শিরোনাম
◈ ৮ কোটি ১০ লাখ ডলার চুরির মামলায় ৯৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন ◈ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ দুই হাইভোল্টেজ ম্যাচের আগে বার্সেলোনা শিবিরে জোড়া ধাক্কা ◈ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি পেলে পরবর্তী পদক্ষেপ, জানালেন শামা ওবায়েদ ◈ কিশোর গ্যাং প্রতিরোধে দেশের সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত ◈ টাইগার শ্রফকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৩, আরও যে তথ্য সামনে এসেছে ◈ ফ্রান্সে স্কুলের আন্দোলন যেভাবে রাজনৈতিক সংকটে পরিণত হলো ◈ সমস্যাটা তো হলো স্বরাষ্ট্রমন্ত্রীর, গুলি কেন খেলেন ইশরাক ভাই: নাসীরুদ্দীন পাটওয়ারী ◈ বিরোধিতার নামে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা: তারেক রহমান ◈ কেউ আইনের ঊর্ধ্বে নন, ইশরাকের বিষয়ে আরও যা বললেন আইনমন্ত্রী

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৬:০৩ বিকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

যশোরের কেশবপুরে যৌথবাহিনী অভিযানে অস্ত্রসহ আটক বহিষ্কৃত যুবদল নেতা ওয়ালিউর রহমান উজ্জ্বলের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে যশোর কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার রাতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ উজ্জলসহ চারজনকে আটক করা হয়।

উজ্জ্বল কেশবপুর উপজেলার আলতাপোলের নাজির বিশ্বাসের ছেলে এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরবর্তী সময়ে নানা অভিযোগের প্রেক্ষিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয় বলে নিশ্চিত করেছেন যশোর জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা। 

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ।

Advertisement

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহম্মেদ জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার পর উজ্জ্বলকে কারাগারে হস্তান্তর করা হয়। সে সময় তিনি অসুস্থ ছিলেন। তার নথিতে উল্লেখ ছিল, তিনি গণপিটুনির শিকার হয়েছেন। কারাগারে গ্রহণকালে যেসব প্রশ্ন করা হয়, তিনি তার উত্তর স্বাভাবিকভাবেই দিয়েছিলেন। তবে তিনি ‘ইন্টারনাল হ্যামারেজের’ শিকার ছিলেন। এ সময় তাকে কারা হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। প্রায় ১৫ মিনিট পর তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, তার শরীরের বিভিন্ন অংশে চাপা আঘাত ছিল এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে যশোরের কেশবপুর পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন পলাশসহ চারজন আটক হন। ওই সময় বিদেশি পিস্তল, ধারালো অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। 

আটকরা হলেন- কেশবপুর পৌর শহরের ভোগতি নরেন্দ্রপুর এলাকার আব্দুল আজিজের ছেলে ও পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন পলাশ (৪০) ও তার ভাই আলম (৩৫), আলতাপোল গ্রামের নাজির বিশ্বাসের ছেলে উজ্জ্বল (৩৫) ও নতুন মূলগ্রামের মফিজুর রহমানের ছেলে রাসেল (৩০)।

শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এর মধ্যে শুক্রবার রাতে যশোর কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে উজ্জলের মৃত্যু হয়।

উজ্জ্বলের বড় ভাই ও কেশবপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আফজাল হোসেন বাবু অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার গভীররাতে যৌথবাহিনী উজ্জ্বলের বাড়িতে অভিযান চালায়। অভিযানে পুরো বাড়ির ভিতর তল্লাশির নামে ভাঙচুর করেছে তারা। এ সময় সেই বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনী কিছু পায়নি। থানায় এসে তার নামে অস্ত্র, মাদক দেখিয়ে মামলা দেওয়া হয়। 

তিনি আরও বলেন, অভিযানের সময়ে বাড়িতে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। ওই সময় উজ্জ্বলের হাত-মুখ বেঁধে রাত ৩টা থেকে ৫টা পর্যন্ত অমানবিক নির্যাতন করেছে তারা। নির্যাতনের পর গভীররাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত সে চিকিৎসা পায়নি। নির্যাতন ও চিকিৎসার অভাবে উজ্জ্বলের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন আফজাল হোসেন। 

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়কসহ চিকিৎসকরা কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবুল বাশার বলেন, অভিযানের পর আসামিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর পুলিশ বাদী হয়ে চার আসামির নামে মামলা করে। পরিবার থেকে যেসব অভিযোগ করা হচ্ছে; সেটা সঠিক নয়।