রংপুরের পীরগঞ্জে ভোটার হতে গিয়ে উপজেলা নির্বাচন কার্যালয়ে শওকত নামে এক রোহিঙ্গা যুবক আটক হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে তাকে আটক করা হয়।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে শওকত পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ গ্রামের বাসিন্দা পরিচয়ে ভোটার হওয়ার জন্য নির্বাচন কার্যালয়ে যান। এ সময় তিনি ওই ইউনিয়নের নাগরিকত্ব সনদ, জন্মনিবন্ধনসহ বিভিন্ন কাগজপত্র দাখিল করেন। তবে যাচাই-বাছাইয়ের সময় তার পরিচয় ও কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। পরে বিষয়টি সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে শওকত জানান, টেকনাফ থেকে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে তিনি পীরগঞ্জে আসেন। ওই ব্যক্তি তাকে পীরগঞ্জের নাগরিক বানিয়ে বিদেশে পাঠানোর কথা বলেছিলেন। পীরগঞ্জে আসার পর ওই ব্যক্তি তাকে উপজেলা নির্বাচন কার্যালয়ে প্রবেশ করিয়ে দিয়ে চলে যান। যাওয়ার সময় তার মোবাইল ফোন থেকে নিজের ব্যবহৃত নম্বরটিও মুছে দেন। ফলে ওই ব্যক্তির নাম-পরিচয় বা ঠিকানা সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি।
পাঁচগাছি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মন্ডল বলেন, শওকতের দেখানো কাগজপত্র তাদের ইউনিয়ন থেকে দেওয়া হয়নি। এসব কাগজে তার স্বাক্ষর ও ইউনিয়নের সিল জাল করা হয়েছে।
পীরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজার রহমান বলেন, তাকে দেখে আমাদের সন্দেহ হয়েছিল। পরে তার কথাবার্তা শুনে তাকে জাতীয় সংগীত গাইতে বলা হয়। কিন্তু তিনি তা বলতে পারেননি। তখন তার নাগরিকত্ব নিয়ে আমাদের সন্দেহ আরও জোরালো হয় এবং তিনি রোহিঙ্গা হতে পারেন বলে ধারণা করি। পরে জিজ্ঞাসাবাদে তার বক্তব্যেও বিষয়টি উঠে আসে।
পীরগঞ্জ থানার ওসি নাজমুল হক বলেন, আটক রোহিঙ্গা যুবককে থানা হেফাজতে রাখা হয়েছে। টেকনাফ থেকে এখানকার স্থানীয় একজন তাকে নিয়ে এসেছে। আমরা স্থানীয় ওই ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করছি।