমির পানি দ্রুত না সরলে এসব ধান নষ্ট হয়ে যাবে। মাঠে দাঁড়িয়ে থাকা ধানও হেলে পড়েছে।”

Advertisement

ইন্দ্রা গ্রামের কৃষক তোজাম মুন্সি বলেন, “দুই দিনের বৃষ্টিতে মাঠের ধান মাটির সঙ্গে জড়িয়ে পড়েছে। এতে ধান কাটতে ও ঘরে তুলতে সমস্যা হবে। ফলন কম হওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টি আরও বাড়লে ক্ষতির পরিমাণ বেড়ে যাবে।”

কৃষকদের দাবি, আমন ধানের পাশাপাশি সরিষার আবাদও ক্ষতিগ্রস্ত হয়েছে। যেসব কৃষক ইতিমধ্যে সরিষা বপন করেছেন, তাঁদের অনেকের জমিতে পানি জমে রয়েছে।  পানি দ্রুত না সরলে সরিষার চারা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে আমন ধান ঘরে তোলার আগেই নতুন করে সরিষার আবাদ নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ খরিপ-২ মৌসুমে বাঘারপাড়ায় ১৬ হাজার ৭৯৫ হেক্টর জমিতে রোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ব্রি ধান-৫১-এর আবাদ হয়েছে সবচেয়ে বেশি, ৪ হাজার ২৩ হেক্টর জমিতে। এ ছাড়া ব্রি ধান-৪৯ এক হাজার ১৭০ হেক্টর, ব্রি ধান-৮৭ এক হাজার ২৩০ হেক্টর এবং ব্রি ধান-১০৩ জাতের ধান ৫৭০ হেক্টর জমিতে চাষ করা হয়েছে। পাশাপাশি ব্রি ধান-৩৪, ব্রি ধান-৭৫, বিনা-৭, বিনা-১৭, স্থানীয় ও হাইব্রিড জাতের ধানও আবাদ করেছেন কৃষকেরা।

উপজেলা কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহান বলেন, “বৃষ্টির পানি দ্রুত সরে গেলে ক্ষতির পরিমাণ কম হবে। কৃষি বিভাগ মাঠের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।”

  • সর্বশেষ