স্পোর্টস ডেস্ক : নিজেদের পাতা ফাঁদে নিজেরাই পড়তে যাচ্ছে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালকে লক্ষ্য করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের উইকেট স্পিন সহায়ক বানায় বাংলাদেশ। প্রতিপক্ষকে চাপে ফেলতে গিয়ে নিজেদেরই এখন বিপাকে। এমনকি শঙ্কা দেখা দিয়েছে হারেরও।
মিরপুর টেস্টের তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজকে ২৪৫ রানে অলআউট করে দেওয়ার পর ২৭ রানের লিড পায় বাংলাদেশ। কিন্তু নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৭৯ রান তুলে দিন পার করেছে স্বাগতিকরা। টাইগারদের লিড ১০৬ রান। -- ডেইলি ক্রিকেট
এর আগে দিনের শুরুতে তেজনারায়ণ চন্দরপলকে ফেরান শরীফুল ইসলাম। তার আগে ক্যারিবিয়ান এই ব্যাটার করেন ৫৬ রান। এরপর জাস্টিন গ্রিভস ও রোস্টন চেজ করেছেন দারুণ ব্যাটিং। যদিও দুজনের কেউই ফিফটির দেখা পাননি। কিন্তু বাংলাদেশের যা ক্ষতি সেটি করে দিয়েছেন।
দ্বিতীয় সেশনে আঘাত হানেন স্পিনার নাঈম হাসান। তার স্পিন ভেলকিতে ২৪৫ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। জাস্টিন গ্রেভস খেলেন ৪৬ রানের ইনিংস। আর চেজ অপরাজিত ছিলেন ৪৩ রানে।
বাংলাদেশের হয়ে ৪টি উইকেট শিকার করেন নাঈম হাসান। দুটি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।
নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের তোপের মুখে পড়ে বাংলাদেশ। বিশেষ করে দুই স্পিনার রোস্টন চেজ ও জোমেল ওয়ারিকানের ঘূর্ণির কোনো জবাব দিতে পারেনি স্বাগতিক ব্যাটাররা। একটা পর্যায়ে ৩৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ।
তানজিদ হাসান তামিম ফেরেন ডাক মেরে। রানের খাতা খুলতে পারেননি তাওহীদ হৃদয়। শুরুটা ভালো করলেও বড় ইনিংস খেলতে পারেননি সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত। লিটন দাসও ফিরেছেন দ্রুত। কনকাশন সাব হয়ে নামা জাকের আলী দেখেশুনে খেলছেন। তবে তাকে সঙ্গ দিতে না পেরে ৯ রানে ফেরেন মিরাজ। এরপর উইকেটে আসা নাঈমকে সাথে নিয়ে জুটে গড়েছেন জাকের। আলোক-স্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে দুজনের জুটিতে ওঠে ২৬ রান।