পণ্য পরিবহন খাত থেকে আয় বাড়াতে বিদেশি ঋণে ৩৫৮ কোটি টাকা ব্যয়ে কেনা ১২৫টি লাগেজ ভ্যান প্রায় তিন বছরেও কার্যকরভাবে ব্যবহার করতে পারেনি বাংলাদেশ রেলওয়ে। এখন এসব ভ্যানকে যাত্রী পরিবহনের কোচে রূপান্তরের চিন্তা করছে সংস্থাটি।
কোনো প্রকার ব্যবহারযোগ্যতা যাচাই বা পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই ২০২৩ সালে চীন থেকে এসব ভ্যান আমদানি করা হয়েছিল। পণ্য পরিবহনে আন্তঃনগর ট্রেনে যুক্ত করা, বেসরকারি খাতে ছেড়ে দেওয়াসহ একাধিক পরিকল্পনা নেওয়া হলেও শেষপর্যন্ত ভ্যানগুলোর অনেকটা অব্যবহৃতই পড়ে থেকেছে। বর্তমানে এগুলোর মাত্র ৫ শতাংশ ব্যবহৃত হচ্ছে।
সর্বশেষ প্রস্তাবে মেট্রোরেলের আদলে ভ্যানগুলোর কাঠামো পরিবর্তনের কথা বলা হয়েছে। এতে আসন সংখ্যা সীমিত রেখে দাঁড়িয়ে থাকার জায়গা রাখা হবে বেশি, যাতে মূলত স্ট্যান্ডিং টিকিটের যাত্রীরা যাতায়াত করতে পারেন। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) ফকির মো. মহিউদ্দীন টিবিএসকে বলেন, লাগেজ ভ্যানগুলোকে যাত্রী পরিবহনে ব্যবহার করা যায় কি না, তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী।
'রেলের দুই অঞ্চলের মহাব্যবস্থাপককে নিয়ে দুটি কমিটি করা হয়েছে। লাগেজ ভ্যানগুলো পণ্য পরিবহনে নাকি যাত্রীবাহী কোচ হিসেবে ব্যবহার করা যায়, এ-সংক্রান্ত সুপারিশসহ প্রতিবেদন পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে,' বলেন তিনি।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পরিবহনবিশেষজ্ঞ অধ্যাপক মো. সামছুল হক গত বছর এক সাক্ষাৎকারে টিবিএসকে বলেছিলেন, কেনার আগে ভ্যানগুলোর উপযোগিতা সঠিকভাবে যাচাই করেনি রেলওয়ে।
এই অধ্যাপক বলেন, 'রেলওয়ে কর্তৃপক্ষ মুখে মুখে অনেক বড় বড় কথা বলেন যে, লাগেজ ভ্যান ও ওয়াগন কিনলে পণ্য পরিবহন বাড়বে। কিন্তু লাগেজ ভ্যান কেনার আগে সঠিকভাবে কার্যকারিতা যাচাই করা হয়নি। অনেক সময় সরবরাহকারীদের সুবিধা করে দিতেই এমন কেনাকাটা হয়। এর দায় কেউ নেয় না। সরকারের উচিত তদন্ত করে জবাবদিহি নিশ্চিত করা।'
পণ্যবাহী ভ্যান থেকে স্ট্যান্ডিং-যাত্রীবাহী কোচ
রেলওয়ের তথ্যমতে, ২০১৪ সালের ২৩ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলপথ মন্ত্রণালয় পরিদর্শনের সময় যাত্রীবাহী ট্রেনে লাগেজ ভ্যান যুক্ত করার নির্দেশনা দিয়েছিলেন। ওই সময় রেলের বহরে থাকা ৫০টি লাগেজ ভ্যানের মধ্য ৩২টি অচল ছিল।
নতুন ভ্যান কেনার জন্য ২০২০ সালের ৩১ আগস্ট একটি চীনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই করে বাংলাদেশ রেলওয়ে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে রোলিং স্টক প্রকিউরমেন্ট প্রকল্পের আওতায় কেনা ১২৫টি লাগেজ ভ্যান ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বরে রেলের বহরে ধাপে ধাপে যুক্ত হয়।
এ বহরে ৭৫টি মিটারগেজ ও ৫০টি ব্রডগেজ লাগেজ ভ্যান রয়েছে। মিটারগেজ ভ্যানের প্রতিটির দাম ২.৪৫ কোটি টাকা এবং প্রতিটি ব্রডগেজ ভ্যানের দাম ৩.৫ কোটি টাকা। প্রতিটি ভ্যানের পণ্য বহনের সক্ষমতা ১০ টন। এর মধ্যে ২৫টি ছিল রেফ্রিজারেটর লাগেজ ভ্যান।
তিন বছর ধরে অব্যবহৃত পড়ে থাকা লাগেজ ভ্যান আবারও আলোচনায় আসে গত ১৩ অক্টোবর। ওইদিন রেলমন্ত্রী শেখ রবিউল ইসলাম, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে লাগেজ ভ্যানগুলো যাত্রী পরিবহনের বগিতে রূপান্তরের প্রস্তাব দেওয়া হয়—যা লোকাল, মেইল ও কমিউটার ট্রেনে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া আন্তঃনগর ট্রেনে স্ট্যান্ডিং টিকিটে ভ্রমণকারী যাত্রীদেরও এতে জায়গা দেওয়া যাবে।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফি নূর মোহাম্মদ টিবিএসকে বলেন, কারখানায় ভ্যানগুলো এভাবে আর অব্যবহৃত ফেলে রাখা ঠিক হবে না।
তিনি আরও বলেন, দেশের মেট্রোরেল অথবা ভারতের ইলেক্ট্রনিক মাল্টিপল ইউনিটের (ইমু) আদলে দুইপাশে স্বল্পসংখ্যক লম্বা আসন আর দাঁড়ানোর বেশি জায়গা রেখে ভ্যানগুলোকে রূপান্তর করা যেতে পারে।
'ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন পেলে ভেন্টিলেশন জন্য জানালার নকশা করে তা রেল ভবনে পাঠানো হবে। আর প্রাথমিক পর্যায়ে একটি ভ্যান রূপান্তর করে ট্রায়াল করা যেতে পারে,' বলেন তিনি।
দুর্বল পরিকল্পনায় অধিকাংশ ভ্যানই অলস পড়ে আছে
রেলওয়ে কর্মকর্তারা জানান, আমদানি করা এসব লাগেজ ভ্যানের মাত্র ৫ শতাংশ ব্যবহার হচ্ছে। ২৫টি রেফ্রিজারেটেড ভ্যান এখন পর্যন্ত একদিনও ব্যবহার হয়নি।
নতুন ভ্যানগুলোর ব্যবহার বাড়াতে ২০২৩ সালের ২৪ অক্টোবর খুলনা, পঞ্চগড় এবং চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে তিন জোড়া কৃষিপণ্যবাহী স্পেশাল ট্রেন চালু করেছিল রেলওয়ে। কিন্তু কৃষকদের সাড়া না পেয়ে এক সপ্তাহের মধ্যেই তা বন্ধ করতে হয়।
লাগেজ ভ্যানকে কাজে লাগিয়ে আয় বাড়াতে লোকাল ও মেইল ট্রেনের সঙ্গে আন্তঃনগর ট্রেনেও যুক্ত করা হয়েছিল। কিন্তু এতেও সাড়া মিলেনি।
রেলওয়ের কর্মকর্তাদের মতে, লাগেজ ভ্যান ক্রয়সহ অন্যান্য রোলিং স্টক সংগ্রহের ক্ষেত্রে সমীক্ষা করা হলেও কৃষক বা ব্যবসায়ীদের প্রকৃত চাহিদা যথাযথভাবে যাচাই করা হয়নি। করোনাকালসহ গত দেড় দশকে রেলওয়ের প্রায় শতাধিক মেইল, লোকাল ও কমিউটার ট্রেন বন্ধ হয়েছে। এই ট্রেনগুলোতেই লাগেজ ভ্যান ব্যবহারের সবচেয়ে বেশি সুযোগ ছিল।
অন্যদিকে, আন্তঃনগর ট্রেন সব স্টেশনে বিরতি দেয় না। যাত্রাবিরতির সময়ও সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট। ফলে মালামাল ওঠা-নামার সময় পাওয়া যায় না।
এছাড়া লজিস্টিক কিছু অসুবিধাও রয়েছে। ব্যবসায়ীরা সরাসরি ট্রাক বা অন্য যানবাহনে সরাসরি গন্তব্যে পণ্য পাঠাতে পারেন। কিন্তু রেলে পণ্য পাঠাতে হলে প্রথমে স্টেশনে নিয়ে আসতে হয়। গন্তব্যে পৌঁছানোর পর আবার সেখান থেকে পণ্য সংগ্রহ করতে হয়। অন্যদিকে কুরিয়ার প্রতিষ্ঠানগুলো গ্রাহকের দরজায় পণ্য পৌঁছে দিচ্ছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম টিবিএসকে বলেন, তিনি পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক থাকার সময় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় এই সমস্যাগুলো উঠে এসেছিল।
তিনি বলেন, 'ব্যবসায়ীরা জানিয়েছিলেন, লাগেজ ভ্যানে পণ্য পরিবহন করতে গেলে কয়েকবার গাড়ি পরিবর্তন করতে হয়, যেখানে ট্রাক ডোর-টু-ডোর সেবা দিচ্ছে। আর অনেক ব্যবসায়ীদের মত ছিল, ঢাকার কাওরান বাজারে পণ্য পাঠাতে তেজগাঁও স্টেশনে ট্রেন থামানোর ব্যবস্থা করা যায় কি না। কিন্তু ওই স্টেশনে পর্যাপ্ত ফ্যাসিলিটি নেই।'
এসব কারণে লাগেজ ভ্যান কাজে লাগাতে না পারায় এ খাত থেকে প্রত্যাশিত আয়ও করতে পারছে না রেলওয়ে। ২০২৫-২৬ অর্থবছরে রেলওয়ের পূর্বাঞ্চলে পার্সেল পরিবহন থেকে আয়ের লক্ষ্যমাত্রা ছিল ২৫.৩৪ কোটি টাকা। এর বিপরীতে আয় হয়েছে ৮.৯৭ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে এ আয় ছিল ৮.১৫ কোটি টাকা।
থমকে আছে বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনাও
এ বছরের ৫ জানুয়ারি রেলের এক সভায় লাগেজ ভ্যান পরিচালনার দায়িত্ব বেসরকারি খাতে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। এ লক্ষ্যে 'বাংলাদেশ রেলওয়ের মাধ্যমে ব্যক্তি/প্রতিষ্ঠানের (বেসরকারি) পার্সেল ও গুডস পরিবহন নীতিমালা ২০২৪' খসড়া নীতিমালা চূড়ান্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ইজারা বা ভাড়ার ভিত্তিতে পরিচালনার মাধ্যমে রাজস্ব বাড়ানো সম্ভব হবে বলে মত আসে সভায়। ডাক বিভাগ, বেসরকারি কুরিয়ার সার্ভিসসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে যুক্ত করার পরিকল্পনাও করা হয়েছিল।
তবে কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে সাড়া পায়নি রেলওয়ে। নীতিমালাও মন্ত্রণালয়ে ঝুলে আছে।
ফকির মো. মহিউদ্দীন জানান, লাগেজ ভ্যান ব্যবহারে আগ্রহী প্রতিষ্ঠান পাওয়া যায়নি। এজন্য বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা এগোয়নি।
ডেডিকেটেড পণ্যবাহী ট্রেন চালুর প্রস্তাব
রেলওয়ের কয়েকজন কর্মকর্তা মনে করেন, নিয়মিত ও নির্ভরযোগ্য সময়সূচি মেনে শুধু পণ্য পরিবহনের জন্য ডেডিকেটেড ট্রেন চালানো গেলে এই ভ্যানগুলো থেকে এখনো আয় করা সম্ভব।
তারা বলছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ শৃঙ্খলে সমস্যাসহ বৈশ্বিক নেতিবাচক পরিস্থিতির মধ্যে স্বল্প ব্যয়ে লাগেজ ভ্যানে পণ্য পরিবহন জনপ্রিয় করার সুযোগ নেওয়া যেতে পারে। রেলের পণ্য পরিবহন তুলনামূলক স্বল্প ব্যয়ের।
মামুনুল ইসলাম বলেন, রেলওয়ে যদি ব্যবসায়ীদের আস্থা অর্জন করতে পারে এবং নির্ধারিত সময়ে পণ্য পৌঁছে দেওয়ার নিশ্চয়তা দিতে পারে, তবে এই উদ্যোগ সফল হওয়ার সম্ভাবনা রয়েছে।
'ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে, নিশ্চয়তা দিতে হবে। আস্থা আনতে হবে। নির্ধারিত সময়ে যেন পণ্য পৌঁছে, তা নিশ্চিত করতে হবে। বিষয়টি রেলের নির্ধারিত সভায় উত্থাপন করা হবে,' বলেন তিনি।
সূত্র : দ্য বিজনেস স্ট্যান্ডার্ড