ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর মোহনপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে তিন সক্রিয় সদস্যকে আটক করেছে মোহনপুর থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ৪০টি মশাল, একটি মোটরসাইকেল, একটি চাকু ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর ২০২৬) রাত ১১টা ১৫ মিনিটের দিকে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার ৫ নম্বর বাকশিমইল ইউনিয়নের পত্রপুর গ্রামে যমুনা জুট মিলের সামনে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে অভিযান চালায়।
পুলিশের দাবি, ওই সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, এর অঙ্গসংগঠন ও ছাত্রলীগের প্রায় ৫০ থেকে ৬০ জন সদস্য সেখানে সমবেত হয়ে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরবেন, এমন প্রচারণার সমর্থনে এবং ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের কর্মসূচির অংশ হিসেবে তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা অন্যরা পালিয়ে গেলেও তিনজনকে আটক করা সম্ভব হয়। আটক ব্যক্তিরা হলেন—মো. মেহেদী হাসান নিরব (২৫), পিতা মোজাহার আলী, সাং হরিদাগাছি; মো. মশিউর রহমান তুহিন (২৪), পিতা মো. ইমরুল হোসেন এবং মো. সুমন আলী (২১), পিতা দুলাল হোসেন। শেষোক্ত দুজনের বাড়ি তিলাহারী গ্রামে। তাদের সবার বাড়ি মোহনপুর থানাধীন এলাকায়।
এ সময় সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থল থেকে ৪০টি মশাল, একটি মোটরসাইকেল, বাটসহ প্রায় ৮ ইঞ্চি লম্বা একটি চাকু এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। মোহনপুর থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।