জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির রাজধানী ঢাকার যানজট ও অব্যবস্থাপনাপূর্ণ যাতায়াত ব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, অটোরিকশা কিংবা সাধারণ রিকশাচালকদের ওপর দায় চাপিয়ে সমস্যার সমাধান হবে না। বরং যেসব কর্তৃপক্ষের হাতে পরিবহন খাত নিয়ন্ত্রণ ও রেগুলেশনের দায়িত্ব রয়েছে, তাদেরই জবাবদিহিতার আওতায় আনতে হবে।
যমুনা টিভিতে প্রচারিত এক বক্তব্যে সালমান মুক্তাদির বলেন, তাঁর লড়াই কোনো সাধারণ রিকশাচালক বা নিম্নবিত্ত মানুষের বিরুদ্ধে নয়। তাঁর প্রশ্ন মূলত সেই ব্যক্তিদের নিয়ে, যাদের হাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও নিয়ন্ত্রণের দায়িত্ব রয়েছে। অথচ দীর্ঘদিনেও রাজধানীর যাতায়াত ব্যবস্থায় স্থায়ী কোনো পরিবর্তন আসেনি।
তিনি বলেন, অনুমতি ও নিয়ন্ত্রণ ছাড়া কোনো যানবাহনই সড়কে চলতে পারে না। তাই লাখ লাখ মানুষের বিরুদ্ধে প্রতিদিন রাজপথে নেমে আন্দোলন না করে, যারা নিয়ন্ত্রকের দায়িত্বে রয়েছেন তাদেরই কার্যকর পদক্ষেপ নিতে হবে।
রাজধানীর বাসযোগ্যতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এই কনটেন্ট ক্রিয়েটর। বিশ্বের অন্যতম বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার নাম থাকা সত্ত্বেও প্রয়োজনীয় পরিবর্তন না আসাকে তিনি অত্যন্ত লজ্জাজনক বলে মন্তব্য করেন।
সালমান মুক্তাদির বলেন, ২০২৬ সালে বিজ্ঞান ও প্রযুক্তি এতদূর এগিয়ে যাওয়ার পরও একটি কার্যকর কমিউট ব্যবস্থা গড়ে তুলতে না পারা মূলত সদিচ্ছার অভাব। তাঁর ভাষায়, কোনো ১৮ বছরের তরুণকেও এ বিষয়ে জিজ্ঞেস করলে সে পাঁচ মিনিটের মধ্যে সমাধানের পথ বলে দিতে পারবে।
বক্তব্যের শেষ দিকে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাহসের সঙ্গে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘জনগণ নিজের জান দিয়ে দিয়েছে, একটি সঠিক সমাধান বের করা কোনো ব্যাপারই না। আপনারা স্টেপ নিন, জনগণ আপনাদের পাশে থাকবে।’