স্পোর্টস ডেস্ক: ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনীভিত্তিক সিনেমা নির্মাণের মধ্যেই নতুন বিতর্ক। তাঁর জীবনের ঘটনা নিয়ে নির্মিত ‘দুসরা’ সিনেমায় ব্যক্তিত্বের স্বত্ব লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছবিটির নির্মাতাদের আগামী দুই সপ্তাহের মধ্যে ২ কোটি টাকার নিঃশর্ত ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন দিল্লি হাই কোর্ট।
অভিনয় দেও পরিচালিত ‘দুসরা’ গত অক্টোবরে মুক্তি পায়। ২০০২ সালের ন্যাটওয়েস্ট ট্রফিতে ভারতের ঐতিহাসিক জয়ের গল্প নিয়ে তৈরি সিনেমাটিতে অধিনায়ক হিসেবে সৌরভের ভূমিকা, লর্ডসের ব্যালকনিতে তাঁর জার্সি ওড়ানোর দৃশ্যসহ নানা ঘটনা তুলে ধরা হয়েছে। তবে এসব ঘটনা সিনেমায় ব্যবহারের আগে তাঁর অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ সৌরভের। --- সংবাদপ্রতিদিন
সৌরভের দাবি, অনুমতি ছাড়া তাঁর পরিচিতি, ব্যক্তিত্ব ও জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। এতে তাঁর ব্যক্তিত্বের স্বত্ব ক্ষুণ্ন হয়েছে। এ নিয়ে করা আবেদনের শুনানি শেষে দিল্লি হাই কোর্টের বিচারপতি তেজস কারিয়া জানিয়েছেন, ‘দুসরা’ সিনেমায় সৌরভের ব্যক্তিত্বের স্বত্ব লঙ্ঘন করা হয়েছে।
আদালত আরও নির্দেশ দিয়েছেন, সিনেমার শুরু ও শেষে হিন্দি ও ইংরেজিতে সতর্কীকরণ বার্তা দিতে হবে। সেখানে স্পষ্ট করতে হবে, এই সিনেমায় সৌরভের ব্যক্তিত্ব ব্যবহারের জন্য তাঁর কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। একই সঙ্গে সিনেমাটি সৌরভের ব্যক্তিত্বের স্বত্ব বা জনস্বার্থ ক্ষুণ্ন করার উদ্দেশ্যে নির্মিত হয়নি বলেও উল্লেখ করতে হবে।
নির্মাতাদের আগামী দুই সপ্তাহের মধ্যে আদালতের রেজিস্ট্রারের কাছে ২ কোটি টাকার নিঃশর্ত ব্যাংক গ্যারান্টি জমা দিতে হবে। তবে সিনেমাটির প্রচার কার্যক্রমে কোনো নিষেধাজ্ঞা দেননি আদালত।
এদিকে সৌরভের জীবনীভিত্তিক সিনেমা ‘দাদা’র কাজও প্রায় শেষ পর্যায়ে। লাভরঞ্জন প্রযোজিত এবং বিক্রমাদিত্য মোতওয়ানে পরিচালিত ছবিটির শুটিং চলছে। মামলার আবেদনে বলা হয়েছে, ২০২১ সালে লাভ ফিল্মসের সঙ্গে সৌরভের একটি চুক্তি হয়। সেই চুক্তি অনুযায়ী, তাঁর জীবন নিয়ে বিভিন্ন কনটেন্ট তৈরি, প্রযোজনা ও বাণিজ্যিক ব্যবহারের একচ্ছত্র অধিকার রয়েছে প্রতিষ্ঠানটির। ‘দুসরা’ নির্মাণের মাধ্যমে সেই চুক্তি লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ সৌরভের। সব ঠিক থাকলে আগামী বছর মুক্তি পেতে পারে ‘দাদা’।