স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে সিরিজ খেলেই রেকর্ড লাভের মুখ দেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ২০২৫-২৬ অর্থবছরে ৪০২৪ কোটি টাকা লাভ করেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড, যা তাদের ইতিহাসে সর্বোচ্চ। এই আয়ের বড় কারণ রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ঘিরে দর্শকদের আগ্রহ। তবে আগামী দুই বছরে ভারতের বিপক্ষে সিরিজ না থাকায় সম্প্রচারস্বত্ব থেকে আয় কমে যাওয়ার আশঙ্কায় রয়েছে সিএ।
সম্প্রতি প্রকাশিত বার্ষিক আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, আগের অর্থবছরের তুলনায় ক্রিকেট অস্ট্রেলিয়ার লাভ বেড়েছে ৫৪২ কোটি টাকা। ভারতীয় ক্রিকেটের বিপুল বাজারমূল্য ও দর্শক আগ্রহ যে অস্ট্রেলিয়ার ক্রিকেটের আয়ের অন্যতম বড় উৎস, এই হিসাবেই তা স্পষ্ট। --- সংবাদপ্রতিদিন
গত অর্থবছরে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে অস্ট্রেলিয়া। ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা রোহিত ও বিরাটকে শেষবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে দেখতে দর্শকদের মধ্যে ছিল বাড়তি আগ্রহ। সেই আগ্রহ থেকেই বড় অঙ্কের আয় করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
অন্যদিকে, ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজেও প্রত্যাশিত আয় হয়নি অস্ট্রেলিয়ার। গত বছর সিরিজের দুটি টেস্ট শেষ হয়ে যায় মাত্র দুই দিনে। ফলে মোট ছয় দিনের খেলা মাঠে গড়ায়নি। এতে প্রায় দেড় কোটি টাকা আর্থিক ক্ষতির মুখে পড়ে সিএ।
সামনে পরিস্থিতি আরও কঠিন হতে পারে বলে আশঙ্কা অস্ট্রেলিয়ার ক্রিকেট কর্তাদের। আগামী দুই বছরে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার কোনো সিরিজের সূচি এখনো ঘোষণা করা হয়নি। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের আগে ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরের সম্ভাবনাও কম।
ভারতের বিপক্ষে সিরিজ না থাকলে সম্প্রচারস্বত্বের মূল্য কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। সে কারণে সম্প্রচারকারী সংস্থাগুলো চুক্তির অঙ্ক কমানোর উদ্যোগ নিতে পারে। ভারতীয় ক্রিকেটের বাজারমূল্যের ওপর নির্ভরশীলতা যে শুধু ছোট বোর্ডগুলোর নয়, অস্ট্রেলিয়ার মতো আর্থিকভাবে শক্তিশালী বোর্ডের জন্যও গুরুত্বপূর্ণ—ক্রিকেট অস্ট্রেলিয়ার আয়-ব্যয়ের হিসাব যেন সেই বাস্তবতাই তুলে ধরছে।