শিরোনাম
◈ জুলাই সনদের কোনো আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ লাগেজ চুরি ঠেকাতে লাইভ নজরদারি, কতটা স্বস্তিতে যাত্রীরা? ◈ এশিয়া কাপের জন‌্য অনূর্ধ্ব-১৯ স্কোয়াড ঘোষণা করলো বি‌সি‌বি ◈ চারদিনেই ও‌য়েস্ট ইন্ডি‌জের কা‌ছে টেস্ট হারলো বাংলাদেশ ◈ মাজার বস্তিতে যাওয়ার আগে ২৭ অক্টোবর রাতে উত্তরার নেস্ট বারে দেড় ঘণ্টা ছিলেন নারীসহ তাহফিস সাউরি(ভিডিও) ◈ তাহসিফ হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ, বললেন ‘আমি ফুললি স্ট্রং’ ◈ ১১ দলের লংমার্চে যাননি নাহিদ, জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়ছে এনসিপির? ◈ ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদসহ ৭ কর্মকর্তা বরখাস্ত, বাধ্যতামূলক অবসরে ১ ◈ মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকার বেশি নয়, অতিরিক্ত নিলেই কঠোর ব্যবস্থা ◈ ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে মিরপুরে ফের সড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৬, ০৯:২৪ রাত
আপডেট : ৩১ অক্টোবর, ২০২৬, ০৯:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরোধী দলের বিরুদ্ধে সরকার ও বিএনপিকে বিব্রত করার অভিযোগ, অপকর্ম করলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি মির্জা আব্বাসের

মনিরুল ইসলাম : বিএনপি এখনো রাজপথে সক্রিয়ভাবে নামেনি উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস বলেছেন, বিএনপি মাঠে নামলে বিরোধীদের পালানোর পথ থাকবে না। সরকার ও বিএনপিকে তথাকথিত বিরোধী দল বিভিন্নভাবে বিব্রত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহজাহানপুরে ঢাকা-৮ সংসদীয় এলাকার শাহজাহানপুর, মতিঝিল, পল্টন, শাহবাগ ও রমনা থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘অনেকেই অনেক কিছু ভাবছেন। কিন্তু বিএনপি এখনো মাঠে নামে নাই। বিএনপি মাঠে নামলে কিন্তু পালানোর পথ পাবে না।’

দেশের সামগ্রিক উন্নয়ন ও জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, স্বাধীনতার এত বছর পেরিয়ে গেলেও বাংলাদেশ এখনো কোমর সোজা করে দাঁড়াতে পারেনি। এ অবস্থায় অযথা বিরোধিতা না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করতে হবে। সরকারকে সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি।

Advertisement

জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে বিএনপির এই নেতা বলেন, এক শ্রেণির লোক নিজেদের সাংগঠনিক শক্তি না থাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে বিভিন্ন জায়গায় মিছিল-মিটিং করার চেষ্টা করছে। এর মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে।

তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম ও রাজনীতি করার অধিকার সবার রয়েছে। তবে রাজনৈতিক কর্মকাণ্ডের নামে কেউ অপকর্ম করলে বিএনপির নেতাকর্মীরা তা মেনে নেবে না। এ ধরনের কর্মকাণ্ড শক্ত হাতে প্রতিহত করা হবে।

ভারত থেকে আওয়ামী লীগের কয়েকজন নেতার দেশে ফিরে বিভিন্ন এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টার বিষয়েও বক্তব্য দেন মির্জা আব্বাস। তিনি অভিযোগ করেন, বিএনপির ভেতরের কিছু লোভী ব্যক্তি অর্থের বিনিময়ে তাদের আশ্রয় দেওয়ার চেষ্টা করছেন।

তিনি বলেন, আওয়ামী লীগের দোসর কিংবা শত্রুপক্ষের মিত্রদের সঙ্গে আঁতাতকারীদের বিএনপিতে কোনো জায়গা হবে না। এ ধরনের ব্যক্তিদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। ক্ষমতায় আসার পর অনেকে নিজেদের অবস্থান ও পরিচয় বদলে বিএনপির পরিচয় ধারণ করেছেন বলেও মন্তব্য করেন তিনি। তাদেরও কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন।

সভায় আরও বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

  • সর্বশেষ