স্পোর্টস ডেস্ক : দুর্দান্ত পাফরম করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার দাপটেই কোনঠাসা প্রতিপক্ষ। এদিন জয়ের পর ভক্তদের ভোটে ‘বেস্ট অব অল টাইম’ (বিওএটি) ব্যালন ডি’অর পুরস্কার জয়ের আনন্দ মাঠে উদ্যাপন করলেন রোনালদো।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সৌদি প্রো লিগে আল খোলুদের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন পর্তুগিজ মহাতারকা। তার দুর্দান্ত পারফরম্যান্সে ৫-৩ গোলের জয় পেয়েছে আল নাসর।
এই হ্যাটট্রিকের মাধ্যমে পেশাদার ক্যারিয়ারে রোনালদোর মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮৫। অর্থাৎ ঐতিহাসিক ১ হাজার গোলের মাইলফলক ছুঁতে আর মাত্র ১৫ গোল প্রয়োজন ৪১ বছর বয়সী এই তারকার।
ম্যাচের দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ছন্দে ছিলেন রোনালদো। মাত্র ১৫ মিনিটের ব্যবধানে তিনটি গোল করেন তিনি। ম্যাচের ৬৬, ৭২ ও ৮১ মিনিটে জালের দেখা পান পর্তুগিজ ফরোয়ার্ড। এটি তার পেশাদার ক্যারিয়ারের ৬৮তম হ্যাটট্রিক।
রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের সাবেক এই তারকা দীর্ঘদিন ধরেই ক্যারিয়ারের ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার লক্ষ্যে খেলছেন। বয়স ৪১ হলেও গোল করার ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি। ঐতিহাসিক সেই অর্জনের পথে এখন শেষ ১৫ গোলের অপেক্ষা।
এদিকে আল খোলুদের বিপক্ষে এই জয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে আল নাসর। দলটির বর্তমান পয়েন্ট ২৮।