নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে বিএনপির এক নেতার পৈতৃক সম্পত্তির পাঁচ শতাংশ জমি দখল এবং বাড়ির চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল্লা আল ফারুকের বিরুদ্ধে। এ ঘটনায় পরিবারের নিরাপত্তা ও জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী বিএনপি নেতা মো. সাদ্দাম হোসেন রুবেল।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। রুবেল অশ্বদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।
লিখিত বক্তব্যে রুবেল অভিযোগ করেন, ২০০৫ সাল থেকে পৈতৃক সম্পত্তি নিয়ে আবদুল্লা আল ফারুকের সঙ্গে তাদের বিরোধ চলে আসছে। দীর্ঘদিন ধরে তাদের রেকর্ডীয় পাঁচ শতাংশ জমি দখল করে বাড়ির প্রবেশপথ বন্ধ করে রাখা হয়েছে। এতে পরিবারের সদস্যদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে অসুস্থ কাউকে হাসপাতালে নেওয়ার সময় চরম ভোগান্তিতে পড়তে হয় তাদের।
তিনি আরও অভিযোগ করেন, জমি দখলের প্রতিবাদ করায় বিভিন্ন সময় তাকে হুমকি দেওয়া হয়েছে। আবদুল্লা আল ফারুকের ইন্ধনে তার জেঠাতো ভাই বেলায়েত হোসেন মজনু, অশ্বদিয়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক নাসির উদ্দিন পিন্টু ও শাহ আলমসহ কয়েকজন তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়ে গুরুতর আহত করেন। ওই হামলার পর প্রায় তিন বছর চিকিৎসাধীন থাকতে হয়েছে বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে রুবেল আরও অভিযোগ করেন, আবদুল্লা আল ফারুকের পরিবারের একাধিক সদস্য আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং তিনি আওয়ামী লীগের অর্থদাতা ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে নিজ বাড়িতে দাওয়াত করে ভূরিভোজের আয়োজন করেন তিনি। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজের বিরুদ্ধে হওয়া একাধিক মামলা প্রত্যাহার করিয়ে নেওয়ার অভিযোগও করেন রুবেল।
তার দাবি, বিএনপি সরকার গঠনের পর আবদুল্লা আল ফারুক আরও বেপরোয়া হয়ে উঠেছেন। এলাকায় কিশোর গ্যাং গঠন করে বিভিন্ন অপকর্মে জড়ানোর চেষ্টা করছেন। ষড়যন্ত্রের মাধ্যমে তাকে একাধিকবার দল থেকে বহিষ্কার করিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। গত ৫ আগস্ট রাতে বিভিন্ন এলাকা থেকে লোকজন ভাড়া করে এনে ডাক্তারহাট বাজারে হামলা ও ভাঙচুর চালিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয় বলেও দাবি করেন রুবেল।
রুবেল বলেন, এসব বিষয়ে স্থানীয়ভাবে একাধিকবার অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি। তাই জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং নোয়াখালী-৩, ৪ ও ৫ আসনের সংসদ সদস্যসহ বিএনপির নেতাদের সহযোগিতা কামনা করছেন তিনি।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আবদুল্লা আল ফারুক। তিনি বলেন, রুবেলের কোনো জমি তার দখলে নেই, বরং রুবেলের কাছে আরও বেশি জমি রয়েছে। রুবেলের সঙ্গে তার কোনো বিরোধ নেই, বিরোধ ছিল তার জেঠাতো ভাই মজনুর সঙ্গে। মজনু ঘর নির্মাণ করতে গেলে রুবেল বাধা দেন। রাজনৈতিক প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে রুবেলকে দিয়ে এসব অভিযোগ করাচ্ছেন।
সংবাদ সম্মেলনে রুবেলের মা শাহজান বেগম ও বড় ভাই বেলায়েত হোসেন বেলাল উপস্থিত ছিলেন।