প্রমথ রঞ্জন সরকার, কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতাঃ প্রায় আড়াই বছর পর গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খুলে দিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উল্লাস প্রকাশ করেছেন।
আজ বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও অঙ্গ -সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টি খুলে ভিতরে প্রবেশ করেন।
পরে আওয়ামী লীগ ঘোষিত ১৯ নভেম্বর, বৃহস্পতিবারের লকডাউন সফল করার লক্ষ্যে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র কারাবন্দী মোঃ কামাল হোসেন শেখের বাড়ি হয়ে উপজেলা শহীদ মিনার চত্বর এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা বক্তব্য রাখেন।
এছাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম বাদল, উপজেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খাইরুল রাজ্জাক খসরু,উপজেলা ছাত্রলীগের সভাপতি স্বপন তালুকদার, সাধারণ সম্পাদক শামীম দাড়িয়াসহ আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী ও সমার্থকরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা ঘোষিত কর্মসূচি সফল করার আহ্বান জানান।