শিরোনাম
◈ অস্থির বস্ত্র ও তৈরি পোশাক খাতে ব্যাংক ঋণ সাড়ে ৩ লাখ কোটি টাকা ◈ মৃত্যুদণ্ড কার্যকর স্থগিতের প্রস্তাবে জাতিসংঘে ভোটদানে বিরত বাংলাদেশ ◈ নেদারল্যান্ডসকে ৫-০ গোলে উড়িয়ে নেশন্স লি‌গের শেষ আটে জার্মানি  ◈ বারিধারার বাসা থেকে ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার ◈ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে থাকছে না সুপার সিক্স ◈ ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও ◈ সরকার নির্ধারিত দামে ডিলাররাও পাচ্ছেন না এলপিজি, বাড়তি দাম গুনছেন ভোক্তারা ◈ উপাচার্য দিনভর অবরুদ্ধ, তিন দিনের জন্য বন্ধ জাতীয় বিশ্ববিদ্যালয় ◈ ন্যানোপ্রযুক্তি ও মহাকাশ যন্ত্র উদ্ভাবনে নাসায় কাজ করছেন বাংলাদেশি বিজ্ঞানী মাহমুদা ◈ ‎‎রাজধানীর মিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ (ভিডিও)

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২৬, ১০:১৪ দুপুর
আপডেট : ১৭ নভেম্বর, ২০২৬, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

নেদারল্যান্ডসকে ৫-০ গোলে উড়িয়ে নেশন্স লি‌গের শেষ আটে জার্মানি 

স্পোর্টস ডেস্ক: নেদারল্যান্ডসকে রীতিমতো উড়িয়ে দিয়ে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করল জার্মানি। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে সোমবার রাতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডাচদের ৫-০ গোলে হারিয়ে গ্রুপসেরা হয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বড় ব্যবধানে হারলেও গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ আটে উঠেছে নেদারল্যান্ডস।

ম্যাচের প্রথমার্ধে ডেরি শেহান্টের গোলে এগিয়ে যায় জার্মানি। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন ফ্লোরিয়ান ভিয়েৎস। পরে নিজের দ্বিতীয় গোলও করেন লিভারপুলের এই মিডফিল্ডার। বাকি গোল দুটি নিকো শ্লটারবেক ও ব্রায়ান গ্রুডার।

শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য ছিল জার্মানির। ৩২তম মিনিটে শেহান্টের শট পোস্টে লাগলে গোলবঞ্চিত হয় স্বাগতিকেরা। তবে আট মিনিট পর আর ভুল করেননি ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। ইয়োজুয়া কিমিখের পাস ধরে ডাচ ডিফেন্ডার ডেনজেল ডামফ্রিসকে কাটিয়ে দূরের পোস্ট দিয়ে জালে বল পাঠান তিনি। জাতীয় দলের হয়ে এটি তাঁর প্রথম গোল।

বিরতির পর জার্মানির আক্রমণের ধার আরও বাড়ে। ৬০তম মিনিটে ডামফ্রিসের কাছ থেকে বল কেড়ে নিয়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন ভিয়েৎস। পাঁচ মিনিট পর ব্রায়ান গ্রুডার ফ্রি-কিক থেকে হেডে জার্মানির তৃতীয় গোলটি করেন শ্লটারবেক। ৭০তম মিনিটে গ্রুডার ফ্লিকে পাওয়া বলে ভলিতে নিজের দ্বিতীয় গোল করেন ভিয়েৎস। সাত মিনিট পর শেহান্টের শট পোস্টে ফিরে এলে ফিরতি বলে জালে পাঠিয়ে পাঁচ গোলের জয় নিশ্চিত করেন গ্রুডা।

পরিসংখ্যানেও ছিল জার্মানির একচ্ছত্র আধিপত্য। ৫৬ শতাংশ বল দখলে রেখে ১৮টি শট নেয় তারা, যার ১০টি ছিল লক্ষ্যে। বিপরীতে নেদারল্যান্ডসের ৯ শটের মাত্র একটি লক্ষ্যে ছিল। আগের দেখায় ডাচদের মাঠে ১-১ গোলে ড্র করেছিল দুই দল।

গ্রুপের অন্য ম্যাচে সার্বিয়াকে ১-০ গোলে হারিয়েও শেষ আটে ওঠা হয়নি গ্রিসের। জার্মানি, নেদারল্যান্ডস ও গ্রিস—তিন দলেরই পয়েন্ট ১১। তবে নিজেদের মধ্যে মুখোমুখি লড়াইয়ের ফল বিবেচনায় তৃতীয় স্থানে থেকে বিদায় নিতে হয়েছে গ্রিসকে। ছয় ম্যাচের সবকটিতে হেরেছে সার্বিয়া।

  • সর্বশেষ