আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সমির উদ্দীন স্মৃতি কলেজ শাখা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে কলেজের প্রধান ফটকে তালা লাগিয়ে ধর্মঘটের পোস্টার সাঁটিয়ে বাইরে অবস্থান করছিলেন আরিফ। এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে দেখতে পেয়ে ধাওয়া করেন। একপর্যায়ে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন তারা।
পরে পুলিশ তাকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে কলেজে অস্থিরতা তৈরির চেষ্টা করছিলেন আরিফ। তার আটকের খবরে এলাকায় স্বস্তি ফিরেছে।