শিরোনাম
◈ মেসিহীন আর্জেন্টিনাকে হারানোর সুযোগ উরুগুয়ের সাম‌নে ◈ অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে : রাষ্ট্রপতি ◈ বিশ্বজুড়ে ছড়াচ্ছে করোনার নতুন ধরন পিজে.২.১ নিয়ে উদ্বেগ, কতটা বিপজ্জনক এই ভাইরাস? ◈ আশুলিয়ায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ২০ কারখানা ছুটি ঘোষণা, আহত ২ ◈ আপিলের সময় শেষ, দেশে ফিরলে শেখ হাসিনার ফাঁসি কার্যকর ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর ◈ শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, তাঁর বক্তব্য এআই নাকি বাস্তব—জানি না: নুরুল হক নুর ◈ শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে প্রত্যর্পণ চুক্তির আওতায় উদ্যোগ নিচ্ছে সরকার: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ ◈ ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ ইন্দিরা গান্ধীর রাগের ভয়ে অস্থির থাক‌তেন সনিয়া, রাজীব বলতেন, ‘মা ঠিক হয়ে যাবেন’ ◈ বাংলাদেশ ব্যাংকে কারিগরি ত্রুটি, সাময়িক বন্ধ আরটিজিএস লেনদেন

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৬, ০৮:০০ রাত
আপডেট : ১০ নভেম্বর, ২০২৬, ০৮:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্তের বাণিজ্যিক মেলবন্ধন এখন তালাবদ্ধ

নুর উদ্দিন, সুনামগঞ্জ : একসময় সীমান্তজুড়ে ছিল মানুষের পদচারণা, বেচাকেনার ব্যস্ততা আর কর্মচাঞ্চল্য। দুই দেশের মানুষের মিলনমেলায় পরিণত হয়েছিল সুনামগঞ্জের তিনটি বর্ডার হাট। পাহাড়ি সীমান্তের প্রত্যন্ত জনপদে তৈরি হয়েছিল ক্ষুদ্র ব্যবসা, কৃষিপণ্য বিপণন ও শ্রমনির্ভর কর্মসংস্থানের নতুন সম্ভাবনা। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে এসব হাট। তালাবদ্ধ দোকানকোঠা আর নীরব স্থাপনাগুলো যেন সীমান্ত অর্থনীতির স্থবিরতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বর্ডার হাট বন্ধ হয়ে যাওয়ায় শুধু ব্যবসা-বাণিজ্য নয়, জীবিকার গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্রও হারিয়েছেন সীমান্তবর্তী কয়েক হাজার মানুষ। তাই স্থানীয় অর্থনীতি সচল করতে দ্রুত হাটগুলো পুনরায় চালুর দাবি জানিয়েছেন তারা। তবে কবে নাগাদ এসব হাট চালু হতে পারে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো আশ্বাস পাওয়া যায়নি।

সুনামগঞ্জে প্রথম বর্ডার হাট চালু হয় ২০১২ সালের ২৪ এপ্রিল। সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ডলুরা এবং ভারতের মেঘালয় রাজ্যের বালাট সীমান্তে স্থাপিত এ হাটটি জেলার সীমান্ত বাণিজ্যে নতুন মাত্রা যোগ করে। দ্বিতীয় বর্ডার হাট চালু হয় ২০২২ সালের ১২ মে দোয়ারাবাজার উপজেলার বোগলা ইউনিয়নের বাগানবাড়ি ও ভারতের রিংকু সীমান্তে। ২০২৩ সালের ২৪ মে তাহিরপুর উপজেলার লাউড়েরগড়ের (শাহিদাবাদ) বিপরীতে ভারতের নালিকাটা সীমান্তে চালু হয় জেলার তৃতীয় হাট।

করোনাকালে সাময়িক বিরতি ছাড়া হাটগুলো নিয়মিত চালু ছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে বন্ধ রয়েছে তিনটি হাটের কার্যক্রম।

Advertisement

সম্প্রতি ডলুরা ও বাগানবাড়ি বর্ডার হাট এলাকায় গিয়ে দেখা যায়, পাহাড়ঘেরা মনোরম পরিবেশে দাঁড়িয়ে আছে টিনশেডের দোকানকোঠা ও অন্যান্য স্থাপনা। কোথাও পাঁচটি, কোথাও তিনটি করে মোট ৫০টি দোকানকোঠা রয়েছে। বাংলাদেশ অংশের প্রবেশপথে ঝুলছে তালা। তারকাঁটার বেড়ায় ঘেরা হাটের ভেতরে স্থানীয় কিশোরদের ফুটবল খেলতে দেখা যায়। যে স্থান একসময় দুই দেশের মানুষের পদচারণায় মুখর থাকত, সেখানে এখন বিরাজ করছে নীরবতা।

