শিরোনাম
◈ কৃষিজমি নষ্ট করে অপ্রয়োজনীয় রাস্তা নয়, রংপুর বাইপাসের সম্ভাব্যতা যাচাই করবে সরকার ◈ মোহাম্মদপুর-ধানমন্ডি-সবুজবাগে মনোরেল চালুর পরিকল্পনা, যানজট কমাতে ৫০ পয়েন্টে এআই ট্রাফিক সিগন্যাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ বাংলা‌দেশ‌কে হা‌রি‌য়ে এশিয়া কাপ ব্লাইন্ড ক্রিকে‌টের ফাইনালে ভারত ◈ ৩১শে ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত ক‌রে‌ছেন উচ্চ আদালত ◈ ভুয়া ভিসা ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী ◈ পুলিশ-বিজিবির গাড়ি থেকে এমপির বাড়িতে আগুন, কীভাবে উত্তপ্ত হলো টুঙ্গিপাড়া? ◈ আওয়ামী লীগ ভারতে বসে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে: রিজভী ◈ জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর তাগিদ, সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে, হিমশিম খাচ্ছে সরকার: ইকোনমিস্টের রিপোর্ট

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৬, ০৮:২৫ রাত
আপডেট : ১৮ নভেম্বর, ২০২৬, ০৮:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরীরে ৮টি গুলির ক্ষত, ৫ ঘণ্টা চিকিৎসা শেষে সঙ্গীকে নিয়ে বনে ফিরল সেই হাতি

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ সেই বন্য স্ত্রী হাতিটি চিকিৎসা শেষে পুরুষ সঙ্গীর সঙ্গে আবারও গভীর বনে ফিরে গেছে। শরীরের আটটি স্থানে গুলির ক্ষত নিয়ে যন্ত্রণায় ছটফট করা হাতিটিকে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চিকিৎসা দিয়েছেন বন্যপ্রাণী চিকিৎসকেরা। চিকিৎসা শেষে আহত স্ত্রী হাতিটি উঠে দাঁড়াতেই তার পাশে এসে দাঁড়ায় এত দিন আগলে রাখা পুরুষ হাতিটি। এরপর সঙ্গীকে অনুসরণ করে ধীরে ধীরে গভীর বনের দিকে চলে যায় আহত হাতিটি।

বুধবার (১৮ নভেম্বর) টেকনাফের গভীর বনাঞ্চলে এ ঘটনা ঘটে। আহত হাতিটির ওপর আগামী ৫ দিন ড্রোনের মাধ্যমে নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে বন বিভাগ। একই সঙ্গে হাতিটিকে গুলি করার ঘটনায় জড়িতদের শনাক্ত করতে অনুসন্ধান শুরু হয়েছে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী তরিকুর রহমান জানান, আহত হাতিটির সন্ধানে মঙ্গলবার (১৭ নভেম্বর) বন বিভাগের একটি দল ড্রোন নিয়ে টেকনাফের গভীর বনাঞ্চলে অভিযান চালায়। বিকেলের দিকে একটি পাহাড়ের ওপর হাতিটির অবস্থান শনাক্ত করা হয়। তবে পাহাড়ের ওপর ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকায় চিকিৎসা দিতে গেলে হাতিটি নিচে পড়ে যাওয়ার আশঙ্কা ছিল। এ কারণে মঙ্গলবার চিকিৎসা শুরু করা সম্ভব হয়নি।

পরে বুধবার সকালে হাতিটি পাহাড় থেকে নিচে নেমে এলে চিকিৎসার উদ্যোগ নেওয়া হয়। সকাল ১১টার দিকে বন্যপ্রাণী চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি দল দূর থেকে বিশেষ ইনজেকশন প্রয়োগের মাধ্যমে হাতিটির চিকিৎসা শুরু করে। বিকেল ৪ টা পর্যন্ত চলে চিকিৎসা কার্যক্রম।

