স্পোর্টস ডেস্ক: শেষ দিকে দুই গোল করে জমিয়ে তুলেছিল পাকিস্তান। তবে শেষ রক্ষা হয়নি। ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বীদের ৩-২ গোলে হারিয়ে শুভসূচনা করেছে ভারত। জোড়া গোল করেছেন সুহাইল আহমেদ ভাট। অন্য গোলটি মাংলেংথান কিপগেনের। পাকিস্তানের হয়ে ব্যবধান কমান নাজিব উল্লাহ ও আলমগীর আলি খান গাজী।
বৃহস্পতিবার পল্টনের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে ভারত। নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ থাকায় মূল দলের বেশির ভাগ খেলোয়াড়কে ছাড়াই সাফে এসেছে তারা। তবে তরুণদের নিয়েই পাকিস্তানকে শুরুতে কার্যত কোণঠাসা করে ফেলে দলটি।
১৩তম মিনিটে সুহাইলের গোলে এগিয়ে যায় ভারত। মুহাম্মেদ উভাইস মইকালের ক্রস থেকে নিখুঁত শটে জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড। ছয় মিনিট পর নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। আভিষেক ধনাঞ্জয়ের থ্রু পাস ধরে গোলকিপারকে পরাস্ত করেন সুহাইল।
৩২তম মিনিটে ব্যবধান ৩-০ করেন কিপগেন। এন নওশাদের থ্রু পাস ধরে বক্সে ঢুকে শট নেন তিনি। বল পাকিস্তানের গোলকিপার ইউসুফ ইজাজ বাটের পায়ে লেগে জালে জড়ায়। এর দুই মিনিট পর পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেনি পাকিস্তান। হায়ান খাট্টাককে ফাউল করায় স্পটকিক পায় তারা। কিন্তু শায়েক দোস্তের শট চলে যায় পোস্টের বাইরে।
বিরতির পর ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল ভারত। তবে গোলের দেখা পায়নি তারা। অন্যদিকে ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে যায় পাকিস্তান। ৮৪তম মিনিটে নাজিব উল্লাহর শট আটকে দেন ভারতীয় গোলকিপার আরশ আনোয়ার শেখ।
নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে জমে ওঠে ম্যাচ। দ্বিতীয় মিনিটে জুনায়েদ আহমেদ শাহর ক্রস থেকে হেডে গোল করে পাকিস্তানের ব্যবধান কমান নাজিব। শেষ মুহূর্তে অ্যারন আব্দুল্লাহার পাস থেকে দৃষ্টিনন্দন সাইডভলিতে আরেকটি গোল করেন আলমগীর আলি খান গাজী। তাতে ৩-২ ব্যবধানে ফেরে পাকিস্তান। তবে সমতা ফেরানোর সময় আর পায়নি তারা।
সাফ চ্যাম্পিয়নশিপে দুই দলের ১০ দেখায় এটি ভারতের অষ্টম জয়। একটি ম্যাচ ড্র হয়েছে, অন্যটিতে জয় পেয়েছিল পাকিস্তান। ২০০৩ সালে ঢাকাতেই সাফে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল তারা। ২৩ বছর পর সেই স্মৃতি ফেরানোর সুযোগ থাকলেও শেষ পর্যন্ত হতাশ হয়েই মাঠ ছাড়তে হয়েছে পাকিস্তানকে।