কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরীর বাড়ির প্রধান দরজায় পেট্রল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৮ নভেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে।
ঘটনার ব্যাপারে আমিনুর রহমান চৌধুরী জানান, রাতের কোনো একসময় ২-৩ জন দুর্বৃত্ত তাঁর বাড়ির সামনের দরজায় পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পাশের পুকুরপাড়ে মুরগির খামারে থাকা লোকজন আগুন দেখতে পেয়ে এগিয়ে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার সময় বাড়িতে পরিবারের কেউ ছিলেন না। তবে তাঁর ভাইয়ের শ্যালক দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোয় আগুন ঘরের ভেতরের কাঠের দরজায় ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে বলে জানান তিনি।
আমিনুর রহমান চৌধুরী আরও জানান, বিষয়টি রাতের দায়িত্বে থাকা পুলিশ বিটের উপপরিদর্শক (এসআই) চাকমা বাবুকে অবহিত করেছি। যারা এসব অপরাজনীতি করে তাদের ব্যাপারে সজাগ থাকা সহ আইনগত ব্যবস্থা নেওয়া জরুরী বলে তিনি জানান।
এ ঘটনায় তাৎক্ষণিক নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এদিকে বুধবার বিকালে উপরোক্ত ঘটনার সুষ্ট তদন্ত ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের লকডাউনের প্রতিবাদে বিএনপি অঙ্গসংটন উপজেলা স্বেচ্ছাসেবকদলের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়।
এদিকে ঘটনার ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ রবিউল হক বলেন, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যানের বাড়ির গেইটে পেট্রল ঢেলে আগুন দিলে পরিবারের অপর লোকেরা তা নিভে দেয়,তাতে বৃহৎ কোন ক্ষয়ক্ষতি হয়নি । এ ব্যাপারে থানায় কোন মামলা কিংবা অভিযোগ করেনি বলে তিনি জানান।