স্পোর্টস ডেস্ক : নারী প্রিমিয়ার লিগে (ডব্লিউপিএল) দলের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ডের এই উদ্যোগে নতুন করে আলোচনায় কলকাতার ফ্র্যাঞ্চাইজি। পুরুষদের আইপিএলের পর এবার কি নারী লিগেও দেখা যাবে কলকাতা নাইট রাইডার্সকে?
গত বুধবার ডব্লিউপিএলের নিলামের পরদিনই লিগের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। তিনি জানিয়েছেন, আগামী বছর থেকে দল বাড়ানোসহ টুর্নামেন্টের বিভিন্ন দিক উন্নয়নের বিষয়টি বিবেচনা করবে বোর্ড।
২০২৩ সালে পাঁচ দল নিয়ে শুরু হয় ডব্লিউপিএল। সময়ের সঙ্গে বেড়েছে প্রতিযোগিতাটির জনপ্রিয়তা। সাইকিয়ার মতে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ইতিমধ্যে নিজেদের অবস্থান তৈরি করেছে এই লিগ। ভারতের নারী ক্রিকেটের সাম্প্রতিক সাফল্যেও ডব্লিউপিএলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাশাপাশি নতুন প্রতিভা খুঁজে বের করার ক্ষেত্রেও কার্যকর হয়ে উঠেছে এই প্রতিযোগিতা।
বর্তমানে ডব্লিউপিএলে খেলছে দিল্লি ক্যাপিটালস, গুজরাট জায়ান্টস, মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও ইউপি ওয়ারিয়র্স। সম্ভাব্য সম্প্রসারণের ফলে নতুন ফ্র্যাঞ্চাইজির জন্য সুযোগ তৈরি হতে পারে। তবে দল বাড়ানোর বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিসিসিআই।
কলকাতার কোনো দল ডব্লিউপিএলে যুক্ত হলে বাংলার ক্রিকেটপ্রেমীদেরও নিজ শহরের প্রতিনিধিত্বকারী দলকে সমর্থনের সুযোগ তৈরি হবে। তবে নতুন দল এলেই সেটি শাহরুখ খানের নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির মালিকানায় থাকবে, এমন নিশ্চয়তা নেই। কলকাতার প্রতিনিধিত্ব করতে পারে সম্পূর্ণ নতুন মালিকানার কোনো ফ্র্যাঞ্চাইজিও।