শিরোনাম
◈ মারা গে‌লেন ইন্টার মিলান ও ইতালির কিংবদন্তি সান্দ্রো মাজ্জোলা  ◈ দল পুনর্গঠনে দেশজুড়ে তৎপর বিএনপি ◈ যেসব সরকারি চাকরিজীবী পাবেন না পে স্কেলের সুবিধা ◈ মুন্সীগঞ্জে বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ ◈ হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০২০ ◈ মুঠোফোনের সর্বশেষ অবস্থান ধরে অপ্রতীমের মরদেহ উদ্ধার, সন্দেহভাজন তরুণ আটক ◈ স্ত্রী-দেড় বছরের সন্তানকে হত্যার পর প্রবাসী স্বামীর আত্মহত্যার অভিযোগ ◈ নতুন পে-স্কেলে বাড়িভাড়া-চিকিৎসা-শিক্ষা ভাতায় বড় পরিবর্তন ◈ প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, যা বেরিয়ে এলো তদন্তে ◈ ৩ শিশু সন্তানকে হত্যার পর বাবারও বিষপান

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২২, ০১:০৫ রাত
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২২, ০৩:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাকরি হারিয়ে নিঃস্ব অবস্থায় দেশে ফিরেছেন ৫৩ শতাংশ প্রবাসী বাংলাদেশি

কূটনৈতিক প্রতিবেদক: [২] করোনা মহামারিকালে চাকরি হারিয়ে নিঃস্ব অবস্থায় দেশে ফিরেছেন ৫৩ শতাংশ প্রবাসী বাংলাদেশি কর্মী। এ সময় তাঁদের অনেকে এক বছর পর্যন্ত বেতন হারিয়েছেন। সেই সঙ্গে বোনাস, ওভারটাইম এবং চাকরিকালীন অন্যান্য আর্থিক সুবিধাও পাননি। অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের (ওকাপ) এক গবেষণায় এ তথ্য জানানো হয়।

[৩] রাজধানীর গুলশানে একটি কনভেনশন সেন্টারে বৃহস্পতিবার ‘কোভিড-১৯: হাও দ্য প্যান্ডেমিক হ্যাজ এক্সাসারবেটেড সিচুয়েশনস অব ভালনার‍্যাবিলিটি ফর বাংলাদেশি মাইগ্রেন্ট ওয়ার্কার্স’ শীর্ষক গবেষণা প্রকাশ করে ওকাপ।

[৪] এতে প্রধান অতিথি ছিলেন বিএমইটির মহাপরিচালক মো. শহিদুল আলম। আলোচক ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব এবিএম আবদুল হালিম, বিআইআইএসএসের রিসার্চ ফেলো বেনুকা ফেরদৌসী, ব্র্যাকের অভিবাসন প্রধান শরিফুল ইসলাম হাসান, বিএনএসকের নির্বাহী পরিচালক সুমাইয়া ইসলাম এসডিসির নিরাপদ অভিবাসন প্রোগ্রামের ব্যবস্থাপক নাজিয়া হায়দার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওকাপের চেয়ারম্যান শাকিরুল ইসলাম।

[৫] গবেষণায় জানানো হয়, ৫৪ শতাংশ বাংলাদেশি প্রবাসী শ্রমিককে চাকরি থেকে বাদ দেওয়া হয়। আর তাঁদের মধ্যে ২৭ শতাংশ কর্মীর ওয়ার্ক পারমিট নবায়ন করা হয়নি। ফেরত আসা শ্রমিকদের ৮ শতাংশকে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছাড়াই কাজ করতে হয়েছে। বাংলাদেশে ফেরত আসা ৭৪ শতাংশ শ্রমিকের কোনো সঞ্চয় নেই। তাঁদের আত্মীয়স্বজনের কাছ থেকে ঋণ করে দিন পার করতে হচ্ছে। আর ৭ শতাংশের তিন বেলা খাওয়ার টাকা পর্যন্ত নেই।

[৬] বাংলাদেশে ফেরত আসা প্রবাসী শ্রমিকদের মাত্র ৬ শতাংশ স্থানীয় বাজারে কাজ পেয়েছেন। বাকিদের অর্থনীতিতে অন্তর্ভুক্তিতে সমস্যায় পড়তে হচ্ছে।

[৭] ৫৩ শতাংশ প্রবাসী শ্রমিক খালি হাতে এলে বাংলাদেশের রেমিট্যান্সে কেন বাড়ছে? গবেষণা নিয়ে মুক্ত আলোচনায় এ বিষয়ে জানতে চাওয়া হলে ওকাপের চেয়ারম্যান শাকিরুল ইসলাম বলেন, ‘এটি একটি অলৌকিক বিষয়। এ নিয়ে এখনো কোনো গবেষণা হয়নি। তবে করোনাকালে হুন্ডি কম হয়ে ব্যাংকিং চ্যানেলে অর্থ আসা, রেমিট্যান্সে প্রণোদনাসহ আরও কিছু বিষয় হয়তো রেমিট্যান্স বাড়তে সহযোগিতা করেছে।’

[৮] গবেষণায় জানানো হয়, করোনার সময়ে আসা ১০ শতাংশ অভিবাসী শ্রমিক আবার কর্মস্থলে যেতে প্রস্তুত। আর ৪৪ শতাংশ ফ্লাইটের অনুমোদনের জন্য অপেক্ষায় রয়েছেন। ৪৪ শতাংশ অভিবাসী শ্রমিকের ভিসা প্রক্রিয়াধীন। আর ৮২ শতাংশ অভিবাসন প্রত্যাশী এজেন্ট বা সাব এজেন্টকে করোনার আগেই অর্থ দিয়ে রেখেছেন। এ টাকা ফেরত পেতে তাঁদের বেগ পেতে হচ্ছে। তাঁদের মধ্যে ৬৯ শতাংশ অভিবাসন প্রত্যাশী উচ্চ সুদে ঋণ নিয়ে রেখেছেন।

সূত্র: আজকের পত্রিকা

  • সর্বশেষ