শিরোনাম
◈ পারমাণবিক অস্ত্রে বিশ্বের শীর্ষ ৯ দেশ, কার হাতে কতটি আছে? ◈ ‘হেডম দেখিয়ে লাভ নেই, অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হবে’: হাসনাত আবদুল্লাহ ◈ প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগে আরেকটি যে দেশে হামলা করতে চান ট্রাম্প! ◈ টিকটকে ভাইরাল ভিডিওর জন্য খাঁচা থেকে বাঘ বের করতেই প্রাণঘাতী হামলা, পাকিস্তানে তরুণ নিহত ◈ উদ্যোক্তাদের জন্য সুখবর: আইডিয়া থেকে ব্যবসা, স্টার্টআপ গড়তে ৫০ লাখ টাকা পর্যন্ত দেবে সরকার, আবেদন করতে পারবেন প্রবাসীরাও ◈ বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, সাক্ষাৎকারের জন্য নতুন করে লটারিতে নির্বাচিত হবেন আরও ৫০ জন ◈ শেখ হাসিনাকে সামরিক বিমানে ফেরানোর বিষয়ে প্রশ্নে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ ইসলামী ব্যাংকের মালিকানায় বড় পরিবর্তন, নিয়ন্ত্রণ যেতে পারে সরকারের হাতে ◈ সরকারি পেনশন বাড়ছে সর্বোচ্চ ১০০ শতাংশ, প্রজ্ঞাপন জারি ◈ ৮৯ রানে অলআউট ভারত, ২৪৪ রানের বিশাল জয়ে সিরিজ জমিয়ে তুললো নিউজিল্যান্ড

প্রকাশিত : ১৪ নভেম্বর, ২০২৬, ০৮:০০ সকাল
আপডেট : ১৪ নভেম্বর, ২০২৬, ০৮:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের ৩১তম গ্যাসক্ষেত্র হতে পারে ইনানী, উত্তোলনের প্রস্তুতিতে বাপেক্স

কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় বেরিয়ে আসা প্রাকৃতিক গ্যাসে টানা ১৮ দিন ধরে আগুন জ্বলছে। এবার সেখানে গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণ ও উত্তোলনের সম্ভাবনা যাচাইয়ে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকে লরি ও ক্রেনে করে ঘটনাস্থলে নেওয়া হয়েছে ভারী যন্ত্রপাতি, পাইপ, কারিগরি সরঞ্জামসহ খননকাজের বিভিন্ন উপকরণ। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যেকোনও সময় নিয়ন্ত্রিত খনন ও কারিগরি কার্যক্রম শুরু হতে পারে।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার বলেন, ইনানীতে নলকূপ থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলার পর থেকেই ঘটনাটি পর্যবেক্ষণ করা হচ্ছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং বিস্ফোরণ ও ভূমিধসের মতো ঝুঁকি এড়াতে ঘটনার পরপরই ১৪৪ ধারা জারি করা হয়। এরপর থেকে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

তিনি আরও জানান, বাপেক্সের উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে অবস্থান করছে। তারা আগুন নিয়ন্ত্রণ, গ্যাসের চাপ ও প্রবাহ, ভূতাত্ত্বিক গঠন এবং নিরাপদে গ্যাস উত্তোলনের প্রাথমিক প্রস্তুতি পর্যালোচনা করছেন।

Advertisement

বাপেক্সের ভূতত্ত্ববিদ নাসির উদ্দিন জানান, দীর্ঘ পর্যবেক্ষণে গ্যাসের প্রবাহ ও চাপ স্থিতিশীল দেখা গেছে। নিরাপত্তা নিশ্চিত করে কীভাবে আগুন নিয়ন্ত্রণে এনে পরবর্তী সময়ে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন করা যায়, সে বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে তিনি জানিয়েছিলেন, পর্যবেক্ষণ শেষে বাপেক্সের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গ্যাসের বাণিজ্যিক সম্ভাবনা যাচাই করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

এদিকে স্থানীয় ব্যবসায়ী জসিম উদ্দিন, মোহাম্মদ আলী ও মীর আহমদ জানান, শুক্রবার সকাল থেকে লরি ও ক্রেনে করে বিভিন্ন ভারী যন্ত্রপাতি ঘটনাস্থলে আনা হচ্ছে। তাদের ধারণা, বাপেক্সের প্রতিনিধিদল শিগগিরই খননকাজ শুরু করতে পারে। ইনানীতে গ্যাসের সম্ভাবনাকে ঘিরে আশাবাদী স্থানীয় বাসিন্দারাও।

বিশেষজ্ঞদের ধারণা, ইনানীর ভূগর্ভে উল্লেখযোগ্য গ্যাসের স্তর থাকতে পারে। টানা প্রায় তিন সপ্তাহ ধরে একই চাপ ও প্রবাহে গ্যাস নির্গত হওয়াকে তারা সম্ভাব্য বড় গ্যাসের মজুদের ইঙ্গিত হিসেবে দেখছেন। তবে ভূতাত্ত্বিক জরিপ, সিসমিক সমীক্ষা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ছাড়া গ্যাসের প্রকৃত মজুদ কিংবা বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয়।

বর্তমানে দেশে সরকারিভাবে আবিষ্কৃত গ্যাসক্ষেত্রের সংখ্যা ৩০টি। এর মধ্যে প্রায় ২০টি থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উৎপাদিত হচ্ছে। তিতাস, হবিগঞ্জ, বিবিয়ানা, কৈলাশটিলা, রশিদপুর, বিয়ানীবাজার, ফেঞ্চুগঞ্জ, জালালাবাদ, সেমুতাং, বাঙ্গুরা, শাহবাজপুর, সুন্দলপুর, শ্রীকাইল, শাহজাদপুর ও ভোলা নর্থসহ দেশের বিভিন্ন গ্যাসক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হচ্ছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ইনানীতে পর্যাপ্ত গ্যাসের মজুদ নিশ্চিত হলে এবং বাণিজ্যিকভাবে উত্তোলন সম্ভব হলে এটি হতে পারে দেশের ৩১তম গ্যাসক্ষেত্র। এমন আবিষ্কার দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করার পাশাপাশি আমদানিনির্ভরতা কমাতেও ভূমিকা রাখতে পারে।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী এলাকায় গভীর নলকূপ খননের সময় প্রায় এক হাজার ফুট গভীর থেকে গ্যাস বের হতে শুরু করে। একপর্যায়ে সেখানে আগুন ধরে যায়। এরপর থেকে বাপেক্স, পেট্রোবাংলা ও স্থানীয় প্রশাসন যৌথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

  • সর্বশেষ