স্পোর্টস ডেস্ক : ফয়সালাবাদে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে নিশিতা আক্তার নিশির অলরাউন্ড পারফরম্যান্সে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৩০ রানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। মাইমুনা নাহার রানের খাতা খোলার আগেই ফেরেন। অচেনা জান্নাত ইমান্তা করেন ৬ বলে ৬ রান। এরপর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন নিশিতা ও অধিনায়ক সাদিয়া আক্তার। সাদিয়া ২৫ বলে ৩৪ রানের কার্যকর ইনিংস খেলেন। নিশিতার ব্যাট থেকে আসে ২৩ রান। শ্রাবণী শীল করেন ১২ রান। বিবি আয়েশা ফেরেন ৭ রানে। -- ডেইলি ক্রিকেট
শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১১৭ রানে থামে বাংলাদেশের ইনিংস। পাকিস্তানের হয়ে বল হাতে মাহনুর জাইব শিকার করেন ৩ উইকেট। রোজিনা আকরাম নেন দুটি উইকেট।
১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান শুরুতে কিছুটা স্বস্তিতে ছিল। রাভাইল ফারহান ও কোমল খানের উদ্বোধনী জুটিতে আসে ২১ রান। ফারহান ১২ বলে ১৭ রান করে বিদায় নিলে ভাঙে সেই জুটি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান।
দলের হয়ে সর্বোচ্চ ৩৯ বলে ২৯ রান করেন কোমল খান। জোফিসান আয়ান করেন ১৫ বলে ১২ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৭ রানের বেশি করতে পারেনি পাকিস্তান। ফলে, ৩০ রানের বিশাল জয় পেয়ে সিরিজে দারুণ শুরু করেছে যুবা টাইগ্রেসরা। বাংলাদেশের হয়ে ব্যাটের পর বল হাতেও উজ্জ্বল ছিলেন নিশিতা। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে শিকার করেন ২ উইকেট।