শিরোনাম
◈ শাহজালাল বিমানবন্দরে লাগেজ পেতে সময় লাগছে মাত্র ১৫-২০ মিনিট, জানালেন বিমানমন্ত্রী ◈ হা‌রের ক্ষত না শুকা‌তেই আইসিসির শাস্তি পেলো বাংলাদেশ ক্রিকেট দল ◈ ৮ কোটি ১০ লাখ ডলার চুরির মামলায় ৯৯ বার পেছাল তদন্ত প্রতিবেদন ◈ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, স্বামী-স্ত্রী পরিচয়ের তথ্য নিয়ে যা বলল পরিবার ◈ ধর্ম যার যার, রাষ্ট্র সবার: ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ দুই হাইভোল্টেজ ম্যাচের আগে বার্সেলোনা শিবিরে জোড়া ধাক্কা ◈ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি পেলে পরবর্তী পদক্ষেপ, জানালেন শামা ওবায়েদ ◈ কিশোর গ্যাং প্রতিরোধে দেশের সব উপজেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত ◈ টাইগার শ্রফকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৩, আরও যে তথ্য সামনে এসেছে ◈ ফ্রান্সে স্কুলের আন্দোলন যেভাবে রাজনৈতিক সংকটে পরিণত হলো

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৫, ০৫:৫৮ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেট্রাপোলের জটিলতায় বেনাপোলে আটকে ১৫০ সুপারি ট্রাক, প্রতিদিন লাখ টাকার ক্ষতি রফতানিকারকদের

আজিজুল হক, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল বন্দরে প্রায় দুই মাস ধরে আটকে আছে ১০০ কোটি টাকা মূল্যমানের দেড় শতাধিক রফতানিমুখী সুপারি বোঝাই ট্রাক। ভারতের পেট্রাপোল বন্দরে পণ্যের মান যাচাইয়ে ধীরগতি ও কৃত্রিম জটিলতা তৈরির কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। ট্রাকগুলো দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকায় প্রতিদিন প্রতিটি ট্রাকের জন্য ২ হাজার টাকা করে অর্থদণ্ড দিতে হচ্ছে রফতানিকারকদের। দ্রুত পদক্ষেপ না নেওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা।

জানা যায়, বেনাপোল বন্দর দিয়ে ভারতের উদ্দেশ্যে যে সব পণ্য রফতানি হয়, তার মধ্যে সুপারি অন্যতম। গুণগত মান ভালো হওয়ায় বাংলাদেশে উৎপাদিত সুপারীর ভারতে ব্যাপক চাহিদা রয়েছে। বছরে প্রায় ৭০০ কোটি টাকার সুপারি রফতানি হয় বাংলাদেশ থেকে। তবে গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ভারত একের পর এক নিষেধাজ্ঞা ও শর্ত আরোপ করে। ফলে রফতানি প্রায় ৩০ শতাংশে নেমে এসেছে।

ব্যবসায়ীদের অভিযোগ, পেট্রাপোলে মান পরীক্ষার অজুহাতে অকারণে সময়ক্ষেপণ ও কৃত্রিম সমস্যা তৈরি করা হচ্ছে। ফলে প্রায় দুই মাস ধরে ১৫০টির বেশি ট্রাক বেনাপোল এলাকায় আটকে আছে। এতে ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি বন্দরে তৈরি হয়েছে তীব্র পণ্যজট। দীর্ঘদিন আটকে থাকায় ট্রাকচালকরাও ভোগান্তিতে রয়েছেন।

পরিসংখ্যান বলছে, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ থেকে ভারতের সুপারি আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৫৩.৬ মিলিয়ন মার্কিন ডলার, যেখানে ২০২৩-২৪ অর্থবছরে এটি ছিল মাত্র ১৩.২৯ মিলিয়ন ডলার। এক বছরে রফতানিতে চার গুণ বৃদ্ধি পাওয়ায় ভারতের বাজারে বাংলাদেশের অংশীদারিত্ব ৯ শতাংশ থেকে বেড়ে ৩৭ শতাংশে দাঁড়িয়েছে।

Advertisement

ট্রাকচালক মমিন জানান, তিনি ১ মাস ২৭ দিন ধরে বন্দরে আটকে আছেন। তার মতো আরও দেড় শতাধিক ট্রাক দাঁড়িয়ে আছে। ওপারের ব্যবসায়ীরা বাজার নিয়ন্ত্রণে ‘সিন্ডিকেট’ গড়ে এসব ট্রাক নিতে দেরি করছে বলে অভিযোগ করেন তিনি।

সিএন্ডএফ প্রতিষ্ঠান আওলিয়া এন্টারপ্রাইজের প্রতিনিধি আশরাফুল ইসলাম বলেন, পেট্রাপোল বন্দরে পরীক্ষণ ও বিভিন্ন অজুহাতে পণ্য নিতে বিলম্ব করা হচ্ছে। তবে দ্রুত ছাড়করণ নিশ্চিত করতে চেষ্টা চলছে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, বাণিজ্যে প্রতিবন্ধকতা দুই দেশেরই ক্ষতি। এ সংকট কাটাতে দুই দেশের সরকারকে এগিয়ে আসা প্রয়োজন। সরকার পরিবর্তনের পর ভারত পক্ষের নিষেধাজ্ঞার কারণে পাটজাত পণ্য, গার্মেন্টস, কাঠের আসবাব, ফলের জুসসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পণ্য স্থলপথে রফতানি বন্ধ রয়েছে।

বেনাপোল বন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আবু তালহা জানান, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম পাঁচ মাসে বেনাপোল বন্দর দিয়ে ভারতে ১০ হাজার ৬৫০ মেট্রিক টন সুপারি রফতানি হয়েছে। বন্দরে দাঁড়িয়ে থাকা ট্রাকগুলোর কাগজ হাতে পেলেই দ্রুত ছাড়করণে সহায়তা করা হবে। ব্যবসায়ীদের অভ্যন্তরীণ সমস্যার কারণেই ট্রাকগুলো আটকে আছে বলে তিনি উল্লেখ করেন। তবে যেসব ট্রাকের কাগজপত্র সঠিকভাবে জমা পড়ছে, সেগুলোই ভারতে প্রবেশ করছে।

  • সর্বশেষ