জুয়েল নাগ, মিরসরাই : মীরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উপকূলীয় রুট ব্যবহার করে মিয়ানমারে পাচারের সময় উদ্ধার হওয়া ৩০১ বস্তা ইউরিয়া সার চোরাচালান মামলায় তদন্তে জড়িত থাকার তথ্যের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তার তিনজন স্থানীয় বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। রবিবার (৮ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ওসমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মহসিন ওরফে সম্রাট (৫৭), তার ছেলে আজাহার উদ্দিন মাহিন (২২) এবং ওসমানপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফাবিয়াতুল ফারাবি (২৪)।
জোরারগঞ্জ থানা পুলিশের ৯ নভেম্বরের প্রেস রিলিজে জানানো হয়, গত ৩১ অক্টোবর চোরাচালানকালে দুটি ড্রাম ট্রাক থেকে ৩০১ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তে গ্রেপ্তার তিনজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, নোয়াখালীর সুবর্ণচর এলাকার মাহে আলম মেম্বার ও তার ভাই নুর উদ্দিন সার চালানের বিষয়টি মহসিন ওরফে সম্রাটকে জানান এবং স্থানীয়ভাবে সহযোগিতা করার অনুরোধ করেন।
পরবর্তীতে মীরসরাই অর্থনৈতিক অঞ্চল এলাকায় শওকত আকবর সোহাগসহ কয়েকজন ব্যক্তি ট্রাকভর্তি সার মুহুরী প্রজেক্টের বেড়িবাঁধ এলাকা দিয়ে মিয়ানমারে পাচারের জন্য প্রলোভন দেখান বলে পুলিশের দাবি। ওই প্রলোভনে মহসিন ওরফে সম্রাট ফাবিয়াতুল ফারাবিসহ অন্যদের সহযোগিতায় সারগুলো পাচারের চেষ্টা করেন বলে জানিয়েছে পুলিশ।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, “৩০১ বস্তা ইউরিয়া সার উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলার তদন্তে বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে তিনজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরে গত ৮ নভেম্বর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মামলার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।”
তিনি বলেন, “গ্রেপ্তার তিন আসামিকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”