স্পোর্টস ডেস্ক : পর্তুগালের কাছে হারলেও ইন্দোনেশিয়ার বিপক্ষে পয়েন্ট আদায় করেছে বাংলাদেশ। আজারবাইজানের বাকুতে অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের বাছাইপর্বে ‘জি’ গ্রুপের ম্যাচে রোববার ইন্দোনেশিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বায়েজিদ-আজিমরা। এর আগে দিনের প্রথম ম্যাচে পর্তুগালের কাছে ৩-১ গোলে হারে বাংলাদেশ।
পর্তুগালের বিপক্ষে অবশ্য দারুণ শুরু করেছিল বাংলাদেশ। ম্যাচের প্রথম মিনিটেই মোহাম্মদ বায়েজিদের গোলে এগিয়ে যায় দল। তবে পরে দুটি আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। পর্তুগালের হয়ে অন্য গোলটি করেন রুবেন কুইরোজ।
ইন্দোনেশিয়ার বিপক্ষেও শুরুতে এগিয়ে যায় বাংলাদেশ। অষ্টম মিনিটে গোল করেন বায়েজিদ। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে সমতায় ফেরে ইন্দোনেশিয়া। বিরতির পর আর কোনো দল গোল করতে না পারায় ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।
এ নিয়ে তিন ম্যাচে দুটি ড্র করল বাংলাদেশ। ওয়েলসের সঙ্গে গোলশূন্য ড্র দিয়ে আসর শুরু করেছিল দল।
কদিন আগে সিনিয়র পর্যায়ে এশিয়ান কাপে ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হেরেছিল হামজা-শোমিতদের বাংলাদেশ। বয়সভিত্তিক পর্যায়ে সেই প্রতিপক্ষের বিপক্ষে ড্র করে অন্তত পরাজয় এড়াতে পেরেছে দল।