শিরোনাম

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৬, ০৬:৫৭ বিকাল
আপডেট : ১৩ মার্চ, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পূর্বধলায় মোটরসাইকেল–হ্যান্ড ট্রাক্টর সংঘর্ষে নিহত ১, আহত ২

হাবিবুর রহমান, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলার ছোছাউড়া গ্রামে মোটরসাইকেল ও ইট বোঝাই হ্যান্ড ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে সজুদুল (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের স্টেশন বাজার-দেওটুকোন সড়কে ছোছাউড়া গ্রামের দর্জিবাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হাসপাতাল গেট এলাকার রাজধলা ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী মোফাজ্জল হোসেন (২৮) পাশের বাড়ির সজুদুল ও তার নাতি আনাম (১০) কে নিয়ে মোটরসাইকেলে করে স্টেশনের দিকে যাচ্ছিলেন। ছোছাউড়া দর্জিবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই একটি হ্যান্ড ট্রাক্টরের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সজুদুল (৬০) নিহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে হ্যান্ড ট্রাক্টরের নিচ থেকে গুরুতর আহত অবস্থায় মোফাজ্জল হোসেন ও শিশু আনামকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

প্রত্যক্ষদর্শী শামীম মিয়া জানান, “আমিও তাদের পেছনে মোটরসাইকেলে যাচ্ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে তাকিয়ে দেখি তাদের মোটরসাইকেলটি হ্যান্ড ট্রাক্টরের নিচে চলে গেছে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করা হয়।”

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের হবে। ড্রাইভার পলাতক রয়েছে। তবে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়