Advertisement

বিভাগীয় বন কর্মকর্তা কাজী তরিকুর রহমান বলেন, ‘আহত হাতিটির শরীরে আটটি গুলির ক্ষতচিহ্ন পাওয়া গেছে। আমাদের ধারণা, পাহাড়ে অবস্থানরত কোনো সন্ত্রাসী গোষ্ঠী হাতিটিকে গুলি করেছে। কারা এবং কী কারণে হাতিটিকে গুলি করেছে, তা শনাক্ত করতে বন বিভাগ অনুসন্ধান শুরু করেছে।’

তিনি আরও বলেন, ‘চিকিৎসা শেষ হওয়ার পর পুরুষ হাতিটি আহত স্ত্রী হাতিটির পাশে এসে দাঁড়ায়। এরপর স্ত্রী হাতিটি উঠে দাঁড়িয়ে পুরুষ হাতিটিকে অনুসরণ করে গভীর বনের দিকে চলে যায়। আগামী পাঁচ দিন ড্রোনের মাধ্যমে হাতিটির গতিবিধি ও শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হবে।’

এর আগে সোমবার (১৬ নভেম্বর) ভোর ৬টার দিকে টেকনাফের বাহারছড়া পাহাড় থেকে আহত স্ত্রী হাতিটিকে নিয়ে লোকালয়ে নেমে আসে পুরুষ হাতিটি। বাহারছড়ার জাহাজপুরা ইকোপার্ক ও হাজী মোজাহের স্মৃতি স্টেডিয়ামসংলগ্ন এলাকায় হাতি দুটিকে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্ত্রী হাতিটির পেছনের ডান পায়ে গভীর ক্ষত ছিল। যন্ত্রণায় ঠিকমতো হাঁটতে পারছিল না হাতিটি। হাঁটতে গিয়ে বারবার থেমে যাচ্ছিল। কিন্তু পুরুষ হাতিটি এক মুহূর্তের জন্যও আহত সঙ্গীকে ছেড়ে যায়নি। স্ত্রী হাতিটি যেখানে থেমেছে, সেখানেই দাঁড়িয়ে থেকেছে পুরুষ হাতিটি। কখনো পাশে, কখনো পেছনে থেকে আহত সঙ্গীকে আগলে রেখেছে।

আহত সঙ্গীর প্রতি পুরুষ হাতিটির এমন মমত্ববোধ স্থানীয় বাসিন্দাদের আবেগাপ্লুত করে। বিষয়টি জানাজানি হলে আহত হাতিটির চিকিৎসার দাবিও ওঠে।

পরে মঙ্গলবার ভোর থেকে বন্যপ্রাণী চিকিৎসকসহ বন বিভাগের প্রায় ৩০ জন কর্মী চারটি দলে বিভক্ত হয়ে পাহাড়ি বনাঞ্চলে হাতিটির সন্ধানে অভিযান শুরু করেন। অভিযানে হাতি সুরক্ষা দলের সদস্য ও স্থানীয় সচেতন নাগরিকেরাও সহযোগিতা করেন। একপর্যায়ে ড্রোনের সাহায্যে হাতিটির অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় বন বিভাগ।

বন বিভাগের কর্মকর্তারা জানান, আহত হাতিটির শরীরে একাধিক গুলির ক্ষত পাওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পাহাড়ে সক্রিয় কোনো সন্ত্রাসী গোষ্ঠী এ ঘটনায় জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের আগে নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে দায়ী করা যাচ্ছে না।

এদিকে চিকিৎসা শেষে আহত স্ত্রী হাতিটি পুরুষ সঙ্গীর সঙ্গে বনে ফিরে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে গুলিবিদ্ধ হাতিটির সম্পূর্ণ সুস্থতা নিয়ে এখনো উদ্বেগ রয়েছে। বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী পাঁচ দিন হাতিটির গতিবিধি পর্যবেক্ষণ করা হবে।

স্থানীয়দের প্রত্যাশা, গুলিবিদ্ধ হাতিটি দ্রুত সুস্থ হয়ে উঠবে। একই সঙ্গে বন্যপ্রাণীর ওপর এমন নির্মম হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।

  • সর্বশেষ