সরওয়ার আজম মানিক, কক্সবাজার : রোহিঙ্গা সংকট মোকাবিলায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) ঐক্যবদ্ধ ভূমিকা এবং স্থানীয়করণ বা ‘লোকালাইজেশন’ প্রক্রিয়া জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। কক্সবাজারে রোহিঙ্গা প্রত্যুত্তর কার্যক্রমে নিয়োজিত এনজিওগুলোর ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম এনজিও প্ল্যাটফর্ম (এনজিওপি) সদস্যদের সাধারণ সভায় এ বিষয়ে আলোচনা হয়।
৭ অক্টোবর রাতে কক্সবাজারে অনুষ্ঠিত এ সাধারণ সভায় রোহিঙ্গা সহায়তায় কাজ করা বিভিন্ন সংস্থার প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থার কর্মকর্তা, সরকারি কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিরা অংশ নেন।
সভায় রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান নিয়ে প্রাণবন্ত গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, দীর্ঘমেয়াদে এ সংকটের একমাত্র টেকসই সমাধান হচ্ছে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের কারণে স্থানীয় জনগোষ্ঠীর ওপর যে বাড়তি চাপ সৃষ্টি হয়েছে, তা বিবেচনায় নিয়ে তাদের জন্যও কার্যকর সহায়তা ও উন্নয়ন কার্যক্রম জোরদার করা প্রয়োজন।
আলোচনায় বিশেষ করে রোহিঙ্গা শিবিরের আশপাশে বসবাসকারী স্থানীয় জনগোষ্ঠীর নানা সমস্যা তুলে ধরা হয়। দীর্ঘদিন ধরে ভূগর্ভস্থ পানি উত্তোলনের কারণে এলাকায় পানির সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অপহরণ ও ছিনতাইয়ের মতো ঘটনাও স্থানীয়দের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সভায় রোহিঙ্গা প্রত্যুত্তর কার্যক্রমে স্থানীয় প্রতিষ্ঠান ও জনগোষ্ঠীর অংশগ্রহণ বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়। স্থানীয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধি, স্থানীয় সংস্থাগুলোকে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাদের ভূমিকা বাড়ানোর বিষয়টি আলোচনায় উঠে আসে।
এ সময় রোহিঙ্গা সমন্বয় প্ল্যাটফর্ম (আরসিপি) পরিচালিত স্থানীয়করণ উদ্যোগ নিয়েও আলোচনা হয়। বক্তারা বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি ও টেকসই কার্যক্রম নিশ্চিত করতে স্থানীয় সংস্থাগুলোর সক্ষমতা ও নেতৃত্বকে আরও শক্তিশালী করা জরুরি।
দীর্ঘ সময় পর এনজিও প্ল্যাটফর্মের সদস্যরা এমন একটি সম্মিলিত আয়োজনের মাধ্যমে পারস্পরিক মতবিনিময়ের সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, রোহিঙ্গা সংকটের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর সমস্যা ও পরিবেশগত চ্যালেঞ্জগুলোও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন।
এনজিও প্ল্যাটফর্মের সচিবালয়ের উদ্যোগ এবং প্ল্যাটফর্মের সদস্য সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।