শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ০৩ জুন, ২০২৬, ০১:০০ দুপুর
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ

নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে বাংলাদেশ

মারগাওয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ম্যাচ তখন গড়িয়েছে যোগ করা সময়ে। তা পেরিয়ে খেলা অতিরিক্ত সময়ে নেওয়া হবে বলেই মনে হচ্ছিল। কারণ দুই দল ছিল ১-১ সমতায়। ঠিক সেই মুহূর্তেই বদলি ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকার গোল বাংলাদেশকে পৌঁছে দিল শিরোপার মঞ্চে। সেমিফাইনালে নেপালকে ২-১ ব্যবধানে হারিয়ে টানা তৃতীয়বারের মতো নারী সাফের ফাইনালে উঠল বাংলাদেশ।

তবে ম্যাচের শুরুটা বাংলাদেশের জন্য মোটেও সহজ ছিল না। প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশের রক্ষণভাগকে চাপে রাখে নেপাল। ৩ মিনিটে রাশমি কুমারী এবং ৯ মিনিটে রেখা পৌডেলের শট কোনোমতে ঠেকান গোলরক্ষক মিলি আক্তার। ২৩ মিনিটে অবশ্য আর রক্ষা হয়নি। দীপা শাহীর কর্নার থেকে বক্সে বল পেয়ে ডিফেন্ডার গীতা রানা আলতো ছোঁয়ায় নেপালকে এগিয়ে দেন। ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর ৩৬ মিনিটে আরও একবার বিপদে পড়ে বাংলাদেশ। প্রীতি রাইয়ের দূরপাল্লার শট মিলি আক্তার আঙুলের ছোঁয়ায় ক্রসবারে লাগিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন।

ম্যাচের মোড় ঘোরাতে ৪০ মিনিটে দুটি পরিবর্তন আনেন বাংলাদেশ কোচ পিটার বাটলার। উমেহলা মারমা ও সৌরভী আকন্দ প্রীতির জায়গায় মাঠে নামেন শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুন। এই পরিবর্তনের পরই আক্রমণে গতি পায় বাংলাদেশ। প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে কর্নার থেকে সরাসরি গোল করে দলকে সমতায় ফেরান ঋতুপর্ণা চাকমা। ফুটবল পরিভাষায় যা ‘অলিম্পিক গোল’ নামে পরিচিত। বিরতির ঠিক আগে তাঁর আরেকটি জোরালো শট কর্নারের বিনিময়ে ঠেকান নেপালের গোলরক্ষক আঞ্জিলা সুব্বা।

দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। বিরতির পর মনিকা চাকমাকে মাঠে নামায় বাংলাদেশ। তবে ৪৭ মিনিটে আবারও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল নেপাল। বাংলাদেশের ডিফেন্ডারদের ভুলে বল পেয়ে যান রেখা পৌডেল, কিন্তু তাঁর শট গোলপোস্টে লেগে ফিরে আসে। অন্যদিকে ৬৪ মিনিটে শামসুন্নাহার জুনিয়রের ক্রস থেকে মনিকা চাকমার হেড অল্পের জন্য লক্ষ্যে রাখতে পারেননি।

৭২ মিনিটে আনিকার পরিবর্তে মাঠে নামেন সাগরিকা। বদলি হিসেবে নেমেই নেপালের রক্ষণভাগে চাপ তৈরি করেন তিনি। ৭৮ মিনিটে তাঁর জোরালো শট দুর্দান্ত দক্ষতায় ফিরিয়ে দেন আঞ্জিলা সুব্বা। ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল, তখনই আসে নির্ধারক মুহূর্ত। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে নেপালের রক্ষণভাগের ফাঁক কাজে লাগিয়ে গোল করেন সাগরিকা। ডান প্রান্ত দিয়ে পাসটি আসে শামসুন্নাহারের পা থেকে। সাগরিকার সেই গোলেই টানা তৃতীয় শিরোপার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ।

 

  • সর্বশেষ