শিরোনাম
◈ আইসি‌সি‌তে কানাডার সদস্যপদ স্থগিত, ত‌বে খেলায় অংশ নি‌তে পার‌বে  ◈ ইউরোপের বাকস্বাধীনতা বিতর্ক: কার জন্য স্বাধীনতা, কার জন্য শাস্তি? ◈ তিন কোটি খুচরা ব্যবসায়ীকে করের আওতায় আনছে এনবিআর ◈ বাংলা‌দেশ দ‌লের অ‌ধিনায়ক জ্যো‌তি রোমাঞ্চকর বিশ্বকাপ যাত্রার অপেক্ষায়   ◈ বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন ◈ লেবাননের হিজবুল্লাহর হামলায় ধ্বংস ইসরাইলের আয়রন ডোম ◈ সরকারের বিরুদ্ধে এখনও চক্রান্তের জাল বিস্তার করার চেষ্টা চলছে: রিজভী  ◈ ধর্ষণ করি নাই, শুধু লাশ কেটেছি, ধর্ষণ করেছে ডলার, মেয়েটাকে এনে দিলে দুই লাখ টাকা দিবে: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল ◈ পুনরায় ওমরাহ ভিসার আবেদন গ্রহণ ও ইস্যু কার্যক্রম শুরু করেছে সৌদি আরব ◈ ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা ফের সচল ইরানের ‘মিসাইল সিটি’, ইরানকে থামানো কতটা কঠিন তা দেখাল নতুন তথ্য

প্রকাশিত : ০১ জুন, ২০২৬, ১০:০৩ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ১০:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইসি‌সি‌তে কানাডার সদস্যপদ স্থগিত, ত‌বে খেলায় অংশ নি‌তে পার‌বে 

স্পোর্টস ডেস্ক : আহমেদাবাদে গত রোববার (৩১ মে) অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভায় বেশ কিছু যুগান্তকারী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় খবর হলো, সদস্যপদের শর্ত ও নিয়মাবলি গুরুতরভাবে লঙ্ঘন করায় ক্রিকেট কানাডাকে তাৎক্ষণিকভাবে স্থগিত (সাসপেন্ড) করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

আইসিসি জানিয়েছে, ক্রিকেট কানাডার প্রশাসনিক ও গভর্ন্যান্সের ঘাটতিগুলো খতিয়ে দেখতে একটি ‘নরমালাইজেশন কমিটি’ গঠন করা হয়েছে এবং তাদের পুনর্বহালের জন্য কিছু শর্ত বেঁধে দেওয়া হবে। তবে বোর্ডের এই প্রশাসনিক জটিলতার কারণে খেলোয়াড়রা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য কানাডার জাতীয় দলগুলো আইসিসির ইভেন্টগুলোতে অংশ নিতে পারবে। এমনকি আইসিসির নিজস্ব তত্ত্বাবধানে তাদের জন্য ফান্ডের ব্যবস্থাও চালু থাকবে।

বোর্ড সভায় টেস্ট ক্রিকেটে সময় নষ্ট রোধ করতে একটি দারুণ প্রস্তাবের পরীক্ষামূলক ট্রায়ালের অনুমোদন দেওয়া হয়েছে।

এখন থেকে টেস্ট ম্যাচ চলাকালীন আলো কমে গেলে বা খারাপ আলোর আশঙ্কা থাকলে, অংশগ্রহণকারী দুই দলের সম্মতিতে ঐতিহ্যবাহী লাল বলের পরিবর্তে ‘গোলাপি বল’ ব্যবহার করা যাবে। এছাড়া আলোর স্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়া আরও কমিয়ে আনতে এমসিসির সঙ্গে যৌথভাবে লাইটিং প্রযুক্তির গবেষণায় অর্থায়নের পরিকল্পনাও নিশ্চিত করেছে আইসিসি।

সহযোগী দেশগুলোর ক্রিকেটের প্রতি বিশ্বজুড়ে ক্রমবর্ধমান দর্শকপ্রিয়তা ও আগ্রহের কথা বিবেচনা করে পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও ‘গ্লোবাল কোয়ালিফায়ার’ ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৬ দলের এই গ্লোবাল কোয়ালিফায়ারের প্রতিযোগিতা কাঠামো এবং বাছাইপর্বের পথ চূড়ান্ত করার জন্য ম্যানেজমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া প্লেয়িং কন্ডিশনে একঝাঁক বড় পরিবর্তন এনেছে আইসিসি।

লেগ-সাইড ওয়াইড: বোলার বল ছোড়ার মুহূর্তে ব্যাটারের অবস্থানের ওপর ভিত্তি করে লেগ-সাইডের ওয়াইড নির্ধারণের পরীক্ষামূলক নিয়মটি এবার স্থায়ীভাবে চালু করা হলো।

বোলিং অ্যাকশন যাচাই: ম্যাচ অফিশিয়ালরা এখন থেকে সন্দেহভাজন অবৈধ বোলিং অ্যাকশনের রিপোর্ট বিবেচনার ক্ষেত্রে সরাসরি ‘হক-আই’ ডেটা ব্যবহার করতে পারবেন।

ড্রিংকস ব্রেকে কোচের পরামর্শ: ম্যাচ চলাকালীন নির্ধারিত ড্রিংকস ব্রেকে দলের প্রধান কোচ বা তাদের মনোনীত প্রতিনিধিরা মাঠে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে কৌশলগত বিষয়ে কথা বলতে পারবেন।

টি-টোয়েন্টিতে বিরতি: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে এখন থেকে ১৫ মিনিটের বাধ্যতামূলক ইনিংস বিরতি বা ইন্টারভাল থাকবে।

২০২৭ সালের আইসিসি নারী চ্যাম্পিয়নস ট্রফিটি আগের জুন-জুলাই উইন্ডো থেকে সরিয়ে আগামী বছরের ১৪-২৮ ফেব্রুয়ারিতে নতুন সূচিতে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া চলতি ২০২৬ সালেই ৫টি পূর্ণাঙ্গ সদস্য ও ৫টি সহযোগী দেশ নিয়ে মোট ১০ দলের ‘উইমেনস ইমার্জিং নেশনস ট্রফি’ চালু করা হবে। ২০২৮ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে ১০ দলের গ্লোবাল কোয়ালিফায়ার থেকে ১২ দলের মূল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এই বিশ্বকাপের আয়োজক পাকিস্তান হলেও, ভারতের ম্যাচগুলো একটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হবে।

এদিকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ শাসনব্যবস্থা এবং সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনি প্রক্রিয়া ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করতে আইসিসি প্রতিনিধি ড. মোহাম্মদ মুসাজি এবং তাভেংওয়া মুকুলানি বাংলাদেশে এসেছেন। অন্যদিকে, শ্রীলঙ্কার পরিস্থিতি মূল্যায়নে আইসিসি ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা এবং বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ইতিমধ্যেই অংশীজনদের সঙ্গে বৈঠক করেছেন।

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অতিরিক্ত আধিপত্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেটের ক্যালেন্ডারের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর কীভাবে আরও ভালো সমন্বয় করা যায়, তা খতিয়ে দেখতে একটি বিশেষ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়