ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের এক নারীর করা তিন লক্ষ টাকা চাঁদাবাজি মামলায় জেলার তিন সাংবাদিকসহ ৪ জনকে কারাগারে প্রেরণ করেছে আদালত।
সোমবার (০৯ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকা চীফ মেট্রোপলিটন কোর্টের ১৫ নং আমলী আদালতের বিচারক নাজমিন আক্তার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে প্রেরণ করা সাংবাদিকরা হলেন- এশিয়ান টিভির ফরিদপুর প্রতিনিধি সাদ্দাম হোসেন সোহান (৩৮), রাজধানী টেলিভিশনের সাকিবুর রহমান সাকিব (৩২), ঢাকার সময় ও দৈনিক যায়যায়কাল নামক পত্রিকার মো. সাজ্জাদ হোসেন (৪০)। অপর ব্যক্তির নাম ওয়াহিদুজ্জামান মোল্লা (৪৭)। তাদের সবার বাড়ি ফরিদপুরে।
জানা যায়, ফরিদপুরের নগরকান্দা উপজেলার জুঙ্গুরদী এলাকার বাসিন্দা আয়শা আক্তার (২৬) নামের এক নারী তার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে বলে ওই তিন সাংবাদিকসহ চারজনের নামে কোর্টে একটি চাঁদাবাজি মামলা দায়ের করে। যার মামলা নং- সিআর ৪২৩/২০২৬। ওই মামলায় সোমবার আদালতে হাজির হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
তবে মামলার বাদী পক্ষের আইনজীবী ব্যারিস্টার আসাদুজ্জামান জানান, তারা নিজেদের 'সাংবাদিক' পরিচয় দিয়ে ফরিদপুর ও রাজবাড়ী জেলায় চাঁদাবাজি করেছিল। মিথ্যা মামলা ও মানহানিকর সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে তারা বিভিন্ন ব্যক্তি, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ীর কাছ থেকে নিয়মিত মোটা অঙ্কের চাঁদা দাবি ও আদায় করত। তাদের এমন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে অবশেষে আদালতের দ্বারস্থ হন এক ভুক্তভোগী সরকারি কর্মকর্তার স্ত্রী। আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে।