রাজধানীর বাংলামোটর এলাকায় কথা-কাটাকাটির জেরে এক ব্যক্তিকে মাথায় আঘাত করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। পরে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ারও অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তি হলেন হাতিরঝিল থানা যুবদলের সাবেক আহ্বায়ক (বহিষ্কৃত) ফেরদৌস আহাম্মেদ সাইমন। পরে স্থানীয় লোকজন তাঁর মোটরসাইকেল আটক করে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেন।
আজ বৃহস্পতিবার রাতে বাংলামোটর মোড়ের উত্তর পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় স্থানীয় লোকজন সাইমনের বিরুদ্ধে স্লোগান দেন বলে জানা গেছে।
হাতিরঝিল থানা সূত্রে জানা গেছে, সোহাগ (৪৫) নামের এক ব্যক্তির সঙ্গে ফেরদৌস আহাম্মেদ সাইমনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাইমন সোহাগের মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত হন। পরে সাইমন দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন তাঁর মোটরসাইকেলটি আটক করে ভাঙচুর করেন। পরে মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ঘটনাস্থলে থাকা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।
আহত সোহাগের ঠিকানা ৬২/এ নিউ ইস্কাটন। তাঁর বাবার নাম মৃত শামসুদ্দিন। সোহাগ অভিযোগ করে বলেন, সাইমন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, মারামারি ও মাদক কারবারের সঙ্গে জড়িত। এসব কর্মকাণ্ডের কারণে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। উৎস: আজকের পত্রিকা ও যুগান্তর।