ঠাকুরগাঁও প্রতিনিধি : চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ঠাকুরগাঁওয়ের ৯টি কলেজ থেকে পাস করতে পারেনি কোনো শিক্ষার্থীই। এসব প্রতিষ্ঠানের মোট ৩৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও অকৃতকার্য হয়েছে সবাই।
শূন্য পাসের তালিকায় রয়েছে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর মহিলা কলেজের ৭ জন এবং কদমরসুল হাট স্কুল অ্যান্ড কলেজের ৯ জন পরীক্ষার্থী।
এছাড়া বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী স্কুল অ্যান্ড কলেজের ১২ জন, মোড়লহাট জনতা স্কুল অ্যান্ড কলেজের একজন এবং রতœাই বগুলাবাড়ি স্কুল অ্যান্ড কলেজের একজন , পীরগঞ্জ উপজেলার একটিয়াপুর শহীদ সালাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের দুই জন, রাণীশংকৈল উপজেলার ধুলঝাড়ি স্কুল অ্যান্ড কলেজের দুই জন, গোগড় কলেজের দুই জন এবং রাউতনগর স্কুল অ্যান্ড কলেজের দুই জন পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাস করতে পারেনি।
সব মিলিয়ে জেলার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৮ জন পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেনি। এসব প্রতিষ্ঠানের ফলাফল নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
জেলা শিক্ষা অফিসের তথ্যমতে, এবারে জেলায় পাসের হার ৪৫ দশমিক ০৩ শতাংশ। মোট পরীক্ষায় অংশ নেয় ৯ হাজার ৮৫৭ জন। পাস করেছেন ৪ হাজার ৪৩৯ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৭৮ জন।
এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঠাকুরগাঁওয়ের সাধারন সম্পাদক শাহ মো: নাজমুল অইসলাম জানান, করনাকালীন সময়ে শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে একটি অলসতা চলে এসেছিলো যা এখনো রয়ে গেছে। এছাড়া শিক্ষার্থীদের মোবাইল আসক্তি তো রয়েছেই। শতভাগ পাশ করতে গেলে ক্লাসে উপস্থিতি ও পাঠদান শতভাগ করতে হবে আগে ।
জেলা শিক্ষা কর্মকর্তা শাহিন আখতার বলেন, প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্ত নয়, কাগজে কলমে টিকে রয়েছে। তবে ফল বিপর্যয় নিয়ে মাউশি’কে লিখিত প্রতিবেদন পাঠানো হবে। তবে কি কারণে ফলাফলে বিপর্যয় ঘটেছে তা পর্যালোচনা করা হবে। পরে যাতে এমন না হয় সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।