মনিরুল ইসলাম : প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, বাংলাদেশ নিজস্ব জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই ভারত, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে আলোচনা (নেগোসিয়েশন) করবে। কোনো দেশের শর্ত বা চাপের কাছে নতি স্বীকার করা হবে না। প্রয়োজন হলে বোয়িং বা এয়ারবাসের মতো বড় ক্রয় সিদ্ধান্তও দেশের প্রয়োজন বিবেচনাতেই নেওয়া হবে।
আজ মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা জানান, ঢাকার মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুরের ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে। কোনো ধরনের সহিংসতা বা অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না বলেও তিনি স্পষ্ট করেন।
চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি অনেক ক্ষেত্রে রাজনৈতিক ‘ন্যারেটিভ’ তৈরির অংশ হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে সরকার অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পক্ষেই রয়েছে। কারা এসব কর্মকাণ্ডে জড়িত এবং তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা কী—এ সংক্রান্ত তথ্য সরকারের কাছে রয়েছে বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক বিতর্ক চলছে, যা অন্তর্বর্তী সরকারের সময় থেকেই শুরু হয়েছে। এ বিষয়ে এনসিপির ব্যঙ্গ-বিদ্রূপমূলক কর্মসূচিকেও তিনি রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে উল্লেখ করেন।
সাইবার সুরক্ষা আইন নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, কঠিন প্রশ্ন বা সমালোচনার কারণে কাউকে ‘বাতিল’ করার সংস্কৃতি সরকার সমর্থন করে না। তিনি বলেন, সাম্প্রতিক এক রাউন্ডটেবিল আলোচনায় তাকে নিয়ে তীব্র সমালোচনা ও পদত্যাগের দাবিও ওঠে, তবে তিনি এটিকে গণতান্ত্রিক পরিবেশের স্বাভাবিক অংশ হিসেবে দেখেন এবং উন্মুক্ত আলোচনাকে উৎসাহিত করেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি একটি দ্বিপাক্ষিক কূটনৈতিক ইস্যু। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন এবং বাংলাদেশ সরকার তাকে ফেরত চায়। এ বিষয়ে ভারত সরকারের সঙ্গে বিভিন্ন পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
এদিকে, এলপি গ্যাসের বাজার পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন, দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই। কেউ কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা করলে সরকারের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি ইস্যুতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক চুক্তি এবং ভারতের নতুন শুল্ক আরোপ—এসব বিষয় সরকার গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ বড় প্রকল্পগুলোর ওপর সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, কেবল বক্তব্য নয়, বরং বাস্তব পদক্ষেপের মাধ্যমেই অভিযোগের নিষ্পত্তি নিশ্চিত করতে চায় সরকার। এজন্য সংশ্লিষ্ট সব তথ্য সংগ্রহ করে যাচাই-বাছাইয়ের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।
চ্যানেল ওয়ানের সাংবাদিকের পিআইডি কার্ড বাতিল
চ্যানেল ওয়ানের এক সাংবাদিকের পিআইডি কার্ড বাতিলের বিষয়ে জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, আগের সংবাদ সম্মেলনে বিষয়টি খোঁজ নিয়ে জানাবেন বললেও পরে তিনি ফলোআপ করতে পারেননি।
তিনি বলেন, আমি বলেছিলাম তথ্যটা নেব। কিন্তু পরে আসলে ফলোআপ করা হয়নি। তবে কোনো সাংবাদিক কঠিন প্রশ্ন করায় তার পিআইডি কার্ড বাতিল করা হয়েছে—এমনটি তিনি মনে করেন না।