পুলিশ লাইনের সামনের সড়কে থানার ‘পিকআপ ভ্যান’ রেখে হোটেলে ভাত খাচ্ছিলেন কয়েকজন পুলিশ সদস্য। ফিরে এসে দেখেন তাদের গাড়িটি আর নেই। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি গাড়িতে উঠে দ্রুত সেটি নিয়ে চলে গেছেন।
আজ বুধবার দুপুর পৌনে ৩টার দিকে নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে এ ঘটনা ঘটেছে।
দিনেদুপুরে প্রকাশ্যে সড়ক থেকে পুলিশের যানবাহন চুরির ঘটনায় সিএমপিতে তোলপাড় শুরু হয়েছে। পুলিশের একাধিক টিম চুরি যাওয়া গাড়ির সন্ধানে তল্লাশি চালাচ্ছে।
নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ আগামীর সময়কে বললেন, ‘হালিশহর থানার সিঙ্গেল ডেকার একটি পুরনো পিকআপ ভ্যান। সেটা নিয়ে টহল টিমের পুলিশ সদস্যরা বের হয়েছিল। সম্ভবত তিনজন ছিল। তারা গাড়িটা পুলিশ লাইনের সামনে পার্কিং করে রেখে সামনের রেস্টুরেন্টে ভাত খেতে গিয়েছিল।
সিসি ক্যামেরায় দেখা গেছে, একজন চোর গাড়িতে উঠে সেটা নিয়ে দ্রুত পালিয়ে গেছে। আমরা চোরকে গ্রেপ্তার করে গাড়িটা উদ্ধারের চেষ্টা করছি।’
হালিশহর থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল আগামীর সময়কে বললেন, ‘তদন্ত করে ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হবে।’