প্রতিটি হাটে বাংলাদেশ ও ভারতের ২৫ জন করে মোট ৫০ জন কার্ডধারী স্থানীয় বাসিন্দা ব্যবসা করার সুযোগ পেতেন। স্থানীয়ভাবে উৎপাদিত ফলমূল, শাকসবজি, মসলা, বনজ সম্পদ, কুটিরশিল্প, কৃষিজাত পণ্য, তৈরি পোশাক, প্রসাধনসামগ্রী ও গৃহস্থালির সামগ্রী কেনাবেচা হতো এসব হাটে। শুল্কমুক্ত বাণিজ্যের এ সুযোগকে কেন্দ্র করে গড়ে উঠেছিল স্থানীয় কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী, পরিবহনশ্রমিক ও দিনমজুরদের আয়ের পথ।

সীমান্ত হাটের মূল উদ্দেশ্য ছিল সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, স্থানীয় পণ্যের বাজার সৃষ্টি এবং দুই দেশের সীমান্তবাসীর মধ্যে অর্থনৈতিক ও সামাজিক যোগাযোগ বাড়ানো। সেই বিবেচনায় সুনামগঞ্জের তিনটি হাট কেবল কেনাবেচার কেন্দ্র ছিল না, ছিল স্থানীয় অর্থনীতির বিকল্প চালিকাশক্তি।

ডলুরা গ্রামের বাসিন্দা সাধনা বেগম বলেন, প্রতি মঙ্গলবার হাট বসত। দুই দেশের অনেক মানুষ আসতেন। ভালো বেচাকেনা হতো। স্থানীয়রা শাকসবজিসহ বিভিন্ন পণ্য বিক্রি করতেন। ভারতীয়রাও নানা পণ্য নিয়ে আসতেন। কম দামে প্রয়োজনীয় জিনিস কেনা যেত। হাট বন্ধ হওয়ার পর তাদের চলতে কষ্ট হচ্ছে। এটি আবার চালু হলে এলাকার মানুষের উপকার হবে।

একই গ্রামের আফতাব উদ্দিন ও মহরম আলী জানান, বর্ডার হাটে ভারতীয় অনেক পণ্য তুলনামূলক কম দামে পাওয়া যেত। অন্যদিকে স্থানীয় কৃষকেরা তাঁদের উৎপাদিত সবজি ভারতীয় ক্রেতাদের কাছে ভালো দামে বিক্রি করতে পারতেন। ব্যবসার পাশাপাশি শ্রমিক হিসেবেও অনেকের আয়-রোজগারের সুযোগ ছিল। হাট বন্ধ হওয়ায় সেই সম্ভাবনা হারিয়ে গেছে।

তাদের ভাষ্য, বর্ডার হাট চালু থাকলে সীমান্ত এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড সচল থাকে। এখন এলাকাগুলো অনেকটাই স্থবির। তাই দুই দেশের আলোচনার মাধ্যমে দ্রুত হাটগুলো চালু করা প্রয়োজন।

বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান বলেন, বর্ডার হাট সীমান্তবর্তী মানুষের অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ তৈরি করেছিল। শুল্কমুক্ত পণ্য কেনাবেচার পাশাপাশি স্থানীয় ব্যবসা ও কর্মসংস্থানের ক্ষেত্র সম্প্রসারিত হয়েছিল। জেলার তিনটি হাটের মাধ্যমে কয়েক হাজার মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর হাটগুলো বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয়দের আর্থিক স্বচ্ছলতার পথ সংকুচিত হয়েছে। সীমান্তবাসীর দাবি, হাটগুলো আবার চালু করা হোক।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ বলেন, বর্ডার হাটগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। সংশ্লিষ্ট তথ্য জানিয়ে দেওয়া হয়েছে। তবে হাট চালুর বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। এটি সম্পূর্ণ সরকারের নীতিগত সিদ্ধান্ত।

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, বর্ডার হাটের বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ের। হাটগুলোর গুরুত্ব বিবেচনায় উচ্চপর্যায়ে পর্যবেক্ষণের পাশাপাশি আলোচনা চলছে। দেখা যাক কী হয়।

  • সর্বশেষ