হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় জুমার নামাজ শেষে মসজিদের সামনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজ শেষে উপজেলার মিরাকান্দা পশ্চিমপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নগরকান্দার ওবায়দুল মাতুব্বরের অনুসারীদের সঙ্গে ইকবাল শেখের অনুসারীদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে জুমার নামাজ পড়তে গিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষের সমর্থকরা লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলে এই সংঘাত।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন।
এ বিষয়ে নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুহম্মদ আল ফাহাদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় পুনরায় অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।